বেঁচে থাকলে আজ সাদিয়া ইসলামের বয়স হতো ২০।
গত ২৫ সেপ্টেম্বর ১৫ জন যাত্রী নিয়ে রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে ডুবে গিয়েছিল একটি নৌকা। সেই নৌকায় সাদিয়াও ছিলেন। ৮ দিন পর যখন তাঁর মৃতদেহ উদ্ধার হয়, তত দিনে শোক ছড়িয়ে পড়েছে তাঁর সহপাঠী—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও। কথা ছিল বিভাগের আলোকচিত্র প্রদর্শনীতে সাদিয়াও অংশ নেবেন। অথচ পুরো অনুষ্ঠানটিই তাঁকে উৎসর্গ করা হবে, কেউ ভাবতেও পারেনি।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া হয়তো তাঁর হাসিমুখের জন্যই সবার কাছে প্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু যে অংশ নিতেন তা নয়, পরিকল্পনা থেকে বাস্তবায়ন—সবকিছুতেই থাকত তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ২৫ সেপ্টেম্বর পদ্মার বুকে হারিয়ে যাওয়ার আগেই কথা হয়েছিল তাঁর শিক্ষক নিয়াজ মজুমদারের সঙ্গে। আলোকচিত্র প্রদর্শনীতে ছবি ও নাচের ভিডিও পাঠাবেন বলেছিলেন। একটি ভিডিও পাঠিয়েছিলেন, কিন্তু সেটা ঠিক মনঃপূত হয়নি। সাদিয়া বলেছিলেন, আরেকটু গুছিয়ে আবার পাঠাবেন। সেই সুযোগ আর হলো কই!
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগের আলোকচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। ‘ইনার আই’ নামের এই আয়োজনে অংশ নিয়েছেন সাদিয়ার বন্ধুরা। প্রদর্শিত হয়েছে সাদিয়ার পাঠানো নাচের ভিডিও, আর তাঁর তোলা ছবি। সাদিয়া ইসলামকে উৎসর্গ করা হয়েছে পুরো আয়োজন।
‘ইনার আই’ প্রদর্শিত হয়েছে ডিসেম্বরের প্রথম ১০ দিন। ইউটিউব-ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে সবারই এই প্রদর্শনী দেখার সুযোগ ছিল। ১৮ মিনিটের ভিডিওর শুরুতে ‘নকশিকাঁথার রাজার কন্যা, কোথায় তোমার বাড়ি? যেথায় ছাদে রোদের আসমান, মেঘের ভাড়া গাড়ি...’ গানের সঙ্গে নাচতে দেখা যায় সাদিয়াকে। এরপর একে একে আসে শিক্ষার্থীদের তোলা চমৎকার সব ছবি। আর সবশেষ বিভাগের শিক্ষার্থী সংগীতশিল্পী মিনার রহমানের গান—কয়েক মিনিটের জন্য হলেও আবিষ্ট করে রাখবে যে কাউকে।
‘আমাদের এই আয়োজন অফলাইনে যখন হয়েছে, শহিদুল ইসলাম, প্রয়াত আনোয়ার হোসেনসহ দেশসেরা ফটোগ্রাফাররা এসেছেন। এবার অনলাইনে হলেও পরিকল্পনা ছিল অনেক কিছু করার। আমাদের এই প্রদর্শনী তো দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়। কিন্তু সবকিছু থমকে গেল সাদিয়ার মৃত্যু সংবাদে। ও আমাদের খুব প্রিয় শিক্ষার্থী ছিল।’ বলছিলেন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের সহকারী অধ্যাপক নিয়াজ মজুমদার।
প্রদর্শনীর এই ভিডিও সামাজিক যোগযোগের মাধ্যমে নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে বেশ প্রশংসা পাচ্ছেন শিক্ষার্থীরা। বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনুপম দাস বলছিলেন, ‘অফলাইনে প্রদর্শনী করতে পারলে তো নিশ্চয়ই ভালো হতো। কিন্তু অনলাইনে করার সুবিধা হলো, আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বরনিমা গুপ্তার তিনটি ছবি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ‘কার্তিক ব্রত’ পূজার ছবিটি প্রশংসা পেয়েছে। ২০১৮ সালে এই ছবি তুলেছিলেন তিনি। ‘এই ছবিটা তুলতে আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম। কিন্তু ছবিটা কোথাও দিইনি। এই প্রথম দিলাম এবং প্রদর্শনীতে জায়গাও পেল।’ ফোনের ওপাশে স্বরনিমার উচ্ছ্বাস টের পাওয়া গেল।
‘ডিজিটাল ফটোগ্রাফি’ কোর্সের আওতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। করা হয় জমকালো আয়োজন। কিন্তু এবার অনলাইনে কেমন হলো? জানতে চেয়েছিলাম কোর্সের শিক্ষক নিয়াজ মজুমদারের কাছে। ‘অনলাইনে কিছু ইতিবাচক বিষয় আছে। প্রদর্শনী সরাসরি হলে শিক্ষার্থীরা আসে, অভিভাবকেরা আসেন। কিন্তু অনলাইনে হওয়ায় আমাদের দর্শক অনেক বেশি এবার। যুক্তরাষ্ট্র, কানাডাসহ সারা পৃথিবীর নানা প্রান্তের মানুষ এই প্রদর্শনী দেখেছে।’
ইউটিউবে যখন প্রদর্শনীর ভিডিও দেখছি, শুরুতেই ভেসে ওঠা সাদিয়া ইসলামের পরিচিতিতে চোখ আটকে গিয়েছিল। জন্মতারিখের জায়গায় লেখা আছে—১৩ ডিসেম্বর ২০০০। কাকতালীয়ভাবে এই লেখা যেদিন ছাপা হচ্ছে, সেদিনই সাদিয়া ইসলামের জন্মদিন। শুভ জন্মদিন সাদিয়া।