পথেঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারের আগে থেকেই ফাঁকা হয়ে যায় সড়কগুলো। একটু নিরিবিলিতে বসে পরিবার বা বন্ধুদের সঙ্গে ইফতার সারতে চান সবাই। কিন্তু যাঁরা পথেঘাটে থাকেন তাঁদের সুযোগ নেই। তাই পথেঘাটেই সেরে নিতে হয় ইফতার। নিউমার্কেট-কর্নেলহাট রুটের ৭ নম্বর বাসের সহযোগী জসিমউদ্দিন জানান, ‘ইফতারের সময় আমরা রাস্তায় থাকি। সাইরেন পড়লে দাঁড়িয়ে যেতে হয়, যেখানে যা পাই তা দিয়ে ইফতার করি। নিউমার্কেট বা কর্নেলহাটের দিকে থাকলে ৫-১০ মিনিট আগে দোকান থেকে ইফতার কিনে নিই। শেষ সময়ে কিছুই পাওয়া যায় না। ২০ রমজানের পর যখন যাত্রীর চাপ ও যানজট বেশি থাকে তখন গাড়ির মধ্যে শুধু পানি দিয়ে ইফতার সারতে হয়।’ঘাটের মানুষেরা বেশির ভাগ সময় ঘাটেই ইফতার করেন। তবে নদীর মাঝখানে থাকার সময়ও সাইরেন পড়ে আর তখন যা থাকে তা দিয়ে ইফতার সারতে হয়। ফিরিঙ্গিবাজার ফেরিঘাটের মাঝি মো. ইউনুস বলেন, নৌকা চালানোর নম্বর পড়ে গেলে আর বাড়ি যেতে পারেন না। যাত্রী পার করে তবেই ইফতার করেন। ইউনুস বলেন, ‘নৌকায় তেল, কালি ও পানির মধ্যে ইফতার করা যায় না। তাই দেরিতে ইফতার করি।’হোটেলশ্রমিকেরা সবাইকে ইফতার করান কিন্তু নিজেরা সঠিক সময়ে ইফতার করতে পারেন না। সাইরেন বাজলে হোটেলে লোকজনের ভিড় বাড়তে থাকে। খাবার পরিবেশনের ফাঁকে কর্মচারীরা নিজেদের ইফতার সেরে নেন। ১৫ বছর ধরে জামান হোটেলে কাজ করছেন মো. শফিক। তিনি বলেন, ‘ওই সময়টাতে আমরা খুব ব্যস্ত থাকি। অনেক সময় দাঁড়িয়েই ইফতার করে ফেলি।’ আন্দরকিল্লা মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ফারুক হোসেন ও রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের তো সব সময় দায়িত্ব পালন করতে হয়। তাই সাইরেন পড়ে যাওয়ায় মোড়ের গোলচত্বরে দাঁড়িয়ে ইফতার করেছি অনেক বার। তবে রাস্তাঘাট একটু ফাঁকা থাকলে কোনো দোকানে পত্রিকা বিছিয়ে ইফতার করে ফেলি। জিইসি মোড়ে ট্রাফিক পুলিশের জন্য বক্স আছে, আন্দরকিল্লায়ও সেরকম থাকলে সুবিধা হতো।’ ইফতারে কী থাকে? এ প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘প্রায় সব পদই থাকে। ৩০ টাকার মতো খরচ হয়।’ কুমিল্লার নুরুল কবির নিউমার্কেটের সামনে জুতা বিক্রি করেন। তিনি পরিবারের সঙ্গে কখন ইফতার করেছেন তা বলতে পারেন না। খোলা জায়গায় ইফতার সারতে হয় তাঁকে। তিনি বলেন, ‘অনেক সময় হাত-মুখ ধোয়ার জন্য পানিও পাওয়া যায় না। পানি কিনে খেতে হয়। বাইরে ধুলাবালির মধ্যে ইফতার করে তৃপ্তি পাই না।’বক্সিরহাটের আম বিক্রেতা আবদুর রাজ্জাক বলেন, ‘২০-২৫ টাকার চনা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি একসঙ্গে মেখে ইফতার করি। পরিবারের বাইরে ইফতার করতে একটুও ভালো লাগে না। কষ্ট করেও যদি একটু বেশি আয় করা যায় তাতে উপকার হবে।’এমনিতেই ভিক্ষুকদের ঘরবাড়ি রাস্তা আর ফুটপাত। তাঁরা ভিক্ষে করে ইফতারি নিয়ে আসেন। সবাই মিলে তাই খান। লালদীঘির সামনে ইফতারের অপেক্ষায় ছিলেন ইব্রাহিম, ফাতিমা, রুবি, জান্নাতসহ আরও কয়েকজন। ইব্রাহিম জানান, ‘ছোট ছেলেমেয়েদের নিয়ে ভিক্ষা করেন ফাতিমা। কখনো ইফতার কম পড়ে গেলে ফুটপাত থেকে কিনে খেতে হয়। থাকি ফুটপাতে, ঘুমাই আর ফুটপাতেই ইফতার করি। আমাদের সব সহ্য হয়ে গেছে। মানুষ গায়ের ওপর দিয়ে হেঁটে গেলেও কষ্ট হয় না।’