পথের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ভাই যে কাজটা করেছেন, সেটা সত্যিই চমকপ্রদ। সাইকেলে সাড়ে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছেছেন বাড়ি। না, সফিয়ার রহমান ও আনিছুর রহমান নামের দুই ভাইয়ের কেউই শখের সাইকেল চালক অথবা ভ্রমণ পিয়াসী নন। অ্যাডভেঞ্চারের নেশায় যাঁরা দ্বিচক্রযানে চেপে দেশের এ-মাথা ও-মাথা ঘোরেন, তাঁদের দলেও ফেলা যাবে না দুই ভাইকে। নীলফামারীর এই ভ্রাতৃদ্বয় সাইকেল বেছে নিয়েছেন নিরুপায় হয়ে। চরম যানজট ও বাসের ভাড়া বৃদ্ধির কারণেই তাঁরা বেছে নিয়েছেন এই ব্যতিক্রমী উপায়। ঢাকা থেকে রওনা হয়ে ঠিক ঈদের দিন তাঁরা পৌঁছেছেন চানসাপাড়া গ্রামের নিজের বাড়ি। বাসে ভাড়া লাগে দুই ভাইয়ের এক হাজার ৫০০ টাকা। পথে খাওয়া খরচ ২০০ টাকা। এত টাকা পথেই খরচা হলে বাড়ি এসে খাবেন কী? নিরুপায় হয়েই তাই এই কষ্টকর সাইকেলযাত্রা। রহমান ভ্রাতৃদ্বয়ের এই সাইকেলযাত্রা আমাদের চমৎকৃত করে। একই সঙ্গে দুই ভাইয়ের এই গৃহযাত্রা যেন ব্যতিক্রমী এক প্রতিবাদও। টাকা খরচের কথা না হয় বাদই গেল। দীর্ঘ যানজট, টিকিটের দুষ্প্রাপ্যতা—সব মিলিয়ে ঈদে বাড়িযাত্রা ক্রমশ এক বিভীষিকা হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। দুই ভাইয়ের ‘অসামান্য’ কৃতিত্ব তাই আমাদের যুগপৎ বিস্মিত ও ব্যথিত করে। তাঁদের এই সাইকেল ভ্রমণ ঘরমুখো লাখো মানুষের পথের দুর্ভোগের কথাই মনে করিয়ে দেয় খুব বেশি করে। —ইকবাল হোসাইন চৌধুরী