পদক্ষেপ নেওয়ার এখনই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ড, রাজস্ব বোর্ড, ক্রিকেট বোর্ডের মতো কোনো বোর্ড না হয়েও আলোচনার বিষয় হিসেবে ঠিকই জায়গা করে নিয়েছে বিলবোর্ড। সরকার বিলবোর্ড স্থাপন করেছে—খবরটা শুনেই অনেকে আনন্দে আত্মহারা হয়ে ভেবেছিলেন, ঢাকার বিলুপ্ত হয়ে যাওয়া জলাশয়-খাল-বিল ইত্যাদি উদ্ধার ও সংস্কারের জন্য একটি পূর্ণাঙ্গ খালবোর্ড অথবা বিলবোর্ড গঠন সময়ের দাবি ছিল। সরকার সেই কাজটিই করেছে। ওদিকে দৈনিক পত্রিকার ফিচার লেখকেরা ভেবেছিলেন, সরকার বোধ হয় তাঁদের লেখার বিল নির্ধারণ করতে বিলবোর্ড গঠন করেছে। পরবর্তী সময়ে দেখা গেল, ঘটনা তা নয়। এই পাঁচ বছরে সরকার কী কী উন্নয়ন করেছে তার বিজ্ঞাপনী বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বুদ্ধিটা খারাপ নয়। রাজনীতিবিদদের কথা অনেক সময়ই সব বয়সী মানুষের পক্ষে সহ্য করা কঠিন। রাজনৈতিক সব কর্মকাণ্ড যদি বিলবোর্ডেই সীমাবদ্ধ থাকে, তাহলে হয়তো দেশের মানুষের ভোগান্তি কিছুটা কমবে। যেমন সরকার বিলবোর্ড দেবে, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’, তার বিপরীতে বিরোধী দল বিলবোর্ড দেবে, ‘এই নির্বাচন মানি না’। তাতেও কাজ না হলে বিরোধী দল ‘সকাল-সন্ধ্যা হরতাল’ লেখা আরেকটা বিলবোর্ড দেবে। এই বিলবোর্ড দেওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো বিলবোর্ড স্থাপন করা যাবে না। হরতাল শেষে আবার আগের মতো বিলবোর্ড রাজনীতি চলতে থাকবে। এতে করে বিলবোর্ডের সংখ্যা অনেক বেড়ে যাবে। কিন্তু বাড়লেই কী? মানুষ কিছুটা হলেও তো শান্তি পাবে! তা ছাড়া দেশের পাখিদের বিনোদনের কোনো জায়গা নেই। শহরে আগে অনেক গাছপালা ছিল। এখন গাছ নেই, পাখিদের বসার জায়গাও নেই। এই পাখিগুলো যে কোথাও শান্তিমতো বসে দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা শীর্ষক আলোচনা করবে, তার উপায় নেই। শহরে নতুন নতুন বিলবোর্ড আসায় পাখিগুলো আলোচনার বেশ কিছু নতুন ভেন্যু পাবে। উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলে বিলবোর্ডের ওপর বসে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবে। কিন্তু সমস্যা হলো, কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে ভাবছে না। ভাবলে কিন্তু কর্তৃপক্ষেরই লাভ। কারণ, বিলবোর্ড বসাতে হলে একটা ফরম পূরণ করে কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হবে। বিলবোর্ডের সবকিছু মনোনীত হলে তবেই অনুমোদন দেওয়া হবে। এতে করে দেশের রাজস্ব বোর্ড প্রচুর পরিমাণ রাজস্ব পাবে। অর্থনীতির চাকা হবে সচল। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটি ভেবে দেখবে।