পদকজয়ী সালমা পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা পারভীন
সালমা পারভীন

‘প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নারীর অংশগ্রহণ রয়েছে। আমিও চাই আনসার বাহিনীর কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে।’ কথাগুলো সালমা পারভীনের। এমন কথা তিনি বলতেই পারেন। কেননা এই তো ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি ‘রাষ্ট্রপতির আনসার (সেবা) পদক’ গ্রহণ করেছেন নিজের কাজের পুরস্কার হিসেবে। সালমা পারভীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সফিপুর আনসার ভিডিপি একাডেমি-১ মহিলা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক।
১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীতে যোগ দেন সালমা। জানালেন তাঁর বাবা আবদুল বারীর চাকরির কারণে ঢাকার শাহজাহানপুরে জন্ম ও বেড়ে ওঠা। গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চর বড় লামছিধোলিতে। শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বসেন বিসিএসে। সেবার বিসিএস থেকে আনসার বাহিনীতে নিয়োগ পান ২১ জন। নারী ছিলেন মাত্র দুজন। এখন আনসার বাহিনীতে প্রথম শ্রেণির নারী কর্মকর্তা রয়েছেন ২৪ জন—জানালেন সালমা।
বাংলাদেশে প্রথম মহিলা আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠাতা কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সালমা পারভীন। ২০১৪ সালের ২৬ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ মহিলা ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন এবং সরাসরি তাঁদের তদারকিও করেন তিনি। সালমা পারভীন মনে করেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, যাদের অধিকাংশই স্বাবলম্বী নন। কিন্তু বিশ্বজুড়ে নারীদের অবস্থান দ্রুত পাল্টে যাচ্ছে। বললেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথম ব্যাপক পরিসরে জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। যে কারণে আজ প্রায় ৩০ লাখ নারীÿসদস্য আনসারে থেকে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’
সালমা পারভীনের স্বামী মো. মোফাজ্জল হোসেন। তিনি একজন ব্যাংকার। পাঁচ বছর বয়সী মেয়ে কাশফিয়া নাহরিন ও তিন বছর বয়সী ছেলে আরহাম শাহরিয়ারকে ব্যস্ততার ফাঁকে সময় দেন।
সালমা পারভীন আরও দক্ষতা দেখিয়ে এগিয়ে যেতে চান তাঁর কাজের ক্ষেত্রটিতে। আর চান সব ক্ষেত্রে নারীরা সমান তালে ভূমিকা রাখুক।