পথে ট্রাক থামিয়ে পণ্য উঠানামা
নগরের বিভিন্ন বাণিজ্যিক এলাকার সড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, পিক-আপ ভ্যান ও ঠেলাগাড়ি থামিয়ে পণ্য উঠানো-নামানো হচ্ছে অবাধে। ঘণ্টার পর ঘণ্টা এসব গাড়ি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দাঁড়িয়ে থাকার ফলে সংশ্লিষ্ট সড়কে নিয়মিত যানজট লেগে থাকে। এতে পথ চলাচলে নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করার ক্ষেত্রে পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিন নূর আহমদ সড়কের কাজির দেউড়ি থেকে জুবিলি রোডের তিনপুলের মাথা পর্যন্ত ঘুরে দেখা যায়, এ দুই সড়কের উভয় পাশে দুই-তিন ফুট পরপর ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িতে পণ্য উঠানো-নামানো হচ্ছে। স্থানীয় দোকানগুলো থেকে গ্রাহকদের ঘরে মালামাল পৌঁছে দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে অনেক মিনিট্রাক। জানা যায়, জুবিলি রোড ও নূর আহমদ সড়কের উভয় পাশে স্যানিটারি, মোজাইক, টাইলস, হার্ডওয়্যার, ফোম, আসবাবসামগ্রী ও যন্ত্রাংশের ছোট বড় প্রায় দুই হাজার দোকান রয়েছে। এসব দোকানে কয়েক কোটি টাকার পণ্য বেচাকেনা হয়। এ ছাড়াও গত কয়েকদিনে নগরের কাজির দেউড়ি, লাভ লেন, এনায়েত বাজার, তিনপুলের মাথা, স্টেশন রোড, আগ্রাবাদ, চকবাজার ও সোহরাওয়ার্দী সড়ক ঘুরে দেখা যায় প্রায় একই চিত্র। অনেক সড়কের ফুটপাতে মালামাল রেখে পথচারীদের হাঁটার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সড়ক দখল করে পণ্য উঠানো-নামানোর ফলে যানজট সৃষ্টি ও নাগরিক ভোগান্তি সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে জুবিলি রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শের মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘নূর আহমদ সড়ক ও জুবিলি রোডের উভয় পাশে যত ব্যবসাপ্রতিষ্ঠান বা বাণিজ্যিক ভবন রয়েছে তার অধিকাংশই পাকিস্তান আমলে নির্মিত। গাড়ি রাখার জন্য এসব ভবনে পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। ফলে সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে মালামাল উঠানো-নামানোর বিকল্প নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতিপূর্বে রাস্তা যেটুকু সম্প্রসারণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম। তাই যানজট ও নাগরিক ভোগান্তি কমছে না। তবে আমরা কম সময়ে পণ্য সরবরাহ দেওয়ার চেষ্টা করি।’ একই রকম মন্তব্য করেছেন বাংলাদেশ মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন। তিনি জানান, নূর আহমদ সড়কের লাভ লেন পর্যন্ত প্রস্থ প্রায় ৮০ ফুট (ফুটপাত, সড়ক বিভাজকসহ)। এর মধ্যে উভয় পাশে ফুটপাত রয়েছে ১৫ ফুট করে ৩০ ফুট। বিভাজক রয়েছে চার-ছয় ফুট। কর্তৃপক্ষ এ সড়কের ফুটপাত ও সড়ক বিভাজক ছোট করে গাড়ি রাখার (পার্কিং) ব্যবস্থা করলে যানজট ও নাগরিক যন্ত্রণা অনেকটা কমত বলে তিনি মন্তব্য করেন। নূর আহমদ সড়কের তাজ অ্যান্ড কোম্পানির বিক্রয়কর্মী আনোয়ার আলী বলেন, ‘তিন-চার মাস ধরে প্রায় প্রতিদিন সড়কের একাংশ দখল করে সকাল-সন্ধ্যা অসংখ্য মিনিট্রাক ও পিকআপ অযথা দাঁড়িয়ে থাকে। এ কারণেও সড়কে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় ও সন্ধ্যায় তীব্র যানজট সৃষ্টি হয়।’ এভাবে সড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যানজট ও পথচারীদের ভোগান্তির কথা স্বীকার করে মিনিট্রাকচালক মোহাম্মদ রফিক বলেন, ‘টহল পুলিশ ও ট্রাফিক পুলিশকে নিয়মিত কিছু টাকা দিয়ে আমরা গাড়ি রাখি।’ তাঁর কথার সঙ্গে সুর মেলালেন আরেক মিনিট্রাকচালক অমল দত্ত। শেখ মুজিব সড়কের অগ্নিনির্বাপণকেন্দ্রের দক্ষিণ পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকও নাম প্রকাশ না করে বলেন, ‘পুলিশকে ম্যানেজ করে আমরা ব্যবসা করছি।’ পুলিশকে বশ করা বা টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নই ওঠে না। রাস্তায় কোনো রকম যানবাহন দাঁড় করিয়ে রাখা যাবে না—পুলিশকে এমন নির্দেশ দেওয়া আছে। পুলিশ টাকা নিচ্ছে—এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ নগর পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ বলেন, ‘বাণিজ্যিক এলাকার অধিকাংশ বিপণিকেন্দ্রের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। তবুও ব্যবসায়ী নেতাদের যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে সবসময় তাগাদা দিই।’