পদক্ষেপ নেওয়ার এখনই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিঠি দিয়ো প্রতিদিন, চিঠি দিয়ো—ই-মেইল, ফেসবুকের যুগে এই গান পরিবর্তিত হয়ে অনেক আগেই ‘মেসেজ দিয়ো প্রতিদিন, মেসেজ দিয়ো’-তে রূপান্তরিত হয়েছে। অথচ একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু ফোন, ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর চিঠি হয়ে গেছে দুর্লভ। বাংলাদেশ ডাক বিভাগ নিয়ে এখন আর কেউ খুব বেশি অভিযোগ করে না। করবে কীভাবে? এখন তো কেউ চিঠিই লেখে না! তার পরও কয়েক দিন ধরেই চিঠি নিয়ে খুব আলোচনা হচ্ছে। কারণ, চিঠির হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য নাকি কঠিন পদক্ষেপ নিয়েছেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা। শোনা যাচ্ছে, বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের জন্য বিদেশি একটি রাষ্ট্রের কাছে চিঠি লিখেছেন জনৈক রাজনীতিবিদ। অভিযুক্ত রাজনীতিবিদ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে যা-ই হোক, রাজনীতিবিদেরা সাধারণত সময়োপযোগী পদক্ষেপ নেন না। কিন্তু চিঠিকে আবার লাইমলাইটে আনার পদক্ষেপটি অত্যন্ত সময়োপযোগী। যখন চিঠি অনেকটাই বিলুপ্ত, পাঠ্যপুস্তক কিংবা পরীক্ষার প্রশ্নে ‘পত্র লেখো’র সঙ্গে জায়গা করে নিয়েছে ‘ই-মেইল লেখো’, ঠিক তখনই রাজনীতিবিদদের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার। অনেকে বলছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিদেশি পত্রিকায় চিঠি লিখেছেন ওই শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। আরে ভাই, রাজনীতিবিদেরা কখনো দেশের ভাবমূর্তির কথা ভাবেন নাকি? অন্তত চিঠি লেখার মাধ্যমে যে একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার হচ্ছে, তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আফসোসের ব্যাপার হচ্ছে, মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। ভেবে দেখুন, ওই রাজনীতিবিদ চিঠি লিখুন আর না লিখুন, চিঠি লেখা-সংক্রান্ত এই আলোচনায় সবার মনে পড়বে ‘আগে কী সুন্দর চিঠি লিখতাম’! অনেকেই নতুন উদ্যমে চিঠি লেখা শুরু করবে। পরীক্ষায় প্রশ্ন আসবে, ‘তোমার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিদেশি পত্রিকার কাছে একটি পত্র লিখো।’ তা ছাড়া এই উদ্যোগের প্রভাব সুদূরপ্রসারী। চিঠি লেখার সংস্কৃতি পুনরায় চালু হলে খুশি হবে দেশের ডাক বিভাগ এবং খাম ব্যবসায়ীরা। তাই কর্তৃপক্ষকে এখনই এসব ব্যাপার নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আশার কথা এই যে এত আলোচনার ফল হিসেবে চিঠি লেখার সংস্কৃতি বোধ হয় পুনরায় চালু হয়েই যাচ্ছে। কারণ, বিরোধী দল বলেছে, আগে কোনো চিঠি না লিখলেও জিএসপির ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য এবার তারা ঠিকই চিঠি লিখবে। পাঠক, আপনারাও আমাদের কাছে চিঠি লিখুন। শুরু হোক চিঠি লেখার উৎসব।