পদোন্নতি যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক শিক্ষার্থীর বিসিএস ক্যাডার হিসেবে চাকরি করার স্বপ্ন থাকে। প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হিসেবে দেশের সেবা করার চেয়ে বড় পথ হয়তো চোখে পড়ছে না অ্যানির মতো অনেকের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর পরীক্ষা শেষ করা নাইমা এবারই প্রথম বিসিএস পরীক্ষা দেবেন। তিনি চান, নিজে চাকরি করে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে। প্রশাসন ক্যাডারে ‘সহকারী সচিব’ পদে নিয়োগ পেতে পরীক্ষা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্র বেলাল। তবে তাঁর ইচ্ছা, সচিব হওয়ার। জেনে নেওয়া যাক প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন-ভাতা কত আর কীভাবেই বা হয়ে থাকে পদোন্নতি। একজন বিসিএস ক্যাডার কর্মকর্তার শুরুর বেতন ৫৯০০-৩৮০×৭-৮৫৬০-ইবি-৪১৫×১১-১৩১২৫। প্রথম শ্রেণীর কর্মকর্তারা নিজের বেতন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছার এক বছর পর তাঁদের চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে এবং এ-সংক্রান্ত প্রচলিত শর্তাদি পূরণ সাপেক্ষে তাঁদের পদের বেতন স্কেলের পরবর্তী স্কেলটি উচ্চতর স্কেল হিসেবে প্রাপ্য হবেন। পদোন্নতি ছাড়া একই পদে চাকরিজীবনে তিনি একটির বেশি উচ্চতর স্কেল প্রাপ্য হবেন না। মূল বেতন ছাড়া রয়েছে বিভিন্ন ভাতা। এর মধ্যে আছে চিকিৎসা, বাড়িভাড়া, যাতায়াত, উৎসব, বিনোদন ও শ্রান্তি, টিফিন, ধোলাই, কার্যভার, ভ্রমণ, প্রেষণ, আপ্যায়ন, শিক্ষা-সহায়ক ভাতা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যে পদেই নিযুক্ত হন না কেন, আপনার সততা, নিয়মানুবর্তিতা, বিচক্ষণতা ইত্যাদি যথাযথ প্রমাণ করতে পারলেই খুব সহজে আপনার পদোন্নতি হতে পারে। প্রশাসন ক্যাডার বিভাগে সহকারী সচিব থেকে আপনি সিনিয়র সহকারী সচিব, সেখান থেকে উপসচিব, এভাবে পর্যায়ক্রমে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পথ পাড়ি দিয়ে ‘সচিব’ হতে পারেন। এ ছাড়া বিসিএস পুলিশ বিভাগে এএসপি হিসেবে যোগ দিয়ে হতে পারেন সিনিয়র এএসপি, অ্যাডিশনাল এএসপি, এসপি, ডেপুটি কমিশনার, সেখান থেকে এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, পরে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), এডিশনাল আইজি এবং এরপর হতে পারেন আইজি। এভাবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত আসতে বেশ কিছু ধাপ পার করতে হয়। এভাবে যেকোনো ক্যাডারেই আগের বছরের কাজের মূল্যায়ন ও বার্ষিক গোপনীয় প্রতিবেদনের (এসিআর) ওপর ভিত্তি করে আপনাকে পদোন্নতি দেওয়া হবে।