পয়লা বৈশাখে রঙিন ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর কড়া রোদের চোখ রাঙানি। রাস্তায় যানজট। তার পরও মানুষের নগরের সবখানে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস। চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও রঙিন হয়ে ওঠে পয়লা বৈশাখের নানা আয়োজনে। শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি আর আড্ডার আনন্দে উদ্যাপন করা হয় বাঙালির প্রাণের উৎসব।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আয়োজন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ও আর নিজাম সড়কের ক্যাম্পাস থেকে। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক আবেদ খানসহ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে সদরঘাটের ‘সিডল পিক’ কমিউনিটি সেন্টার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে মুসলিম হল মিলনায়তনে ছিল বর্ষবরণের পৃথক আয়োজন।
চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়: মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আয়োজন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। ‘এসো হে বৈশাখ’ শিরোনামের দলীয় গানের পরিবেশনার মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। এরপর একে একে নাচ, গান ও আবৃত্তির ছন্দে মেতে থাকেন শিক্ষার্থীরা। বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এতে গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার স্টলসহ ১৪টি স্টল স্থান পায়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আদিবা রোদশী বলেন, ‘এবার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখ পালন করলাম। ক্যাম্পাসে বৈশাখ উদ্যাপনের মজাই ভিন্ন।’
সাদার্ন বিশ্ববিদ্যালয়: সকাল ১০টায় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আয়োজন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মেহেদীবাগের ক্যাম্পাসে বসে বৈশাখী মেলা। নানা রঙের মুখোশ, কলস ও আলপনায় সাজানো ছিল ক্যাম্পাস। মেলা প্রাঙ্গণের মঞ্চে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
ইউএসটিসি : পয়লা বৈশাখে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (ইউএসটিসি) বসে প্রাণের মেলা। ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণিল সাজ এবং বৈশাখী আলপনার ছড়াছড়ি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ছিল হরেক রকমের স্টল। বাঙালির চিরায়ত সব খাবারের স্বাদ দিতে আয়োজন করা হয়েছিল খাদ্য প্রদর্শনীর। এতে ছিল পিঠা, পায়েস, ভর্তা, পান্তা, ইলিশ, মিষ্টি, দই, হালুয়াসহ নানা পদের খাবার। সকাল সাড়ে নয়টায় বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনের মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: সকাল থেকেই নগরের প্রবর্তক সেন্টারে জমায়েত হয়েছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষবরণের আয়োজন রূপ নিয়েছিল প্রাণের মেলায়। শুরুতে ছিল কথামালার আসর। এ পর্বে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। কথামালা শেষে একে একে মঞ্চে পরিবেশিত হয় নাটিকা, নাচ, গান ও ব্যান্ড সংগীত।