পথেরহাটে সড়কজুড়ে খানাখন্দ
রাউজান উপজেলার রাউজান-নোয়াপাড়া সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। এই সড়কের পথেরহাট এলাকার প্রায় এক কিলোমিটারজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই পাহাড়ি ঢলের পানি ও কাদায় ডুবে যায় সড়কটি।দক্ষিণের কাপ্তাই ও উত্তরের রাঙামাটি সড়কের সঙ্গে এই সড়কটি সংযুক্ত। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষজন এই সড়কপথেই কাপ্তাই ও রাঙামাটিতে যাতায়াত করে। পথেরহাটের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, বৃষ্টি হলেই সড়কটি পরিণত হয় পানিপ্রবাহের নালায়। এ কারণে সড়কটির ইট-সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।ব্যবসায়ী আবদুর রহমান বলেন, রাউজান-নোয়াপাড়া সড়কটিতে চলাচল দুঃসাধ্য। বিশেষ করে পথেরহাট এলাকায় ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এসব কারণে বছরজুড়ে এখানে যানজট লেগেই থাকে। স্থানীয় মানুষজনের অভিযোগ, কেবল রাউজান-নোয়াপাড়া সড়ক নয়, উপজেলার প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কের অবস্থাই বেহাল। এসব সড়কের ধার ঘেঁষে বিপণীকেন্দ্র নির্মাণ করা হলেও পানি সরার জন্য নালা-নর্দমা রাখা হয়নি। ফলে এই বর্ষায় সব সড়কই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার চৌমুহনী এলাকার হাফেজ বজলুর রহমান সড়ক, উপজেলা সদরের মাওলানা দোস্ত মোহাম্মদ সড়ক ও গহিরা চৌমুহনীর ওয়াদুদিয়া সড়কেও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার দক্ষিণাংশের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা পথেরহাটে বিভিন্ন কাজে প্রতিদিন শত শত মানুষ আসা-যাওয়া করে। এ ছাড়া কাপ্তাই ও রাঙামাটিগামী মানুষজনও এই এলাকা দিয়ে যাতায়াত করে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে ভবন নির্মাণ করা হলেও নেই নালা-নর্দমা। ফলে বৃষ্টি হলেই রাস্তাটি প্লাবিত হয়।এ প্রসঙ্গে রাউজান পৌরসভার কাউন্সিলর বশির উদ্দিন খান বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ভবন নির্মাণ করা হয়েছে নালা-নর্দমার জন্য জায়গা না রেখেই। এ কারণে নালা নির্মাণ করার জন্য প্রয়োজনীয় জায়গা বের করা যাচ্ছে না।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, স্থানীয় প্রভাবশালীরা সড়ক ঘেঁষে এসব অবকাঠামো নির্মাণ করেছেন। নালার ব্যবস্থা না রাখার করণেই বৃষ্টিতে রাস্তা প্লাবিত হচ্ছে এবং দ্রুত ভাঙছে।