পথের দূরত্বই বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন তারা হেঁটে তিন কিলোমিটার দূরের বিদ্যালয়ে যায়। এর মধ্যে পৌনে দুই কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট পাহাড়ি ছড়ার মধ্য দিয়ে। বর্ষাকালে পানি বেড়ে গেলে এই ছড়া দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না। এ রকম প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ে খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুল্যাতলি গ্রামের শিক্ষার্থীরা। এই সমস্যার কারণে অনেক মা-বাবাই তাঁদের সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। কাছেপিঠে বিদ্যালয় না থাকায় তাদের আর পড়ালেখা করা হয়ে ওঠেনি।দুল্যাতলি গ্রামে ত্রিপুরা আদিবাসী গোষ্ঠীর বসবাস। সম্প্রতি ওই গ্রামের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয় খাগড়াছড়ি প্রতিনিধির। তারা জানায়, প্রতিদিন এই ছড়া দিয়েই ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা যাতায়াত করে। তবে বর্ষাকালে এই ছড়া দিয়ে যেতে খুব কষ্ট হয়। বিদ্যালয়ে যাওয়ার পর ছড়ার পানি বেড়ে গেলে সেদিন আর বাড়ি ফেরা হয় না। আত্মীয়ের বাড়িতে থাকতে হয়। তবে এই যুদ্ধে হেরে গেছে রিরন ত্রিপুরা। সে ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। এ বছরের শুরুর দিকে বিদ্যালয়ে গেলেও এখন সে আর যায় না। বিদ্যালয়ের শিক্ষকেরাও জানিয়েছেন, তাকে বিদ্যালয়ে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তার মা-বাবাও তাকে আর স্কুলে পাঠাতে আগ্রহী নন। রিরন ত্রিপুরার মতো অনেক শিশু এভাবে ঝরে যাচ্ছে বিদ্যালয় থেকে।শুধু দুল্যাতলি নয়, একই উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রবিধন পাড়া, মায্যা পাড়া ও নবকুমার পাড়ার অবস্থা একই। এই গ্রামগুলোর আশপাশে কোনো বিদ্যালয় নেই। এই তিনটি গ্রামের সবচেয়ে কাছের বিদ্যালয়টি হলো ১০ নম্বর প্রকল্প গ্রামের লক্ষ্মীমুড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। এসব গ্রাম থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় চার কিলোমিটার। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে শিক্ষার্থীদের হেঁটেই বিদ্যালয়ে যেতে হয়। রবিধন পাড়ার শিক্ষার্থীরা জানায়, তারা সকাল আটটায় বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। পৌঁছাতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। পথে উঁচু-নিচু পাহাড়ি কর্দমাক্ত পথ ও একটি খাল পার হতে হয়। বর্ষাকালে বৃষ্টি হলে তারা সেদিন আর বিদ্যালয়ে যায় না।খাগড়াছড়ি সদরের প্রবীণ শিক্ষক জ্যোর্তিময় দেওয়ান বলেন, ‘পথের দূরত্ব ছাড়াও আমাদের পার্বত্য এলাকায় প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ার আরও কারণ রয়েছে। এর একটি হচ্ছে, শিশুরা ভাষার সমস্যায় পড়ে। তারা বিদ্যালয়ে গিয়ে দেখে তাদের মাতৃভাষায় কিছুই পড়ানো হয় না। তাই শিশুরা আর বিদ্যালয়মুখী হতে চায় না।’ খাগড়াছড়ি জেলার মতো একই অবস্থা রাঙামাটি জেলাতেও। জেলার জুরাছড়ি উপজেলার দুম্যাদুম্যা ইউনিয়নের বালুছড়া গ্রামের রিসামণি চাকমা, কৃতিবিজয় চাকমাসহ পাঁচজন শিক্ষার্থী প্রতিদিন হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার দূরের কুন্ডাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রিসামণি চাকমার বাবা লক্ষ্মী চন্দ্র চাকমা রাঙামাটির নিজস্ব প্রতিবেদককে জানান, আগে ১২ জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে যেত। পথের দূরত্বের কারণে বাকি সাতজন এখন আর যায় না। শুধু জুরাছড়ি নয়, জেলার বাঘাইছড়ি, বরকল উপজেলা ঘুরে একই চিত্র দেখা যায়। এসব এলাকার ছেলেমেয়েরা বিদ্যালয় দূরে হওয়ায় আর পড়ালেখাই করছে না। বান্দরবানের থানচি, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, লামা উপজেলাসহ বেশ কয়েকটি এলাকার ছেলেমেয়েরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। কাছেপিঠে বিদ্যালয় না থাকায় অনেক শিশু প্রাথমিকের গণ্ডিই পেরোতে পারছে না। বান্দরবান প্রতিনিধি থানচি উপজেলায় সরেজমিন গিয়ে দেখতে পান উপজেলার ২৮টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রামগুলো অত্যন্ত দুর্গম ও ছোট হওয়ায় বেসরকারি সংস্থাগুলোও সেখানে শিক্ষা কার্যক্রম চালাতে আগ্রহী হচ্ছে না।রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়নে ১০টি গ্রাম রয়েছে, যেখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে একটি বিদ্যালয় আছে। কিন্তু দূরত্বের কারণে এসব গ্রাম থেকে সেখানে খুব বেশি ছেলেমেয়ে ভর্তি হয় না। বান্দরবান প্রতিনিধি এ ব্যাপারে কথা বলেছেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিংয়ের সঙ্গে। তিনি বলেছেন, তাঁদের পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, জেলার সাতটি উপজেলায় সাত হাজারের বেশি ছেলেমেয়ে এখনো প্রাথমিক শিক্ষার আওতার বাইরে রয়েছে। তিনি বলেন, এ শিশুদের বাস অত্যন্ত দুর্গম এলাকায়। এদের বেশির ভাগই হতদরিদ্র। বিদ্যালয় এলাকায় আবাসিক বা ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হলেও কতজন এর ব্যয়ভার বহন করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।তিন পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্যমতে, শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার রাঙামাটিতে ২২ দশমিক ৩ শতাংশ, খাগড়াছড়িতে ১৭ দশমিক ৮ এবং বান্দরবানে ২২ শতাংশ। মানুষের জন্য ফাউন্ডেশনের ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত তিন পার্বত্য জেলায় পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রামের শিক্ষার অবস্থা সম্পর্কে সমীক্ষা’ শীর্ষক জরিপে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার হার দেখানো হয়েছে ৫৯ শতাংশ।কক্সবাজারের নিজস্ব প্রতিবেদককে জানান, কক্সবাজারের উত্তরে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সোনাদিয়া দ্বীপের প্রায় ৫০০ শিশু বড় হচ্ছে লেখাপড়া ছাড়াই। কারণ, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রায় ১৪ কিলোমিটার লম্বা সাত বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের এক মাথায় একটিমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কিছুই নেই। স্থানীয় লোকজন জানায়, বেহাল যোগাযোগব্যবস্থার কারণে পুরো দ্বীপের ছেলেমেয়েরা ওই বিদ্যালয়ে পড়তে পারছে না। দ্বীপে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে না ওঠায় কয়েক শ ছেলেমেয়ে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।