পদে পদে ভোগান্তি
বাড়ির পাশেই ছোট্ট বাজার, কাজের ছেলেটাকে দিয়ে নিমিষেই নিয়ে আসা যায় দুই টাকার মরিচ, চারটা বেগুন কিংবা এক পোয়া টমেটো। বাড়িতে ফেরার সময় সড়কের পাশের দোকান থেকে কিনে আনা যায় নিত্যদিনের তরকারি ও প্রয়োজনীয় জিনিস। কিন্তু এসবই আবার তাঁদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সড়কের পাশে বা ফুটপাতে বিকিকনির কারণে লোকসমাগম হয়, এতে অনেক সময় আটকে পড়ে রিকশা-অটোরিকশা। এখানে পণ্যের দামও খুব একটা কম নয় বলে ক্রেতাদের অভিযোগ। নগরের কয়েকটি পথের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। রাস্তার ওপর কিংবা পাশের ফুটপাত দখল করে বসা এই বাজারে প্রায় সব ধরনের শাক, সবজি, পেঁয়াজ, রসুন, আদা, শুঁটকি সবই বিক্রি হয়। লালখান বাজার চাঁনমারি সড়কের বাজারে আসা মো. মাসুদুল হক বলেন, ‘বড় বড় বাজারগুলোতে যে দামে শাক-সবজি বিক্রি হয় এখানেও সেই দামেই বিক্রি হচ্ছে। উল্টো অনেক বিক্রেতা বেশি দাম হাঁকেন।’ ]বাঘাঘোনা এলাকার বাসিন্দা শিউলি আকতার বলেন, ‘বাজারের সব বর্জ্য ফেলা হয়। এতে মানুষের চলাফেরা করতে সমস্যা হয়।’ নবাব সিরাজদ্দৌলা সড়কের ফুটপাতের বাজারটা অনেক পুরোনো। এখানে মৌসুমি শাক-সবজি আর মাছ বিক্রি হয়। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘এই বাজার থাকায় নিত্যপ্রয়োজনীয় শাক সবজি কিংবা মাছ কিনতে এলাকার লোকজনের সুবিধা হয়। কিন্তু নতুনভাবে তৈরি করা এ সড়কের সব সৌন্দর্য্য কেড়ে নিয়েছে ফুটপাতের অবৈধ বাজার। হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রী রুবা রহমান জানান, ‘এ সড়কের ফুটপাত দিয়ে হাঁটা-চলা করা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত এখানে বাজার বসে। আমরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে হাঁটাচলা করি।’ চকবাজার কাঁচা বাজারের গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে ওঠেছে আরও একটি বাজার। এ বাজারের কারণে সেখানে সারাদিনই যানজট লেগে থাকে। বাজার করতে আসা লোকজন সড়কের ওপরই তাদের গাড়ি রাখেন। একইভাবে সিটি কলেজ সড়কের মোড়ে প্রতিদিন বিকালে বসে মাছের বাজার। চারটা থেকে রাত ১২ টা পর্যন্ত বাজার জমজমাট থাকে। এখানে ভালো ও তাজা মাছ পাওয়া যায়, তাই অনেকে এখানে যান। সন্ধ্যার সময় এখানে এমনিতেই গাড়ি চলাচল বেড়ে যায়। তার ওপর বাজার বসায় লোক চলাচলে সমস্যা হয়, প্রায় সময় যানজট হয়। জামাল খান সড়কের সিঁড়ির গোড়া এলাকায় ফুটপাতে কাঁচা শাকসবজির দোকান বসে। একসময় সকালে বিক্রি করে দোকান গুটিয়ে নিতেন বিক্রেতারা। স্থানীয়রা জানান, গত ছয়মাসে এটি সকাল বিকেলে রাতের স্থায়ী বাজারে পরিণত হয়েছে। পথচারী মো. সাজিদুল ইসলাম বলেন, ‘জামালখান হেলদি ওয়ার্ড। অথচ এখানে মাছের বাজার বসে। ‘হেলদি ওয়ার্ডের পরিচ্ছন্নতা বলতে কিছুই নেই। এ ছাড়াও মোমিন সড়ক, ওয়াসার মোড়ে পল্টন সড়ক, আগ্রাবাদ বড় পুল, ষোলশহর ২ নম্বর গেইট, সদরঘাট নালাপাড়া গলির মুখে, স্টিল মিল বাজার, ইপিজেড, মোগলটুলী, পাহাড়তলী ঝাউতলা এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর বাজার বসে। এইসব বাজার স্থানীয়দের জন্য সাময়িক কিছু সুবিধা দিলেও স্থায়ীভাবে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃসিম করছে বলে সংশ্লিষ্টরা স্বীকার করেন।