রেললাইনের ফাঁকে আটকা পড়েছে গাড়ির চাকা। নড়ানো যাচ্ছে না কিছুতেই। এদিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ট্রেন। চালক ৬০ বছর বয়সী বৃদ্ধা জুন গ্রিফিথকে বাঁচাতে ছুটে এলেন একদল সাহসী তরুণ। তাঁরা কি পারবেন বৃদ্ধাকে বাঁচাতে?উত্তর-পূর্ব আমেরিকার ডেলওয়্যার শহরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জুন গ্রিফিথ। চার সন্তানের জননী তিনি। জুনের ছোট ছেলে ব্যারি সেদিন বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। সন্ধ্যা হয়ে আসছে—ছেলে এখনো ফিরছে না। ছেলের চিন্তায় অস্থির হয়ে জুন ছেলেকে আনতে তাঁর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন। মনে মনে অস্থির ছিলেন বলেই হয়তো জুন রাস্তা ভুল করলেন।পথে যেতে যেতে বাড়ি থেকে মাইল দশেক দূরে গিয়ে তিনি ডান দিকে বাঁক নিলেন। শুরুতেই রাস্তাটা কিছুটা অস্বাভাবিক ঠেকছিল। গাড়ি চালিয়ে ১০ মাইলের মতো রাস্তা যাওয়ার পর জুন গ্রিফিথ বুঝতে পারলেন, তিনি ভুল পথে এসেছেন।চারদিকে অন্ধকার। ভালো করে কিছু দেখা যাচ্ছে না। বিপরীত রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোর আলোতে খানিক পর পর চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এ কোথায় এসে পড়লেন জুন! সাহস করে ধীরে ধীরে গাড়ি নিয়ে এগোলেন। কিন্তু ক্ষণের মধ্যেই বুঝে ফেললেন, তিনি আবার সেই রাস্তার মোড়ের দিকেই এগিয়ে যাচ্ছেন। আবার ডানে কিছুটা বাঁক নিতেই বিকট শব্দ করে তাঁর পন্টিয়াক গ্র্যান্ড এম গাড়িটা কিসে যেন আটকে গেল; গাড়ির চাকাগুলো কয়েক ইঞ্চি দেবে গেল।অন্ধকার আর ঠান্ডায় গ্রিফিথ একদম জমে গেছেন, তবুও হাল ছাড়লেন না। গাড়িটা পেছানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন। পেছনের চাকা দুটো কয়েকবার ঘুরপাক খেল, কিন্তু সামনের চাকাগুলো খুব বাজেভাবে কিসে যেন আটকে আছে। গাড়ি নড়ছে না কিছুতেই। শেষ পর্যন্ত ঘটনাটা আবিষ্কার করার পর শীতল একটা স্রোত যেন নেমে গেল তাঁর মেরুদণ্ড বেয়ে। তাঁর গাড়িটা আটকে গেছে রেললাইনে। ষাটোর্ধ্ব জুন কী করবেন, কিছুই বুঝে উঠতে পারলেন না। হতাশ না হয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে গেলেন—গাড়িটাকে যদি একটু নড়ানো যায়।গ্রিফিথের ভাগ্যই বলতে হবে, সে সময় ডেলওয়্যার টেকনিক্যাল অ্যান্ড কমিউনিটি কলেজের ছাত্র জর্ডান রিকস পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গ্রিফিথের গাড়িটা চোখে পড়তেই তিনি ছুটে আসেন। ২২ বছরের রিকস সম্ভাব্য দুর্ঘটনার কথা ভেবে শিউরে উঠলেন। তিনি জানেন, যেকোনো মুহূর্তে ধেয়ে আসবে ট্রেন। আর যদি ট্রেন চলে আসে, তাহলে কী হবে? আর ভাবতে চাইলেন না তিনি। মাথা ঠান্ডা রেখে তিনি গ্রিফিথের পাশে দাঁড়ালেন—‘গাড়িটা নিউট্রাল করুন।’ রেললাইনে আটকে পড়া গাড়ির চাকা দেখে রিকস সিদ্ধান্ত নিলেন—যেভাবেই হোক, গাড়িটাকে সরাতে হবে, মাত্র ছয় ইঞ্চি। গাড়ির সামনের দিকে হাত লাগিয়ে আপ্রাণ চেষ্টা করলেন, একটুও নড়াতে পারলেন না। রিকসের মাথায় তখন ঘুরপাক খাচ্ছে একটাই কথা—‘মাত্র ছয় ইঞ্চি সরাতে পারলেই...!’ সবটুকু শক্তি দিয়ে রিকস আবার চেষ্টা করলেন, কিন্তু গাড়িটা যেন রেললাইনে একদম গেঁথে গেছে।প্রায় ৫০ ফুট দূরে দাঁড়িয়ে ডেলওয়্যার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কয়েকজন ছাত্র ঘটনাটা লক্ষ করছিলেন। সাহায্যের জন্য রিকস তাঁদের ডাকতেই তাঁরা পাঁচজন দৌড়ে এলেন। তাঁদের মধ্যে কয়েকজন ল্যাম্বডা ভ্রাতৃসংঘের সদস্য। ঘটনা দেখে তাঁরা একেবারে ঘাবড়ে গেছেন। রিকস তাঁদের বোঝালেন—একটু সাহায্য করেন ভাই, উনি আমাদের যে কারও নানি বা দাদি হতে পারতেন। ছাত্ররা এগিয়ে এলেন। রিকসের অনুরোধে সবাই গাড়ির চারপাশে দাঁড়ালেন। সবাই সর্বশক্তি দিয়ে গাড়িটা সরানোর চেষ্টা করলেন—এক, দুই, তিন। কিন্তু না, গাড়ি তো একটুও নড়ছে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সবার মনে হলো, রেললাইন যেন একটু কাঁপছে। সবাই তাকালেন সিগন্যাল বাতির দিকে। হ্যাঁ, লাল বাতি জ্বলছে, দুই পাশের রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই দূরে দেখা গেল ট্রেনের তীব্র আলো। গর্জন তুলে ছুটে আসছে ট্রেনটা। সবাই চিৎকার করে গ্রিফিথকে ডাকছেন—নেমে আসুন, তাড়াতাড়ি। রেলগেটে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও চিৎকার করে গ্রিফিথকে নামতে বলছে। গ্রিফিথ অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে রইলেন; ঘটনার আকস্মিকতায় তিনি যেন পাথর বনে গেছেন, অনেক চেষ্টা করেও পা দুটো নড়াতে পারছেন না। গাড়ির আয়নায় তিনি পরিষ্কার দেখলেন, পেছন থেকে ছুটে আসছে ট্রেন। গ্রিফিথ নিশ্চিত হয়ে গেলেন, বাতের ব্যথা নিয়ে তিনি কিছুতেই আর উঠতে পারবেন না এবং তাঁর গাড়ির ওপর দিয়েই চলে যাবে ট্রেনটা। সে সময় ভ্রাতৃসংঘের ২০ বছরের এক তরুণ টমি স্টেকহাউস গ্রিফিথের চোখের দিকে তাকালেন এবং বুঝে গেলেন, তাঁকে কী করতে হবে। টমি দৌড়ে গিয়ে হ্যাঁচকা টানে গাড়ির দরজা খুলে ফেললেন। ট্রেন ছুটে আসছে। আর মাত্র কয়েক শ ফুট দূরে। আর মাত্র কয়েক সেকেন্ড। টমি গ্রিফিথের এক হাত ধরে তাঁকে টেনে তুললেন। বন্ধু ফ্র্যাঙ্ক ধরলেন গ্রিফিথের আরেক হাত। দুজনে মিলে গ্রিফিথকে গাড়ি থেকে তুলে এনে পড়লেন রেললাইনের পাশে। সবার চোখের সামনে ট্রেনের চাকার নিচে গাড়িটা লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল। গাড়ির বিভিন্ন অংশ উড়ে গেল চারদিকে।আতঙ্কে-হতাশায় চিৎকার করে কেঁদে উঠলেন গ্রিফিথ। খানিক পর যথারীতি পুলিশ এল, রেকার দিয়ে ভাঙা গাড়িটা সরিয়ে নিল এবং অসতর্কভাবে গাড়ি চালানোর জন্য গ্রিফিথের নামে মামলা করে দিল। উদ্ধারকারী ছাত্ররাও যে যাঁর বাড়ি চলে গেলেন। ঘটনার এখানেই শেষ হতে পারত। ছেলে ব্যারিও একটু দেরি করে ফিরে এসেছিল বাসায়। কিন্তু না, কয়েক দিন পর ঘটনা শুনে এগিয়ে এলেন স্থানীয় এক সাংবাদিক। কথা বলার জন্য তিনি এক কফি শপে গ্রিফিথ এবং সেই ছাত্রদের নিয়ে বসলেন।গ্রিফিথ উদ্ধারকারী ছাত্রদের জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রিকস ও ভ্রাতৃসংঘের সদস্যদের চোখেও জল। সেদিনের কী ভয়াবহ বিপদই না ধেয়ে এসেছিল তাঁদের দিকে। গ্রিফিথের গাড়িটার বিমা করানো ছিল। তিনি দুঃখের সঙ্গে জানালেন, বিমা কোম্পানি জানিয়ে দিয়েছে, তারা তাঁকে নতুন কোনো গাড়ি দিতে পারবে না। এদিকে তিনি কোথায় পাবেন গাড়ি কেনার টাকা? সাংবাদিক আর ছাত্ররা মিলে ভাবতে লাগলেন—কিছু একটা করা উচিত।সেই রাতে স্থানীয় টেলিভিশন চ্যানেলের সংবাদে গ্রিফিথের খবরটি প্রচার করা হলো। সেই খবর পরিবারের চোখে পড়ল, যাঁরা তাঁদের একটি পুরোনো বাড়ি (১৯৯৮ মডেলের ভলভো) অলাভজনক কারিগরি প্রতিষ্ঠান গুডউইলকে দান করতে যাচ্ছিলেন। কিন্তু গ্রিফিথের দুর্দশা দেখে তাঁরা মত পাল্টালেন এবং গাড়িটা তাঁকেই দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অল্প কিছু কাজ করালেই গাড়িটা ঠিকঠাক চলবে। সবার ভালোবাসায় ধন্য গ্রিফিথ শুধু একটা কথাই বললেন, ‘এই ছেলেগুলো সত্যিকারের নায়ক।’রিকস তাঁর বিনয় প্রকাশ করলেন কিছুটা অন্যভাবে—‘জীবনে কিছু মুহূর্ত আসে যখন সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হয়, আর তখনই আমরা বুঝতে পারি, জীবন কত মূল্যবান!’রিডার্স ডাইজেস্ট অবলম্বনে আশীষ ভট্টাচার্য্য