পথের ধারে ফলের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবুজ বাঁচাও, সবুজে বাঁচো’ স্লোগান নিয়ে বর্ষাকালজুড়েই সবাইকে গাছ লাগাতে উত্সাহিত করে আসছিলেন সহনাগরিকের সদস্যরা।
‘সবুজ বাঁচাও, সবুজে বাঁচো’ স্লোগান নিয়ে বর্ষাকালজুড়েই সবাইকে গাছ লাগাতে উত্সাহিত করে আসছিলেন সহনাগরিকের সদস্যরা।

ওদের শুরু ফেসবুকে। যে নগরে থাকেন, সেখানে সব নাগরিকের কল্যাণে কিছু করার লক্ষ্য নিয়ে। নামও নিলেন তেমনি—সহনাগরিক। ভাবতে শুরু করলেন এই গরমে রাজধানী ঢাকায় যে দমবদ্ধ হাঁসফাঁস অবস্থা হয়, সবার তা থেকে মুক্তির উপায় কী? একদিনে তো আর সবকিছু পরিবর্তন করা যায় না, কিন্তু কাজ করতে থাকলে তার সুফল পাওয়া যাবেই। এই ভাবনাতেই পথের ধারে ফলের গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করেছেন সহনাগরিকের সদস্যরা।

‘সবুজ বাঁচাও, সবুজে বাঁচো’ স্লোগান নিয়ে বর্ষাকালজুড়েই সবাইকে গাছ লাগাতে উত্সাহিত করে আসছিলেন তাঁরা। আর ঈদের ছুটি শেষে গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে থেকে শ্যামলী পর্যন্ত রিং রোডে নিজেদের উদ্যোগে প্রায় ২০০ ফলের গাছ লাগান সহনাগরিকের স্বেচ্ছাসেবকেরা।
কিছুদিন আগে যাত্রা শুরু করা ফেসবুক প্লাটফর্ম সহনাগরিকের আহ্বায়ক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরের বেশির ভাগ মানুষই যেহেতু স্থানীয় নন, তাঁদের নিজস্ব জমি নেই তাই গাছ লাগাতে চাইলেও কোথায় কী গাছ লাগাবেন, সেটাই একটা সমস্যা। বিষয়টি নিয়ে আমরা ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে আলাপ করি এবং পথের ধারে ও রোড ডিভাইডারে গাছ লাগানোর সিদ্ধান্ত নিই।’

ফেসবুক প্লাটফর্মটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গাছ লাগানোর জন্য প্রথম পর্যায়েই মোহাম্মদপুর এলাকাকে বেছে নেওয়ার কারণ ঢাকা শহরের অন্যান্য এলাকার চেয়ে এখানকার গড় তাপমাত্রা বেশ খানিকটা বেশি। এর কারণ সম্ভবত এখানে পর্যাপ্ত গাছপালা না থাকা। ‘সবুজ বাঁচাও, সবুজে বাঁচো’ কর্মসূচির অংশ হিসেবে রিং রোডে যেসব ফলের গাছ লাগানো হয়েছে, এর মধ্যে রয়েছে—জাম, জামরুল, আতা, পেয়ারা, কতবেল, জলপাই, কাঁঠাল, তেঁতুল, জাম্বুরা, লটকন, কাঠবাদাম, আমলকী ইত্যাদি।


সহনাগরিকের সংগঠক মেহেদী হাসান বলেন, ‘রাজধানীতে বেশির ভাগ সড়কেই “বিউটিফিকেশন”-এর অংশ হিসেবে যেসব গাছ লাগানো হয়েছে, এর মধ্যে ফলের গাছ নেই বললেই চলে। কিন্তু অন্যান্য গাছের তুলনায় দেশীয় ফলের গাছ আমাদের পরিবেশের জন্য ভালো।’ এই বিবেচনা থেকেই পথের ধারে ফলের গাছ লাগানোর কাজ শুরু করেছেন তাঁরা।

সহনাগরিক-এর ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shohonagorik