পদকের সঙ্গে এল বিয়ের পয়গাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকের পদক নেওয়ার মঞ্চে হে জিকে বিয়ের প্রস্তাব দিলেন তাঁর বন্ধু কিন কাই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রস্তাবকে রোমান্টিক বলে মন্তব্য করা হচ্ছে। ছবি: এএফপি।
অলিম্পিকের পদক নেওয়ার মঞ্চে হে জিকে বিয়ের প্রস্তাব দিলেন তাঁর বন্ধু কিন কাই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রস্তাবকে রোমান্টিক বলে মন্তব্য করা হচ্ছে। ছবি: এএফপি।

অলিম্পিকের আসরে মেয়েদের ডাইভিংয়ে রুপা জিতেছেন চীনের হে জি। পদক নেওয়ার সময় এ আনন্দ ধরে না রাখতে পেরে তিনি কাঁদতে শুরু করেন। ঠিক এ সময় ঘটল আরেকটি আনন্দময় ঘটনা। তা হলো বিয়ের পয়গাম। চীনের পক্ষ থেকে ছেলেদের ডাইভিংয়ে পদকজয়ী ডাইভার কিন কাই বলেই ফেললেন যে তিনি হে জিকে বিয়ে করতে চান। হে জিও এতে রাজি। গতকাল রোববার ব্রাজিলের রিও ডি জেনিরোতে এ ঘটনা ঘটে।
তখন চীনের ডাইভার হে জি অলিম্পিকে তাঁর সদ্য-জেতা রুপার পদকটি হাতে নিতে ব্যস্ত ছিলেন। তখনো জানেন না, আর কী ঘটতে চলেছে তাঁর জীবনে! হুট করেই অনেক দিনের পরিচিত বন্ধুটি হে জির সামনে হাজির। হাঁটু গেড়ে বসে। হাতে তখন আংটি, মুখে বিয়ের প্রস্তাব!
গত সপ্তাহেই পুরুষদের তিন মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কিন। তিন মিটার স্প্রিংবোর্ডে হে জিও পদক জিতে পদক নেওয়ার মঞ্চে। সেখানেই এ আনন্দময় ঘটনা। আকস্মিক বিয়ের প্রস্তাবে হে জি হকচকিয়ে গেলেও শেষমেশ ‘হ্যাঁ’ বলেই ফেলেন। সারা বিশ্বই টেলিভিশনের বদৌলতে দেখে ফেলল বিয়ের প্রস্তাব দেওয়ার ওই রোমান্টিক দৃশ্য।
হে জি বলেন, ‘আমরা প্রায় ছয় বছর ধরে প্রেম করছি। কিন্তু সে যে আজ, এমন মুহূর্তে বিয়ের প্রস্তাব দেবে, তা একদমই ভাবতে পারিনি। আগে সে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তবে আমি মনে করি, বাকি জীবনটা তাঁর ওপর আস্থা রাখা যায়।’
পদক নেওয়ার পরপরই কিন যখন লাল রঙের ছোট ভেলভেটের বাক্সটি তাঁর সামনে খোলেন, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন হে জি। সম্মতি দেওয়ার পর কিন সেই আংটি পরিয়ে দেন প্রেমিকার আঙুলে। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।
অলিম্পিক আসরের এ ঘটনায় এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, অলিম্পিকের মতো বিশ্ব আসরে এমন বিয়ের প্রস্তাব পদক বিতরণী অনুষ্ঠানের গুরুত্ব কমিয়ে দিয়েছে। এমনকি এতে হে জির রুপার পদক জেতাও ম্লান হয়ে গেছে বলে মন্তব্য এসেছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবুতে অনেকেই এই বিয়ের প্রস্তাবকে ‘মিষ্টি আর রোমান্টিক’ বলে মন্তব্য করেছেন। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স।