পদ্মার ইতিবৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দ পার হয়ে ছুটছে ফেরি। সন্ধ্যা হয়ে এসেছে। এখানে আকাশ অনেক বড়। বর্ষার পদ্মাও হয়ে উঠেছে দিগন্তহীন। নদী কি বর্ষায় এসে সমুদ্র হয়ে যায়? খটখটে শীতে এই পদ্মার বুকে জেগে ওঠে কত চর! তখন পদ্মা দেখে কষ্ট হয়। এখন পদ্মার বুকে জল আর জল।ফেরির চারতলায় দেখা যায় পঞ্চাশের কাছাকাছি বয়সী একজনকে, যিনি এক কলেজছাত্রকে বলে যাচ্ছেন পদ্মার ইতিবৃত্ত। একটু কথা হলে জানা হয়ে যায়, তিনি বাসচালক। নদীর ব্যাপারে এত কিছু জানলেন কী করে! ইঞ্জিনের প্রচণ্ড শব্দ উপেক্ষা করে চলতে থাকে আমাদের কথোপকথন।‘আপনার নাম?’‘নাম মুজিবর।’‘দেশের বাড়ি কই?’‘দেশের বাড়ি হইল মাদারীপুর জেলায়, রাজৈর গ্রাম।’‘আপনি তো বাস চালান। এতক্ষণ তো আপনি নদীর কথা বললেন। দেশের সব নদী মনে হয় আপনার চেনা। এটা কী করে হলো?’‘আমি সব রোডে গাড়ি চালাইসি তো। মনে করেন রাজশাহী, কুষ্টিয়া, ওই দিক দিয়া যমুনা হইয়া, আবার সৈয়দপুরে...।’‘আচ্ছা, বুঝছি, বুঝছি। এইবার বলেন, একটু আগে বলছিলেন এই পদ্মাটা সিঅ্যান্ডবি ঘাট হয়ে ওই দিক দিয়ে সামনে চলে গেছে...একটু বুঝিয়ে বলবেন?’‘পদ্মাটা ওই রাজশাহীর থিকা আসছে, বুঝছেন? রাজশাহীত্তে ঈশ্বরদী হইয়া, পাকশী হইয়া, কুষ্টিয়া হইয়া রাজবাড়ী দিয়া নগরবাড়ি হইয়া এইখানে আইসে। আর এই মেঘনা নদী, এইটা আইসে সিরাজগঞ্জ দিয়া, ভারত থিকা এই দিকে। এই দুইটা একসাথে হইসে। একসাথে হইয়া এই পদ্মা আর মেঘনা গিয়া মিলছে চাঁদপুরে।’ ‘আর সিঅ্যান্ডবি ঘাটের কথা যেন কী বলছিলেন?’‘এই যে এইখান দিয়ে নদীটা—মাঝখানে চর পড়ে সিঅ্যাম্বি (সিঅ্যান্ডবি) ঘাট চইলা গেছে। সিঅ্যাম্বি ঘাট থিকা মাওয়া দিয়া একেবারে আড়িয়াল খাঁ নদী পর্যন্ত চইলা গেছে। মানে মাঝখানে চর পইড়া মাওয়া গেছে একটা নদী। কিন্তু নদী একটাই। এই পদ্মা নদীটা ভাগ হইয়া আড়িয়াল খাঁ হইয়া গেছে। ওই আড়িয়াল খাঁ, পদ্মারা আবার চাঁদপুরে গিয়া একসাথে মিলছে।’‘ওই যে একটু আগে বলছিলেন, কোথায় যেন নদীটা চক্কর দেয়...।’‘ওইটা হইল চাঁদপুরে নদীর মোহনা। এই পদ্মা আর যমুনা তো এদিক থেকে যাচ্ছে আর ওই দিক থেকে মেঘনা আসছে। আর চাঁদপুরের পাশ দিয়া আসছে ডাকাতিয়া নদী। ওই নদীটা এই দিকে আসলে পরে ওই নদীতে হেভি স্রোত। ওই নদীর পানি এই দিক দিয়া আসে, মেঘনার পানিডা ওই দিক দিয়া যায়। আর পদ্মা-যমুনার পানি ওই দিক দিয়া যায়। তাই এইখানে এক বিশাল চক্কর হয়। চক্কর হইয়া পানি শরীয়তপুর হইয়া একদম সাগরে চইলা যায়।’ মানুষটার ঘরের খবর জানতে চাই।‘আপনার বউ-বাচ্চা আছে?’‘আছে। বাচ্চা তিনজন।’‘কী করে ওরা?’‘বড়টা মেয়ে। আইএ পড়ে। মেজটা ছেলে। নাইনে পড়তেসে। আরেকটা ফাইভে পরতেসে। ’‘আপনি তো সব সময় বাইরে বাইরে থাকেন, ওদের সঙ্গে দেখা হয় কখন?’‘না, তা হবে কেন। বাড়ি যাব। কাজ শেষ হইলেই বাড়ি যাব। খুলনায় বাড়ি করছি। সেখানেই ওরা থাকে।’‘বাবারে ছেলেমেয়েরা পছন্দ করে?’‘করে ইনশাল্লাহ!’‘নাকি বলে, তুমি আমাদের সময় দাও না, ঘুইরা বেড়াও। বলে?’‘না না, সেই সমস্যা নাই। আমি একদিন পর একদিন গাড়ি চালাই তো।’‘খুলনায় কোথায় থাকেন?’‘সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে। খুলনায় আমি বাড়ি করসি।’শেষ কথাটি বলার সময় মুজিবরের চেহারায় যে তৃপ্তি ফুটে ওঠে, তার তুলনা হয় না।