
‘গুগল বাস বাংলাদেশ’ শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট দক্ষতা বাড়ানোর একটি প্রকল্প। ১২ নভেম্বর যাত্রা শুরু হওয়া এই কার্যক্রম চলবে সারাদেশের ৩৫টি এলাকার নির্বাচিত ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
‘গুগল বাস বাংলাদেশ’ শুধুই একটি বাহন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে গুগলের বিভিন্ন পণ্যের ব্যবহার ও ইন্টারনেট দক্ষতা বাড়ানোর একটি প্রকল্প। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ১২ নভেম্বর। এর মাধ্যমে বছরব্যাপী সারা দেশের ৩৫টি এলাকার নির্বাচিত ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হবে। আর এই প্রশিক্ষণ কার্যক্রমের নামই হচ্ছে গুগল বাস। এরই মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, তেজগাঁও কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবিএটি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যেই হাজির হয়েছে গুগল বাস।
গুগল বাস বাংলাদেশে প্রশিক্ষক ও ব্র্যান্ড প্রোমোটর হিসেবে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। প্রকল্পের পরিচালন ও প্রশিক্ষণ সমন্বয়ক সাজিদুর রহমান বলেন, ‘ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’ কার্যক্রমে অংশ নিয়ে অভিভূত প্রশিক্ষকেরাও। প্রশিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী গাজী মো. ইব্রাহিম খলিল বলেন, ‘কাজটার সঙ্গে যুক্ত হওয়াটা আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। প্রশিক্ষণ দিতে গিয়ে আমি প্রতিনিয়ত নতুন কিছু শিখছি।’ তাঁর সঙ্গে যোগ করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সৈয়দা মোমেকা মোনোয়ার, ‘প্রথমে আমি কাজটি নিয়েছিলাম ইন্টার্নশিপ হিসেবে। কিন্তু প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার পর থেকে আমি মুগ্ধ হয়েছি, এখন গুগল বাসে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু প্রশিক্ষক কিংবা ব্র্যান্ড প্রোমোটর নয়, এই প্রকল্পের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হচ্ছে তরুণদের হাত ধরে। ৪০ মিনিটের প্রশিক্ষণ কার্যক্রমে গুগলের বিভিন্ন পণ্য ও সেবা যেমন: গুগল সার্চ, ক্রোম, ডকস, গুগল হ্যাঙ্গআউট, গুগল কমিউনিটিস, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি ছাড়াও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ধারণা দেবেন এই তরুণ প্রশিক্ষকেরা। তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে প্রতি সেশনে ৫০ জন করে শিক্ষার্থীর অংশ নেওয়ার সুযোগ থাকে। প্রকল্পের কমিউনিটি পরামর্শক আরিফ নিজামী বলেন, ‘প্রশিক্ষণের পাশাপাশি কুইজ, ইউটিউব ভিডিও সম্পাদনা, সেলফিসহ ইন্টারনেটভিত্তিক নানা প্রতিযোগিতাও চলবে বছরজুড়ে।’
মূল প্রশিক্ষণ কার্মশালার পাশাপাশি ক্যাম্পাসে হাজির হবে একটি শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল গুগল বাস। এই গুগল বাসের কার্যক্রম ও গঠনশৈলী সম্পর্কে বাসটির নকশাকারী দলের অন্যতম সদস্য ধ্রুব অন্তর বলেন, ‘বাসটি নির্মাণের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি একজন শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করার বিষয়টি। কারণ, পাঁচ মিনিটের অভিজ্ঞতা নিতে একসঙ্গে ৩০ জন শিক্ষার্থী উঠতে পারবেন এই বাসে। এর মধ্যেই যেন তিনি নতুন কিছু করার অনুপ্রেরণা পান। আর বাসের বাইরের অংশে প্রতিফলিত হয় গুগলের ওয়েবসাইটের প্রথম পাতা।’ তাঁর কাছে থেকে আরও জানা গেল, বাসটিতে নানা প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি রয়েছে আটটি এলইডি মনিটর, একটি এলইডি টিভি, থ্রিজি রাউটার, এইচডিএমআই ও ল্যাপটপ। ক্লাসরুমে মূল প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে এই বাসের অভিজ্ঞতা নেওয়ার পর্বে।
প্রকল্পটি পরিচালনার দ্বায়িত্বে আছে মার্কেট অ্যাকসেস আর নান্দনিক বিষয়াদির দেখভাল করছে হেড অফিস কমিউনিকেশন।
বাসের অবস্থান ও সর্বশেষ প্রশিক্ষণ সূচির তথ্য জানা যাবে গুগল বাস বাংলাদেশ কমিউনিটি (goo.gl/LsiWN3) ওয়েবসাইটে।