পথের পাশের পসরা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে চোখ চলে যায় নানা পণ্যের পসরার দিকে। অনেক জায়গায় ভিড়ও হয়ে যায় ক্রেতার। কী সেসব জিনিস, বিজ্ঞাপন ছাড়াই যার এত বিক্রি। একদিন থেমে দাঁড়িয়ে দেখুন না, কাজের অনেক কিছুই পাবেন। ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে বসা বিক্রেতা শেখ বাহারুল জানালেন, অল্প দামের এসব পণ্য আসে চীন থেকে। ব্যবহারের ওপর এগুলোর স্থায়িত্ব নির্ভর করে। দেখতে সুন্দর ও কাজের বলেই ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছে। প্রতিদিন ভালোই বেচাকেনা হচ্ছে তাঁদের। কী কী পাবেন জেনে নিন।

মাথা ম্যাসাজের ছোট্ট অনুষঙ্গটি সবার কাছেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে
মাথা ম্যাসাজের ছোট্ট অনুষঙ্গটি সবার কাছেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে

মাথার ম্যাসাজ
ছোট্ট হাতলের মাথায় লম্বা অনেকগুলো ডাঁটি। প্রতিটি ডাঁটির মাথা আবার একটা করে ছোট্ট পুঁতি দিয়ে আটকানো। হাতলটা ধরে আলতো করে মাথায় চুলে চাপ দিলে এটি সহজে মাথার চারপাশে ছড়িয়ে যাবে। এর ফলে চুলের ভেতরে মাথার ত্বকে একধরনের শিহরণ অনুভব হয়। অনেকের কাছেই দারুণ আরামদায়ক। এর দাম পড়বে ৬০ টাকা থেকে ৮০ টাকা।
বডি ম্যাসাজ
প্লাস্টিকে তৈরি ছোট্ট এই যন্ত্রটা ত্রিকোণাকৃতির। যার সামনের অংশ ধরে বুকে বা পিঠে ঠেকালে একধরনের কম্পন সৃষ্টি হয়। বডি ম্যাসাজের দাম পড়বে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা।
নাকের ক্লিপ
যাঁরা ঘুমের মধ্যে নাক ডাকেন, এই ক্লিপটা তাঁদের জন্য। ক্লিপটি নাকের ভেতরে এমনভাবে আটকে থাকে, যাতে করে নাক ডাকার কোনো শব্দ পাওয়া যায় না। দাম ২০০ টাকার মধ্যে।
ক্যান স্পিকার
নানা ধরনের কোমল পানীয়র ক্যানের আদলে তৈরি এসব স্পিকার। ক্যানগুলো দেখতে এমন যে, সাজিয়ে রাখা এমন ক্যান দেখে ভুল করে কেউ এগিয়ে গেলে অবাক হবার কিচ্ছু নেই। আছে সিগারেটের প্যাকেটের আদলে তৈরি স্পিকারও। এসব স্পিকারে পেনড্রাইভ, মেমোরি কার্ড ও হেডফোন ব্যবহার করার সুবিধা আছে।
কিনতে চাইলে গুনতে হবে মাত্র ২৫০ টাকা থেকে ৪০০ টাকা।

কম দামে নানা রঙের হেডফোন পাবেন ফুটপাতে। মডেল: রনি ও অবনি।ছবি: নকশা
কম দামে নানা রঙের হেডফোন পাবেন ফুটপাতে। মডেল: রনি ও অবনি।ছবি: নকশা

হেডফোন
কোন রঙের হেডফোন চাই, সব রঙের দেখা মিলবে এসব দোকানে। পোশাকের সঙ্গে মিলিয়ে হেডফোন ব্যবহার করতে চাইলে এসব জায়গা থেকে কিনে নিতে পারেন। বিভিন্ন দেশের পতাকার সঙ্গে মিল রেখেও হেডফোন পাওয়া যায় এখানে।
ওয়ারেন্টি ছাড়া এই হেডফোনের দাম পড়বে ৭০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে।
পিঠ চুলকানি
লম্বা প্লাস্টিকের একটা হাতলের মাথার দিকে কিছুটা বাঁকানো। কোনোটার বাঁকা অংশ আবার হাতের আকৃতিতে তৈরি। শরীরের যেসব স্থানে চুলকাতে হাতের নাগাল মিলবে না, সেখানে ভরসা এই পিঠ চুলকানির। দাম পড়বে ৪০ টাকা থেকে ৬০ টাকা।
ছোট্ট ফ্রিজ
একটা কোমল পানীয়র ক্যান রাখার মতো পর্যাপ্ত জায়গা মিলবে এই ফ্রিজে। এখানে শুধু জিনিস ঠান্ডা রাখা না, গরম করার সুবিধাও মিলবে। ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে ইউএসবি সংযোগ দিয়ে এটি সচল রাখা যাবে। তবে বড় ফ্রিজের মতো বরফঠান্ডা হবে না। দাম পড়বে ২ হাজার ৬০০ টাকার মতো।
সাউন্ড কার্ড
এই কার্ডের সঙ্গে একটি ইউএসবি পোর্ট যুক্ত থাকে, যার মাধ্যমে সহজেই গান শোনা যাবে। ইউএসবি সাউন্ড কার্ডের দাম পড়বে ২৫০ টাকা থেকে ৪০০ টাকা।
মগ গরমের যন্ত্র
ছোট্ট যন্ত্র এটি। যেখানে ইউএসবির মাধ্যমে সংযোগ দিয়ে একটা মগে (অ্যালুমিনিয়াম বা স্টিলের কাপ হলে ভালো) চা, কফি বা দুধ গরম করে নিতে পারেন। দাম পড়বে ৫৫০ টাকার মধ্যে।
এ ছাড়া নানা রকমের হাতঘড়ি মিলবে ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে, নারকেল কোরানোর যন্ত্র পাওয়া যাবে ৩০ টাকায়, চার্জার লাইট আছে ৭০ টাকা থেকে ২৫০ টাকায়, শিশুদের নানা খেলনা পাওয়া যাবে ৩০ থেকে ৫০ টাকায়।
যেখানে পাবেন
ঢাকা শহরের প্রায় সব এলাকাতেই এ ধরনের জিনিসের দেখা মিলবে। তবে বড় কোনো মার্কেটে নয়, চোখ রাখতে হবে ফুটপাতে। ঢাকার নিউমার্কেট, ফার্মগেট, শাহবাগ ও মিরপুরের ওভারব্রিজের ওপরে অনেক ভ্রাম্যমাণ দোকানে এসব পণ্য মিলবে। এ ছাড়া কারওয়ান বাজার, পান্থপথ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মতিঝিল, পল্টন, গুলিস্তান, সাভার, গুলশান গোলচত্বর, মহাখালী ইত্যাদি এলাকার ফুটপাতে পাওয়া যাবে। বিভিন্ন ই-কমার্স সাইটেও মিলবে কোনো কোনো পণ্য।