পথের ক্লান্তি ভুলে বর্ণিল মিলনোৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহারি পোশাক, উন্মাতাল নাচ, সারাক্ষণ হইচই আর দিনভর খুনসুটির মধ্যে যেন সবাই হারিয়ে গেলেন ছাত্রজীবনের দুরন্ত দিনগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পথের ক্লান্তি ভুলে পুরোনো বন্ধুদের সঙ্গে নিয়ে মজার আড্ডা, গান, কবিতা আর স্মৃতিচারণে মুখরিত কিছু সময় যেন গেয়ে উঠল জীবনের জয়গান।২০ মার্চ, শুক্রবার নগরের ফয়’স লেকের প্রাকৃতিক শোভামণ্ডিত আঙিনায় বসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বাঙলা সম্মিলনের দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামান ও অধ্যাপক মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি লায়লা জামান। স্বাগত বক্তব্য দেন বাঙলা সম্মিলনের কার্যকরী সভাপতি বিশ্বজিত্ চৌধুরী। প্রথমবারের আয়োজনের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, ‘গতবারের তুলনায় আমাদের এবারের আয়োজন পরিসরে অনেকটা ছোট হয়ে গেছে। মূলত প্রথমবারের উত্তেজনা দ্বিতীয়বারে এসে কিছুটা থিতু হয়ে এসেছে।’ তিনি কাছের ও দূরের সতীর্থদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি অনুরোধ জানান অনভিপ্রেত নানা ত্রুটি অন্যান্য আনন্দের মাঝে ভুলে যাবার। এরপর বক্তব্য দেন লায়লা জামান। আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই অনুষ্ঠান আয়োজনে আয়োজকদের নিরন্তর পরিশ্রম প্রশংসার দাবি রাখে। আশা করি আমরা পুরোনো বন্ধুদের সঙ্গে মিলে এই পরিশ্রমকে সার্থক করে তুলতে পারব।’ সংক্ষিপ্ত আলোচনা পর্বের এই সময়টিতে বক্তারা বেশ সচেতনভাবে এত সংক্ষিপ্ত বক্তব্য দেন যে শেষ পর্যন্ত সঞ্চালক ও বাঙলা সম্মিলনের সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরীকে বক্তব্য দীর্ঘ করার অনুরোধ জানাতে হয় বক্তাদের। এই অদ্ভুত আবদারের পরই বক্তব্য দেন অধ্যাপক মনিরুজ্জামান। পরিতৃপ্ত শিক্ষক মঞ্চে এসে বলেন, ‘ছাত্রদের প্রতিষ্ঠিত অবস্থা আমাদের অনেক তৃপ্তি দেয়। ইতিমধ্যে আমাদের অনেক ছাত্র বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ জনপ্রিয় শিক্ষক হিসেবে নিজেদের স্থান করে নিয়েছে।’ তিনি পুরো আয়োজনে সবার আনন্দের মাঝে নিজেদের অতীতে নিয়ে যাবার এই প্রয়াসের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। অধ্যাপক আনিসুজ্জামান স্বভাবসুলভ ভঙ্গিতে আবিষ্ট করেন সবাইকে। আয়োজকদের প্রতি আশীর্বাণী আর নতুন স্বপ্নকে আবাহন জানিয়ে বলেন, ‘আমাকে এত দীর্ঘ সময় পরও যে আমার ছাত্ররা মনে রেখেছে তাতে আমি আনন্দিত। আজকের দিন সবাইকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাক। আগামী দিনের নতুন সংকল্পের মালা গাঁথুক।’ বাংলা সাহিত্যের অপব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘বাংলা সাহিত্য নিয়ে যথেচ্ছ অপব্যবহার হচ্ছে। এটি রোধ করা জরুরি। আর এর জন্য জ্ঞানমনস্ক মানুষদের এগিয়ে আসতে হবে।’সমাপনী বক্তব্য দেন বাঙলা সম্মিলনের সভাপতি অভীক ওসমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলা ভাষার নক্ষত্রদের সঙ্গে আমাদের এই সম্মিলন আমাদের আরও প্রাণিত করবে।’এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন পর্বের পর বর্ণাঢ্য শোভাযাত্রায় বাবুল জলদাসের ঢোল আর সানাইয়ের সুরে আনন্দের এক সংক্রমণ ছুঁয়ে যায় প্রতিটি প্রাণ। নানান ভঙ্গিতে নাচ আর হাসির বন্যায় হারিয়ে যাওয়া যেন ছাত্রজীবনকে আবার ফিরে পাওয়া। ক্লান্তিহীন ছোটাছুটি, ক্যামেরার ক্লিক ক্লিক, বন্ধুত্বের আলিঙ্গন যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি দিনগুলোকে। অনুভূতি জানাতে গিয়ে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, ‘আমি ভীষণ প্রেরণাতাড়িত। যান্ত্রিক জীবনের জাঁতাকলে পিষ্ট হতে হতে যখন অতিষ্ঠ, তখন দুই বছর আগে সতীর্থ সমাবেশের ক্লান্তি মোচনের উদ্যোগ সাফল্যজনকভাবে সমাপ্তির পর সেই প্রেরণায় নবউদ্যমে দুই বছর কাটিয়েছি। আবার যখন ক্লান্তি ঘিরে ধরেছে তখন আবার নব জীবনের আনন্দে উদ্ভাসিত হবার লক্ষ্যে দ্বিতীয় বাঙলা সম্মিলন আয়োজন করেছি। আজকের আনন্দঘন দিন আমাদের আগামী জীবনের পথচলাকে প্রাণিত করবে।’শোভাযাত্রায় প্রচণ্ড হইচই শেষে ছায়ায় বসে হাঁপাচ্ছিলেন ৮৭র ব্যাচের ইন্দিরা চৌধুরী। কেমন লাগছে জিজ্ঞেস করতেই বললেন, ‘সবার সঙ্গে মিলনমেলার প্রত্যাশা সফল হয়েছে। পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত।’ এর মধ্যে কেউ কেউ ছুটছিলেন সি-ওয়ার্ল্ডের উদ্দেশে। গল্পের ঝাঁপি খুলে কেউ কেউ বসেছিলেন পুরোনো সতীর্থদের সঙ্গে। অনুষ্ঠান যে শুধু মঞ্চে হয়েছে তা নয়, ছোট ছোট দলে ভাগ হয়ে নানা ব্যাচের শিক্ষার্থীরা বসিয়েছিলেন গানের আসর। গাছের ছায়ায় আনিসুজ্জামান, মনিরুজ্জামান ও রাজীব হুমায়ুনকে মধ্যমণি করে এরকম একটি গানের আসরে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত থেকে পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো নিয়ে মেতে উঠেছিলেন সুরুর জাহান, ডেইজি মউদুদ, সুমনা চাকমা, শুভ্রা বিশ্বাস, শেলীনা আক্তার ও আইভি হাসান। ’৯১ ব্যাচের ছাত্র বিকিরণ বড়ুয়া ও তাঁর বন্ধু-বান্ধবীদের ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দলের বিচরণ ছিল সি-ওয়ার্ল্ড থেকে পার্কের আনাচ-কানাচজুড়ে।পুনর্মিলনী উপলক্ষে জল পড়ে পাতা নড়ে নামের একটি চমত্কার স্মরণিকা প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেন আইয়ুব ভূঁইয়া। প্রচ্ছদ করেছেন খালিদ আহসান। এর মধ্যে দুপুরের খাবারের জন্য সারিবেঁধে দাঁড়িয়ে যাওয়া। ফয়’স লেকের আঙিনা এক মুহূর্তেই হয়ে গেল চাকসুর খাবার টেবিল, ঝুপড়ির চিরচেনা খুনসুটি ঘিরে পুরোনো সময়ে ফেরত যাওয়া।এরপর শুরু হয় স্মৃতিচারণ পর্ব। এ পর্বের সভাপতি রাজীব হুমায়ুন। মঞ্চে ছিলেন অধ্যাপক মাহবুবুল হক, মো. আবুল কাসেম, জিয়াউল হাসান প্রমুখ।গল্প, কবিতা, গান আর কৌতুক পরিবেশনার পাশাপাশি বয়স ভুলে নাচের নানা সৃজনশীল (!) মুদ্রায় আলোড়িত হয় চারপাশ। স্মৃতিচারণ পর্বে বক্তব্য একটু দীর্ঘ হতেই মঞ্চ থেকেই রাজীব হুমায়ুন স্যারের লাল, হলুদ কার্ড দেখানো নিয়েও জমে ওঠে হাসির লহরী। স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে মাহবুবুল হকের সরস মন্তব্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। মুজাহিদ বিল্লাহ ফারুকীর প্যারোডি গান ‘তোরা সব উলুধ্বনি কর’ যোগ করে ভিন্ন মাত্রা। একে একে গান করেন ইন্দিরা চৌধুরী, ইসমত আরা, শেফালী আক্তার, মশিউর রহমান, জয় প্রকাশ দে, মানস পাল চৌধুরী, মুনমুন প্রমুখ। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। মঞ্চে উঠে অভীক ওসমান বললেন, ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো।’ভালোবাসার রঙে রাঙানো সারা দিনের আনন্দের শেষে বেজে ওঠে বিদায়ের সুর। বিদায় বেলার এই সময় পারস্পরিক সাহচর্যে নিত্য যোগাযোগের অঙ্গীকার নিয়ে ভিন্ন পথে বাড়ির দিকে পা বাড়ানো। সঙ্গে করে নিয়ে চলা একরাশ সুখস্মৃতি। হয়তো কখনো অমলিন হবে না পুরোনো বন্ধুদের সঙ্গে মিলনমেলার এই টুকরা অনুভূতি।