মুক্তিযুদ্ধ ও সংগীতে পপসম্রাট আজম খানের স্মৃতিচারণা আর শ্রদ্ধা নিবেদনই ছিল অনুষ্ঠানের মূল উপজীব্য। বক্তাদের কেউ বাকরুদ্ধ, কারও চোখ ছলছল। শ্রোতারাও ছিলেন পপসম্রাটের গুণমুগ্ধ ভক্ত, আগ্রহভরে শুনছিলেন তাঁর কীর্তিগাথা। ৮ জুন সন্ধ্যায় নগরের কদম মোবারকের মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে স্মরণসভার চিত্র ছিল এ রকমই। চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ) এ সভার আয়োজন করে। জ্যাকব ডায়েসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্পী আহমেদ নেওয়াজ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সিএমবিএর সভাপতি সুব্রত বড়ুয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চ্যানেল আইয়ের বিভাগীয় প্রতিনিধি চৌধুরী ফরিদ প্রমুখ। আহমেদ নেওয়াজ বলেন, ‘শিল্পীদের কদর এ দেশে হয় না। আজম খানের মতো গুণীজন অবহেলা ও অযত্নে পড়েছিলেন। দেশ থেকে কিছুই পাননি তিনি।’ বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আজম খানের গানেই আমাদের সমাজ ও দেশ ভাবনার জাগ্রত ভাব গভীর ভাবে ফুটে উঠত। এমন একজন বড় মাপের মুক্তিযোদ্ধা ও পপসম্রাট নিরহংকারী ও স্বাভাবিক জীবনযাপন করতেন—তা থেকে সবার অনেক কিছু শেখার আছে। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করতে হলে গুণী ব্যক্তিদের স্মরণ করতে হবে।’সুব্রত বড়ুয়া বলেন, ‘গুরুকে আমি কাছাকাছি পেয়েছি ১৯৭২ সাল থেকে। তখন আমরা সোলস ব্যান্ডে ছিলাম। সোলসের ২০ বছর পূর্তিতে আজম খানকে সংবর্ধনা দেওয়া হয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়নি—এটাই বড় দুঃখের বিষয়। তাঁর মতো হূদয়বান মানুষকে হারানো খুবই কষ্টদায়ক।’ষড়ঋতু ব্যান্ডের ভোকাল জুয়েলের সঞ্চালনে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিএমবিএর উপদেষ্টা সেলিম জাহান, সোলজারের জান্নাতুল ফেরদৌস, গীতিকার আশিক বন্ধু, নেক্সাসের আমিন, স্পার্কের জামাল, শাহজাহান, হিরো, এনাম প্রমুখ। সভায় ঢাকা শহরের একটি সড়ক আজম খানের নামে করার দাবি জানান।চবিসাসের সভাচট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থার উদ্যোগে (চবিসাস) প্রয়াত পপশিল্পী আজম খান ও পিলু মমতাজ স্মরণে গত বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগি মোড়ের বঙ্গবন্ধু ভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ফারুক হাসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, দিদার আশরাফী, আরিফ চৌধুরী, কাঞ্চন মহাজন, শাম্মী শিল্পী, নাজিমুদ্দীন চৌধুরী, বিপ্লব দাশগুপ্ত, নাসির হোসাইন, ওসমান জাহাঙ্গীর প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা আজম খান ও পিলু মমতাজের অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন। তাঁরা প্রয়াত দুই শিল্পীর গান আর্কাইভে সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।