পথে পথে অপচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের থিয়েটার ইনস্টিটিউটের সামনে একটি ভ্যানে ওষুধের পসরা সাজিয়ে বসেছেন এম এ খান আবদুল্লাহ। তিনি দন্ত, চর্ম ও যৌনরোগের চিকিৎসক বলে নিজের পরিচয় দিচ্ছিলেন। একটি মাইকে তিনি তাঁর ওষুধের গুণাবলি বর্ণনা করে বক্তব্য দিচ্ছিলেন। উৎসুক পথচারীরা কেউ কেউ তাঁর ওষুধও কিনছিলেন।কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রশস্ত্রআঙিনায় জোঁকের মেলা বসিয়েছেন আইয়ুব আলী। টেবিলের ওপর সাজানো কাচের বোতলে শোভা পাচ্ছিল জোঁক। টেবিলের নিচে বড়সড় একটি গামলায়ও জোঁক কিলবিল করছিল। হ্যান্ডমাইকে জোঁকের তেলের গুণাগুণ করছিলেন তিনি উত্তেজক ভাষায়। এখানে লোকজনের ভিড় অপেক্ষাকৃত বেশি। জোঁকের গুণগান গাইতে গাইতে তেলও বিক্রি করছিলেন তিনি। কী করেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যৌনরোগের চিকিৎসক।’কাছাকাছি জায়গায় বিভিন্ন উপকরণ মিশিয়ে ওষুধ তৈরি করছিলেন মাহবুবুর রহমান। তিনি গ্যাস্ট্রিক, হজমের গোলযোগ ও যৌনশক্তি বাড়ানোর ওষুধ বানান বলে জানালেন। কী করে, কার কাছ থেকে এমন ওষুধ বানানো শিখেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ওষুধ বানাই। তাই কোনটার সঙ্গে কী মেশালে রোগ সারে, সেটা ভালো করেই জানি। এসবে আমার ভুল হয় না।’নগরের সিনেমা প্যালেস থেকে শুরু করে থিয়েটার ইনস্টিটিউট পর্যন্ত এ রকম অনেক পথচিকিৎসকের দেখা মিলবে প্রতি সন্ধ্যায়। তাঁদের মধ্যে কেউ কেউ নিজের উদ্ভাবিত ওষুধ, কেউ বা বেনামি কোম্পানির মলম ও দাঁতের মাজন বিক্রি করেন। কেউ বা সর্বরোগে কার্যকর বিভিন্ন আংটিও বিক্রি করেন।শুধু এই এলাকাই নয়, নগরের বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, সিঅ্যান্ডবি কলোনি, জিইসি মোড়, আন্দরকিল্লা, লালদিঘীর পাড়, আদালত ভবনসহ বিভিন্ন অলিগলিতে চলছে পথচিকিৎসা।জানতে চাইলে স্বঘোষিত বিশেষজ্ঞ চিকিৎসক এম এ খান আবদুল্লাহ তাঁর একটি ভিজিটিং কার্ড্রদেখিয়ে বলেন, ‘আমি শুধু পথেই চিকিৎসা করি না। আমার চেম্বারও আছে। আমি একজন হোমিও চিকিৎসক।’জোঁকের তেল বিক্রেতা আইয়ুব আলী জানান, ‘এই এলাকায় আমি ১৯ বছর ধরে ব্যবসা করি। যদি আমার ওষুধে কাজ না হতো, তাহলে আমি ব্যবসা করতে পারতাম না।’নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা শহীদুল সারোয়ার জানান, রাস্তাঘাটে এসব পথচিকিৎসকের বিভিন্ন যৌন উত্তেজক কথাবার্তা অস্বস্তির জন্ম দেয়। পরিবার নিয়ে চলাফেরা করার সময় বিব্রত হতে হয়। এ ছাড়া শ্রমজীবী মানুষ এঁদের দ্বারা প্রতারিত হচ্ছে।চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব এ বিষয়ে জানান, পথচিকিৎসকদের ওষুধ ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। এসব টোটকা ওষুধে জীবনও বিপন্ন হতে পারে। হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ ধরনের পথচিকিৎসকের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবে অভিযান দিনের বেলায় হওয়াতে এদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এদের বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে।’