
দুই পাশে ধানখেত। মাঝখান দিয়ে চলে গেছে পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে সারি সারি আমড়াগাছ। চোখজুড়ানো এই দৃশ্য শুধু প্রকৃতিপ্রেমীদেরই নয়, সাধারণ মানুষকেও মুগ্ধ করে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনটি সড়কের দুই ধারে লাগানো হয়েছে সহস্রাধিক আমড়াগাছ। এক জনপ্রতিনিধি ব্যক্তিগত উদ্যোগে প্রথমে সড়কের পাশে আমড়াগাছ লাগান। তাঁর দেখাদেখি কয়েকজন যুবক আরও দুটি সড়কের পাশে ‘আমড়াবাগান’ গড়ে তোলেন। বাণিজ্যিক কারণে নয়, প্রকৃতির প্রতি দরদ থেকে গ্রামের যুবকেরা এই কাজ করেছেন।
সম্প্রতি গিয়ে দেখা গেছে, তুষখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে কিছুদূর এগোতেই সড়কের দুই পাশে সারি সারি আমড়াগাছ। মধ্য তুষখালী গ্রামের বাসিন্দা নয়া মিয়া (৭৩) বলেন, গাছগুলো লাগিয়েছেন ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম। গাছ থেকে সব আমড়া পেড়ে প্রায় অর্ধেক গ্রামবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। বাকি আমড়া বিক্রি করা হয়।
একই গ্রামের সুধাংশু কুলু বলেন, ‘মেম্বারের আমড়া কেউ চুরি করে না। আমরা গ্রামবাসী পাহারা দিই। গাছ থেকে আমড়া পাড়ার পর মেম্বার সবাইকে বিলিয়ে দেয়।’ পরপর তিনবার নির্বাচিত এই ইউপি সদস্য সড়ক দৃষ্টিনন্দন করার পাশাপাশি বাড়তি আয়ের চিন্তা থেকে শুরু করেছেন আমড়াবাগান। তবে এর পেছনের গল্প মনিরুলের (৫০) কাছেই শোনা যাক, ‘আট বছর আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গিয়েছিলাম। সেখানে সড়কের পাশে আমড়াবাগান দেখে ভালো লাগে। এরপর তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে সড়কের পাশে আমড়াবাগান করার পরিকল্পনার কথা বলি। তিনি অনুমতি দেন। ২০০৮ সালে নেছারাবাদ থেকে প্রতিটি গাছ ৫০ টাকায় কিনে তুষখালী বালিকা বিদ্যালয় থেকে দুই কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশে ৩০০ আমড়াগাছ লাগাই। ২০১২ সালে প্রথম ফল ধরে। চলতি বছর স্থানীয় লোকজন ও বাগান পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে বিলানোর পর প্রায় এক লাখ টাকার আমড়া বিক্রি করেছি। গত বছরের আমড়া বিক্রির টাকায় ১৫০টি লেবু ও ২০টি কাঁঠালগাছ লাগানো হয়েছে।’
মনিরুল বলেন, খরচ ওঠার পর লাভের টাকায় আরও গাছ লাগানোর পরিকল্পনা আছে। আমড়ার মৌসুমের তিন মাস এখানে চার-পাঁচজন লোকের কর্মসংস্থান হয়। সড়কের আশপাশের প্রতিটি পরিবারকে বিনা মূল্যে আমড়া দেওয়া হয়।
তুষখালী গ্রামের মাইনুল ইসলাম (৫০) বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বরে মাঠে তেমন কাজ থাকে না। এ সময় আমড়াবাগানে কাজ করে বাড়তি আয় করেছি।’ একই গ্রামের নাসিমা বেগম (৩৫) বলেন, ‘আমার বসতবাড়িতে জমি কম থাকায় ফলের গাছ লাগানো যায়নি। কয়েক বছর ধরে মেম্বার আমড়া দিচ্ছেন। আমাদের এখন আর আমড়া কিনতে হয় না। তরকারি হিসেবেও আমড়া খাই আমরা।’

মনিরুল ইসলামের দেখাদেখি ২০১২ সালে মধ্য তুষখালী গ্রামের ১৪ যুবক আরও দুটি সড়কের পাশে আমড়াগাছ লাগাতে থাকেন। চার কিলোমিটার সড়কের দুই পাশে ৮০০টি আমড়াগাছ লাগান তাঁরা। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।
মধ্য তুষখালী গ্রামের মোস্তাফিজুর রহমান, শিক্ষক ফারুক হোসেন, রুম্মান হাওলাদার, তুহিন বিশ্বাস, ছাত্র সোয়েব হাওলাদার, আল আমিন হাওলাদার, ইজিবাইকের চালক ইয়াকুব মীর, আল আমিন মীর, চাকরিজীবী মনির আকন, ফিরোজ হাওলাদার, ব্যবসায়ী লিটন হাওলাদার, বেল্লাল হাওলাদার, শাহিন খান, সৌদি আরবপ্রবাসী সোহরাব আকন। তারা ইউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলে এ কাজ করেছেন।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১২ সালের একদিন মনিরুল ইসলামের বাগানে গিয়ে চোখ আটকে যায়। আমরা কজন মিলে পরিকল্পনা করলাম গ্রামের সড়কের পাশে গাছ লাগাব। এরপর ১৪ জনকে পেয়ে গেলাম। নিজেদের জমানো টাকায় আমড়াগাছের চারা কিনে লাগালাম। আগামী এক-দুই বছরের মধ্যে গাছে ফল আসবে।’ তিনি বলেন, ‘সংগঠনের সদস্য বৃদ্ধি ও তুষখালী ইউনিয়নের সব সড়কের পাশের খালি জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা আছে আমাদের। আমরা গাছ লাগানোকে সামাজিক আন্দোলন হিসেবে নিতে চাই। স্বপ্ন দেখি, আমাদের এই আন্দোলন একদিন সারা উপজেলায় ছড়িয়ে পড়বে।’
তুষখালী-সাপলেজা সড়কের শরীফ বাড়ি থেকে আকন বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার এবং ছোট মাছুয়া সড়কের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে আবদুল লতিফ আকনের বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়কে আমড়াগাছ লাগিয়েছেন এই যুবকেরা। সবুজ ধানখেতের মধ্য দিয়ে চলে যাওয়া পিচঢালা সড়কগুলো এমনিতেই সুন্দর। এই সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে দুই পাশের সারিবদ্ধ গাছগুলো। গাছের ডালে বসে ডাকাডাকি করছে শালিক, ঘুঘুসহ নানা প্রজাতির পাখি। পাখির কলকাকলিতে এখন এখানকার মানুষের ঘুম ভাঙে সকালে। সড়কের পাশে আমড়াগাছের ছায়ায় বসার জন্য রয়েছে বেঞ্চ। ক্লান্ত পথিকেরা গাছের ছায়ায় শরীর জুড়িয়ে নিতে পারেন।
তুষখালী-সাপলেজা সড়কে ২৯ অক্টোবর দুপুরে কথা হয় মধ্য তুষখালী গ্রামের কৃষক আবদুস সাত্তার হাওলাদার ও কৃষক বেল্লাল শরীফের সঙ্গে। তাঁরা বললেন, গ্রামের মানুষ নিজেদের ভেবে গাছগুলো পরিচর্যা করেন।
শিক্ষক ফারুক হোসেন ও রুম্মান হাওলাদার বলেন, ‘আমরা পেশাগত কাজে ব্যস্ত থাকি। গ্রামের মানুষই আমাদের গাছের পরিচর্যা করেন। তাঁদের সহযোগিতা ছাড়া এ কাজ এগিয়ে নেওয়া যেত না।’
তুষখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, ‘যুবকদের এই কাজে উৎসাহিত হয়ে গত বছর আমি মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে কয়েক শ মুক্তিযোদ্ধাকে গাছের চারা উপহার দিয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত বলেন, সড়কের পাশের এ বাগান ধানখেতের জন্য তেমন ক্ষতিকর নয়।
তুষখালী ইউপির চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, ‘বাগান করার প্রস্তাব শুনে আমি রাজি হয়ে যাই। আমড়া বিক্রির টাকা দিয়ে বাগান করার খরচ ওঠার পর বাড়তি টাকা দিয়ে আরও রাস্তার পাশে গাছ লাগানো হবে। আমড়া বিক্রির টাকা ভবিষ্যতে জনকল্যাণে ও বেকারদের কর্মসংস্থানে ব্যয় করার ইচ্ছা আমাদের আছে।’
উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম সরদার বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে কেউ সড়কের পাশে গাছ লাগালে আমরা তাদের উদ্বুদ্ধ করছি। তুষখালী গ্রামের সড়কের পাশে আমড়াবাগান তৈরি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা উপকূলীয় এলাকায় জনসাধারণকে সড়ক বা বাঁধের পাশে গাছ লাগাতে বলি। গাছের শিকড় সড়ক বা বাঁধকে টেকসই করে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে।’