পথশিশুদের 'আলোকবর্তিকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডার পরিচালিত আলোকবর্তিকা বিদ্যালয়ে পাঠ নিচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা l প্রথম আলো
স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডার পরিচালিত আলোকবর্তিকা বিদ্যালয়ে পাঠ নিচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা l প্রথম আলো

জনা বিশেক শিশু। বয়স কত হবে? বড়জোর আট থেকে এগারো। এরা পথশিশু। কেউ কুড়ায় পলিথিন, কেউবা বোতল। যা আয় হয়, তা দিয়ে চলে পেট। আর রাত নামলে রাস্তার পাশে শয্যা পেতে ঘুমের আয়োজন। এভাবেই চলছে দিনের পর দিন। এই অভাবের জীবনে লেখাপড়া? কখনো সেই চিন্তাই আসেনি তাদের মনে। তবে দিন পাল্টাচ্ছে। এখন তারা স্বপ্ন দেখছে, ‘লেখাপড়া করে বড় হয়ে চাকরি করব’।
তাদের স্বপ্ন দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডার। কক্সবাজারের চকরিয়া পৌর শহরে চলে এই সংগঠনের কার্যক্রম। অন্যান্য সামাজিক কাজের পাশাপাশি ১ মে থেকে পৌর শহরের চকরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটি চালু করেছে পথশিশুদের পাঠশালা ‘আলোকবর্তিকা’। এখানে সপ্তাহে দুই দিন—বৃহস্পতি ও শুক্রবার পাঠদান করানো হচ্ছে। বিনা মূল্যে দেওয়া হচ্ছে শিক্ষা উপকরণ—বই, খাতা ও পেনসিল।
২০১০ সালের ১ মে ১০ জন কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ গঠন করেন পিস ফাইন্ডার। লক্ষ্য সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা। বর্তমানে এর সদস্যসংখ্যা শতাধিক। কারও সাহায্য নয়, নিজেদের চাঁদায় তাঁরা চালান নানা কার্যক্রম।
সংগঠনের প্রতিষ্ঠাতা আদনাম রামিম জানান, এটি তাঁদের নতুন উদ্যোগ। এ ছাড়া প্রতিবছর নিয়মিতভাবে পথশিশুদের মধ্যে শীতবস্ত্র, কাপড় ও খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পঙ্গু ব্যক্তিদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।
আদনাম রামিম আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজের। পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে না পারলে একদিন তারা জীবিকার তাগিদে জড়িয়ে পড়বে নানা অপরাধে। তখন আমরাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হব। তাই নিজেদের প্রয়োজনে হলেও তাদের আলোর পথে আনতে হবে।’
১ মে বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম ও চকরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান।
এ কে এম গিয়াস উদ্দিন বলেন, ‘ভাগ্যবিড়ম্বনার শিকার হয়ে প্রতিনিয়তই একেকটি শিশু হয়ে উঠছে পথশিশু। তারা ক্ষুধার জ্বালায় বই ছেড়ে কর্মসংস্থানের খোঁজে পথে নামতে বাধ্য হয়। তাদের শিক্ষার আলোয় আনতে তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’
কথা হয় পাঠশালায় পড়তে আসা ১১ বছরের শিশু মো. সাইফুল ইসলামের সঙ্গে। সে বলে, ‘বাবা মাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করেছে। আর মাও আবার বিয়ে করেছে। কোথাও আমার জায়গা হয়নি। চার বছর ধরে সারা দিন কাগজ ও বোতল কুড়িয়ে ৪০-৫০ টাকা আয় হয়। তা দিয়ে হোটেল থেকে খাবার কিনে খাই।’
আরেক শিশু জাহেদ (১০)। তাঁর মা–বাবা নেই। মারা গেছেন দুই বছর আগে। চাচার ঘরে কয়েক মাস থাকার পর তাঁদের কাছে বোঝা হয়ে ওঠে শিশুটি। চলে নির্যাতন। তাই সে চাচার ঘর ছেড়ে এখন পথে। সারা দিন এদিক-ওদিক ছুটে কাজ করে দুই মুঠো ভাত খেতে পারলেই তার শান্তি। জাহেদ বলে, ‘আমি এখানে পড়ালেখা শিখব। তারপর কোনো একটি দোকানে চাকরি নেব।’
চকরিয়ায় পথশিশুদের জন্য পাঠশালা হওয়ায় তাজ তুহিন নামের এক তরুণ উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘রাষ্ট্রযন্ত্র-সমাজপতিরা বা আমি-আপনি পথশিশুদের এড়িয়ে চললেও কিছু তরুণ ঠিকই তাদের নিয়ে ভেবে চলছে। তাদের নতুন মিশন, পথশিশুদের অন্ধকার মনে আলোর শিখা প্রজ্বলন করা। তারা হাজির হয়েছে আলোকবর্তিকা হাতে।’