পথের পাশেই নিরিবিলিতে খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে থেকেই চোখে পড়ে রেস্তোরাঁটি। ইটের দেয়ালজুড়ে বসানো ছোট্ট ঝরনা রাতে বেশি মায়াবী মনে হয়। ব্যস্ত রাস্তার পাশেই ব্লু লেগুন রেস্তোরাঁয় ঢোকার পরিবেশ এমনই। ঢাকার তালতলা থেকে শেওড়াপাড়া যাওয়ার পথে দেখা মিলবে যার। নিচতলার যথেষ্ট জায়গাজুড়ে রেস্তোরাঁটি গড়ে উঠেছে।একটি টেবিল থেকে আরেকটি টেবিলের দূরত্ব যথেষ্টই বলা চলে। ব্যস্ত রাস্তার কোলাহলের পর ভেতরে ঢুকেই শুনতে পাবেন গান। চাইলে দেয়ালে ঝোলানো টিভিও দেখতে পারেন। মৃদু আলোয় পরিবার বা প্রিয়জনের সঙ্গে খাবার খেতে খেতে জমে উঠবে আড্ডা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আইনুল হক প্রধান বলেন, ‘আমাদের এই রেস্তোরাঁটি বেশ পুরোনো। আমার বাবা শুরু করেছিলেন। সেই হিসেবে যথেষ্ট সুনাম আগে থেকেই আছে। এরই মধ্যে একে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে চেষ্টা করছি। যাতে করে খাবারের পাশাপাশি মনের প্রশান্তি পেতে সবাই আসতে পারে এখানে।’চীনা বা থাই খাবারের নানা আইটেম আছে এখানে। আর এসব খাবারের মধ্যে কিছু আছে ব্লু লেগুন স্পেশাল। তা ছাড়া চাইলে দেশি খাবারও পাবেন এখানে।এমনিতে নিরিবিলি হলেও পার্টি থাকলে আয়োজনটা হয় সম্পূর্ণ আলাদা। আইনুল হক বলেন, ‘কেউ চাইলে পার্টির আয়োজন করে দিই আমরা। তবে অন্তত এক দিন আগে নিশ্চিত করা জরুরি। সর্বোচ্চ ৩০০ জনের আয়োজন করা হয়।’ বেশ কিছুদিন ধরে চালু হয়েছে মিনি বুফে। ছয় প্রকারের খাবার থাকছে এই প্যাকেজে। দামও অনেকটা নাগালের মধ্যে—৩০০ টাকায়। শুরুতেই মৌসুমি ফলের রসে গলাটা ভিজিয়ে নিতে পারেন। যেকোনো রস পাবেন ১০০ টাকায়।বিভিন্ন প্রকার স্যুপ আছে এখানে। স্পেশাল থাই স্যুপের দাম পড়বে ৩৯৫ টাকা, সাধারণ স্যুপ ২৮৫ টাকা, কর্ন স্যুপ ৩২০ টাকা, ফ্রায়েড রাইস (স্পেশাল) ৩৪৫ টাকা, সাধারণ ফ্রায়েড রাইস ২৪০ টাকা , সিজলিং (বিফ বা চিকেন) ৩৩০ টাকা ও চাওমিন খেতে পাবেন ২৫০ থেকে ৩২০ টাকায়। এ ছাড়া হট সস চিকেন ৩০০ টাকা, বিফ চিলি স্পেশাল ৩৩০, চায়না প্রন ৩২০, রূপচাঁদা ফ্রাই ৪৬০, ফ্রায়েড প্রন বল ৩২০ ও স্টিম চিকেন স্যুপ ৩৪৫ টাকা। ব্লু লেগুন স্পেশাল অনিয়ন স্যুপ খেতে পারবেন ৪১৫ টাকা ও বিশেষ থাই সালাদ ৩২০ টাকা। এ ছাড়া ফিশ কেক পাবেন ৩০০ টাকায়। চিংড়ি মাছ ভুনা, গরু বা খাসির গোশতের সঙ্গে খেতে পারেন বিশেষ রাইস। নিরামিষভোজীদের জন্যও আছে বিশেষ ব্যবস্থা।প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে রেস্তোরাঁটি।