জ্বালানির মজুদ ও্রসংরক্ষণ নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীদের চিন্তার শেষ নেই। তেল, গ্যাস একসময় নিঃশেষ হওয়ার আশঙ্কা তো আছেই। আর এই জ্বালানি উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত হওয়া পর্যন্ত অগ্নিমূল্য ধারণ করে। এমন অবস্থায় যদি কোনো গাছের ফল দিয়ে চুলা জ্বালানো যেত, তাহলে কেমন হতো। এমনই আশার কথা শোনালেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের্র মেধাবী শিক্ষার্থী পবিত্র কুমার হালদার। গবেষণার মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করেছেন কীভাবে কেরোসিন তেলের বদলে ব্যবহার করা যাবে বিকল্প জ্বালানি। কারানজা গাছের ফল থেকে তৈরি হবে বিকল্প জ্বালানি, যার বৈজ্ঞানিক নাম ‘পোনজ্ঞামিয়া পিনাটা’।শুধুই কি গবেষণা? সব একাডেমিক পড়ালেখায় নিজের অবস্থান তৈরি করেছেন সবার শীর্ষে। ক্লাস এইটে বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে যে সাফল্যের শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা এখনো বজায় রেখেছেন পবিত্র হালদার। এসএসসি ও এইচএসসিতে অর্জন করেছেন জিপিএ-৫। ভর্তি হন রুয়েটে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১ সালে অনুষ্ঠিত (চূড়ান্ত) পরীক্ষায় সিজিপিএ-৩.৮২ নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। ব্যবসায়ী বাবার চার সন্তানের মধ্যে সবার বড় পবিত্র কুমার। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়ি এলেই ছোট ভাইবোনদের পড়ানো ছিল তাঁর নেশা। পড়ার প্রতি প্রবল আগ্রহ আর ভালোবাসা ছোট বয়স থেকেই। এর সঙ্গে এখন যোগ হয়েছে গবেষণার নেশা। তাই তো সারা জীবনের ছাত্র হওয়ার মিছিলে যোগ দেওয়ার অপেক্ষায়। ‘শিক্ষক মানে তো আজীবন ছাত্র। গবেষণা আর পড়াশোনার জন্য এর চেয়ে ভালো আর কিছু নেই।’ বলছিলেন পবিত্র। পড়াশোনা আর গবেষণায় ডুব দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা পবিত্রর।পড়াশোনার বাইরের জগৎও কম আকর্ষণ করে না তাঁকে। গান শোনা, ক্রিকেট দেখা ও খেলা দুটোই সমান প্রিয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলে খেলতেন নিয়মিত। এখনো ব্যাট-বল দেখলে হাত নিশপিশ করে। ভবিষ্যতে একই বিষয়ে উচ্চশিক্ষা আর গবেষণার মাধ্যমে দেশের উদ্ভাবনধারা আরও এক ধাপ এগিয়ে নিতে চান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্ম নেওয়া এই মেধাবী শিক্ষার্থী।