বর্তমানে নগরজীবনে যানজট সমস্যা ভয়াবহ। এ সমস্যা সমাধানে বিজ্ঞানীরা নতুন একটি ট্রাফিক-ব্যবস্থার কথা বলেছেন, যাতে গাড়ির জট কমে যাতায়াতে ৪০ থেকে ৬০ শতাংশ সময় সাশ্রয় হবে। সমাধানটি এসেছে প্রকৃতির কাছ থেকে। ভার্চুয়াল ট্রাফিক লাইট নামে এ ব্যবস্থার ভিত্তি পিঁপড়ার যোগাযোগপদ্ধতি। সমাধানটি বের করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নিজ মেলন বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ব্যবস্থার গবেষক ওজান টনগাজ ও তাঁর সহকর্মীরা। ট্রাফিক সমস্যার সমাধান করতে গিয়ে গবেষক দল পিঁপড়া, মৌমাছি, ঘুণপোকা, পাখি ও মাছের যোগাযোগপদ্ধতি পর্যবেক্ষণ করেন। তাঁরা দেখতে পান, মানুষ যা করতে পারে না, তা-ই করেছে পিঁপড়া। পিঁপড়া যেভাবে তাদের গতিপথ নিয়ন্ত্রণ করে, তা মানুষের তৈরি ট্রাফিক-ব্যবস্থার চেয়ে বেশি কার্যকর। পিঁপড়ার গতিপথ অনুসরণ করে তাঁরা ভেহিকেল টু ভেহিকেল কমিউনিকেশন (ভিটুভি) পদ্ধতি বের করেন। এ পদ্ধতি কাজ করে ডিএসআরসি (ডেডিকেটেড শর্ট রেঞ্জ কমিউনিকেশন) প্রযুক্তিতে। ডিএসআরসি হলো স্বল্প দূরত্বে কাজ করে এমন একটি যোগাযোগব্যবস্থা। এখানে প্রতিটি গাড়ি নিজেই ট্রাফিক-ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে। ট্রাফিক বাতি থাকবে গাড়ির মধ্যেই। তাই আলাদা করে ট্রাফিক বাতিরও প্রয়োজন হবে না। ভিটুভি পদ্ধতিতে প্রতিটি মোড়ে গাড়িগুলো তাদের মধ্যে তথ্য আদান-প্রদান করবে। এ তথ্যের মধ্যে রয়েছে তাদের নম্বর এবং গতিপথ। যেদিকে গাড়ির সংখ্যা বেশি হবে, সেগুলোর মধ্যে সবুজ বাতি জ্বলে উঠবে। অপরদিকে অন্য গাড়িগুলোর মাঝে জ্বলবে লাল বাতি। সবুজ বাতির গাড়িগুলো চলে যাবে আর লালবাতির গাড়িগুলো অপেক্ষা করবে। বর্তমানে গবেষক দলটি ট্রাফিক-ব্যবস্থায় পথচারী এবং সাইকেল আরোহীদেরও অন্তর্ভুক্ত করার নকশার কাজ করছে। আগামী বছর থেকে বড় পরিসরে এ ট্রাফিক-ব্যবস্থা নিয়ে পরীক্ষা করা হবে। নিউ সায়েন্টিস্ট।