পপির রান্নাবান্না
‘প্রায় চারবার রোস্ট রান্নার চেষ্টা করেছি, কিন্তু মনের মতো হচ্ছিল না। একবার আমার ছোট বোন বলল, ‘আপু, আমি রোস্ট বানিয়ে দিচ্ছি।’ রোস্টটা খেয়ে মনে হলো বিখ্যাত কোনো বাবুর্চির রান্না করা রোস্ট খেলাম। এরপর ওর কাছেই শিখে নিলাম রোস্ট রান্না।’ এভাবেই নানা ঘটনায় রান্নায় ভালোই হাত পাকিয়েছেন চিত্রনায়িকা পপি। নকশার পাঠকদের জন্য পপির ঈদ রেসিপি।মুরগির রোস্টউপকরণ: দুটি মাঝারি আকারের মুরগি, তিন কাপ টকদই, গোলমরিচের গুঁড়া, পোস্তদানা, জাফরান, গোলাপজল, পরিমাণমতো হলুদ, মরিচ, আদা, রসুন ও জিরাবাটা, লবণ, ঘি এক কাপ।প্রণালি: একেকটি মুরগি থেকে ৫ টুকরা মাংস বেছে নিতে হবে। এরপর এগুলো ভালো করে ধুয়ে নিন। টকদইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়া, জাফরান ছেড়ে দিন। তারপর মুরগির মাংস টকদইয়ের মধ্যে ভিজিয়ে দিন। প্রায় ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর টকদই থেকে মাংসগুলো তুলে আলাদা করে নিন। দই মেশানো মাংসে ভালো করে মসলা মাখিয়ে নিন। তারপর লবণ ছড়িয়ে দিন। এরপর আরও ১০ মিনিট রেখে দিন। একটি পাত্রে ঘি ঢেলে দিন। সেখানে মাংসগুলো ছেড়ে দিয়ে ভাজতে থাকুন। ২০ মিনিটের মতো মসলাসহ মাংস ভাজতে থাকুন। যখন আধা সেদ্ধ হয়ে আসবে, তখন দই ছেড়ে দিন মাংসের ওপর। ঢাকনা দিয়ে পাত্র ঢেকে দিন। তারপর আরও ২০ মিনিট জ্বাল দিয়ে নিন। হয়ে যাবে আপনার প্রিয় রোস্ট। কাশ্মীরি পোলাওউপকরণ: ১ কেজি পোলাওর চাল, পরিমাণমতো লবণ, পেঁয়াজ কুচি, কিশমিশ, কাজুবাদাম ও ঘি।প্রণালি: প্রথমে পোলাওর চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চাল থেকে পানি ঝরাতে চালুনির ওপর পোলাওর চাল ছড়িয়ে দিন। পানি নিংড়াতে থাকবে।এই ফাঁকে পেঁয়াজ কুচি থেকে অর্ধেক পেঁয়াজ ভেজে নিতে পারেন। আর কিশমিশ দানা পানিতে ধুয়ে নিন।একটি মাঝারি আকারের পাত্র চুলায় বসিয়ে ঘি ঢেলে দিন। সেখানে বাকি অর্ধেক পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ লাল হয়ে এলে পোলাওর চাল ছেড়ে দিন। এবারে নাড়তে থাকুন। মিনিট ১০ চুলায় রেখে চাল নাড়তে নাড়তে একসময় দেখবেন, চালের রঙে একটু পরিবর্তন আসছে। এবার পরিমাণমতো পানি দিয়ে দিন, সঙ্গে পরিমাণমতো লবণ। কেউ ইচ্ছা করলে এলাচির বীচিও দিয়ে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার জ্বালটা বেশি জোরে না দেওয়াই ভালো। মিনিট ২০ পরেই দেখবেন ম-ম গন্ধ ছড়িয়ে পড়েছে। বোঝা যাবে আপনার বাসায় পোলাও রান্না হচ্ছে। এরপর ঢাকনা নামিয়ে নিন। কিশমিশের দানা ও কাজুবাদাম ওপরে ছড়িয়ে দিন। ভাজা পেঁয়াজ দিয়ে দিন পোলাওর ওপর। হয়ে গেল কাশ্মীরি পোলাও।আমার প্রিয় খাবারের একটি হচ্ছে পোলাও। যেকোনো অনুষ্ঠানে পোলাও বেশ মজা করেই খাই। একদিন বাসায় বসে আছি। ইচ্ছা হলো পোলাও খাব। কিন্তু কে রান্না করবে? বাসায় কেউই নেই। সিদ্ধান্ত নিলাম নিজেই চেষ্টা করি। মাকে ফোন করলাম। মা ফোনেই বলে দিলেন। রান্না শিখে ফেললাম।গরুর ঝাল মাংসউপকরণ: ১ কেজি গরুর মাংস, এক কাপ তেল, পরিমাণমতো লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা, রসুন, হলুদ, জিরা, পেঁয়াজবাটা ও লবণ। প্রণালি: বেশ ভালো করে মাংস ধুয়ে নিতে হবে। তারপর একটি পাতিলে মাংস ঢেলে সব মসলা দিতে হবে। এবার তেল ঢেলে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে, যেন মসলাগুলো মাংসের মধ্যে ছড়িয়ে যায়। তারপর দেড় গ্লাস পানি ঢেলে দিন। পরিমাণমতো লবণ দিয়ে দিন। তারপর চুলায় বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলার জ্বালটা স্বাভাবিক করে দিন। ৪৫ মিনিটের মধ্যেই গরুর মাংস রান্নার গন্ধ আপনার ঘরে ছড়িয়ে পড়বে। এরপর লাল মরিচের আরেকটু গুঁড়া দিয়ে দিন। মিনিট পাঁচ পরেই নামিয়ে ফেলুন।যখন মাংস খাবেন, তখন ঝাল মাংসের ঝাঁজে আপনার মুখ ঘেমে উঠবেই উঠবে। তবে স্বাদটুকু থেকে যাবে অনেকক্ষণ।আমি খুব বেশি মাংস খাই না। একবার এক বাসায় গেলাম দাওয়াত খেতে। সেখানে গিয়ে এই মাংস খেয়ে বেশ মজা পেলাম। এরপর জানতে চাইলাম, কীভাবে এই রান্না করা হয়েছে। পরদিনই বাসায় পরীক্ষা চালালাম। এখন তো প্রায়ই এমন রান্না করি। আর ঈদের দিন হলে তো কথাই নেই।সরষে ইলিশউপকরণ: দুটি মাঝারি আকারের ইলিশ, আধাবাটা অবস্থায় এক কাপ সরষে, পরিমাণমতো লবণ, মরিচ, আদা, রসুন ও পেয়াজবাটা, এক কাপ তেল।প্রণালি: মাছ ধুয়ে নিয়ে মসলা মাখাতে হবে। এরপর পাতিল গরম করে সেখানে তেল ঢেলে দিন। তারপর আধাবাটা সরষে ঢেলে দিন পাতিলে। কিছু সময় নাড়তে থাকুন। এরপর মসলা দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিন সরষের মধ্যে। কিছু সময় নাড়তে থাকুন। মিনিট পাঁচ পরেই পানি ঢেলে দিন। স্বাদমতো লবণ দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দিন। চুলা জ্বালাবেন ২৫ মিনিট। হয়ে যাবে আপনার সরষে ইলিশ। ঈদের দিন পোলাওর সঙ্গে এমন সরষে ইলিশ কার না খেতে ভালো লাগবে?