ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে তিন বছর আগে দুই পালা (শিফট) চালু করা হলেও নতুন শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। বিদ্যালয়ের দুই পালার জন্য ৫৩ জন শিক্ষক প্রয়োজন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ শিক্ষক আছেন ২৫ জন। প্রতি পালায় পাঠদান করছেন ১২ জন শিক্ষক। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ।ফেনী জেলার সবচেয়ে পুরোনো এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৮৬ সালে। লেখাপড়ার মানও ভালো। ২০০৮ সালে ফেনীর দুটি ও কুমিল্লার পাঁচটিসহ মোট সাতটি সরকারি বিদ্যালয়ে দুই পালায় পাঠদান শুরু হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের আরও ৮০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই পালা চালু হয়। এসব বিদ্যালয়ের জন্য নতুন পদ সৃষ্টি করে শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ফেনীর দুটি বিদ্যালয়সহ সাতটি বিদ্যালয়ে এখনো শিক্ষকের পদই সৃষ্টি করা হয়নি। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে এক হাজার ২২১ জন। বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে দুজন শিক্ষক দুই পালায় পাঠদান করছেন। ইংরেজি বিষয়ে আরেকজন শিক্ষক থাকলেও তিনি প্রেষণে অন্য বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। শিক্ষক-স্বল্পতার কারণে শ্রেণীপ্রতি শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে নবম শ্রেণীতে ২৩৩ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগের ১৫৬ জন শিক্ষার্থীকে একটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পেছনে বসলে তারা শিক্ষকের কথা শুনতে পায় না। বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনকে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেসব শ্রেণীতে দুটি করে শাখা আছে সেখানেও শিক্ষার্থী রয়েছে গড়ে ৮৫ জনের মতো। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর মো. নুরুল আমিন বলেন, ‘বিদ্যালয়ে দুই শিফট চালুর পর শিক্ষকের পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ফাইলও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকের পদ সৃষ্টি হয়নি।’ বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছে, বিদ্যালয়ের পুরোনো জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবনে ক্লাস করতে তাদের ভয় হয়। অভিভাবক মমিনুল হক বলেন, ‘নতুন শিক্ষকের পদ সৃষ্টি ও বিদ্যালয় ভবন সংস্কার করা না হলে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ভেঙে পড়বে।’