পরনে তাঁতের শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও দেখা যেত সুতি শাড়িতে নানা রকম কাজ। একই শাড়িতে থাকত ব্লকপ্রিন্ট, স্প্রে, এমব্রয়ডারিসহ নানা মাধ্যমের কাজ। ফ্যাশনের এ ধারাটি বদলেছে। চিরায়ত সাদামাটা সুতি শাড়িই আবার জনপ্রিয় হয়ে উঠছে। চিকন পাড়ের তাঁতের শাড়িতে সেজে উঠছে এখনকার মেয়েরা। তবে এর সঙ্গে সাজটা হচ্ছে একদমই আধুনিক।অভিনয়শিল্পী আফসানা মিমি জানান, শাড়ি পরতেই বেশি ভালো লাগে তাঁর। টাঙ্গাইলের তাঁতের শাড়িগুলোই সব সময় থাকে তাঁর পছন্দের তালিকায়। এর সঙ্গে মিলিয়ে পরেন প্রিন্ট বা খদ্দরের তৈরি ব্লাউজ। সাধারণত শাড়ি কিনতে গেলে চওড়া পাড়ওয়ালা একরঙা তাঁতের শাড়িগুলো খুঁজে খুঁজে বের করেন তিনি।নাট্যব্যক্তিত্ব সারা যাকের গরমের সময় টাঙ্গাইলের সুতি শাড়ি পরেন। শুধু আরামদায়ক সে কারণে নয়, ডিজাইনের দিক থেকে অভিনবত্ব ও রঙের বৈচিত্র্য আছে এখনকার শাড়িগুলোয়। বাঙালি ঐতিহ্যের এ শাড়ির সঙ্গে মিলিয়ে গলায় পরেন কাঠ, কাচ বা বড় পুঁতির মালা। ঘরে-বাইরে সবখানেই পরেন তিনি তাঁতের শাড়ি। বিবিয়ানার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, একসময় ভারত ও পাকিস্তানের শাড়িগুলোই বেশি জনপ্রিয় ছিল। দেশি শাড়িও ছিল, তবে পরিমাণে খুব কম। এখন পোশাকে দেশীয় চেতনাবোধের প্রকাশ ঘটেছে। তাই আমাদের তাঁতে বোনা টাঙ্গাইলের শাড়ির এখন রয়েছে সবচেয়ে বেশি কদর। ফ্যাশন হাউসগুলোও এ শাড়ির ডিজাইন নিয়ে করে যাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। নতুন নতুন ডিজাইন, প্রাকৃতিক রঙের ব্যবহারে টাঙ্গাইলের তাঁতের শাড়িগুলো বৈচিত্র্যময় হয়ে উঠছে।যাঁদের হাতের যত্ন ও পরশে চরকায় ঘোরানো সুতাগুলো নানান শৈল্পিক ডিজাইনে হয়ে ওঠে শাড়ি—কথা হয় তাঁদেরই একজনের সঙ্গে।টাঙ্গাইলের পাথরাইলের তাঁতি রঘুনাথ বসাক। দাদা-বাবা এভাবেই বংশপরম্পরায় ধরে রেখেছেন টাঙ্গাইল শাড়ির তাঁতশিল্প। লাছি করা সুতাকে রাঙিয়ে তাঁতে ফেলে বহু যত্নে তৈরি হয় একেকটি শাড়ি। এতে ফুটে ওঠে মনের মতো নকশা। বছরের পর বছর ধরে টাঙ্গাইল শাড়ি তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত আছেন তিনি। রঘুনাথ বসাক বলেন, ‘এ শাড়ির চাহিদা এখন বেশ বেড়ে গেছে। বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য এখন শাড়ি তৈরি করি। পয়লা বৈশাখ, বসন্ত, স্বাধীনতা, বিজয় দিবস ধরে ধরে সে দিবসের রং মিলিয়ে তৈরি করে পাঠাই টাঙ্গাইল শাড়ি। আর সারা বছর পরার শাড়ি তো আছেই।’টাঙ্গাইল শাড়ি কুটির, নবরূপা, প্রবর্তনা, বিবিয়ানা, আড়ং, ধানমন্ডি হকার্স—যেখানেই যান না কেন, চোখে পড়বে তাঁতের শাড়ির বৈচিত্র্যময় সমাহার।নবরূপার বিক্রেতা মো. ইব্রাহিম বলেন, ‘বিভিন্ন রকমের টাঙ্গাইল শাড়ি পাওয়া যাচ্ছে এখন। এক রঙের পাড়ওয়ালা শাড়ির পাশাপাশি জামদানি প্রিন্ট, বুটি, সুতার কাজ, কাঁথা সেলাইসহ শাড়ি পাওয়া যাচ্ছে। এর মধ্যে কলকা, পাতা, জরি, সুতা, ছাপ এনেছে বৈচিত্র্য।’আপনি আপনার পছন্দমতো টাঙ্গাইল শাড়িটি বেছে নিতে পারেন। অফিস-আদালতের জন্য চিকন পাড়ওয়ালা এক রঙের শাড়ি পরতে পারেন। রঙের ক্ষেত্রে গেরুয়া, কলাপাতা, আকাশি—এ ধরনের রং বেছে নিন। চাইলে উৎসব-অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তাঁতের শাড়িতেই। সে ক্ষেত্রে শাড়িতে সোনালি পাড় আছে এমন শাড়ি বেছে নিন, যাতে একটু জমকালো লাগে। ব্লাউজটা সাদামাটা একরঙা না নিয়ে একটু ভিন্নধর্মী ছাপা বা চেকের বেছে নিন।তাঁতের শাড়ির সঙ্গে হালকা সাজগোজেই আপনাকে বেশি স্নিগ্ধ দেখাবে। তাই সাজটা একটু হালকাই নিন। তবে চোখে কাজল দিতে ভুল করবেন না। আর ঠোঁটে হালকা গ্লস। চুল ছেড়ে দিতে পারেন অথবা আটকে নিতে পারেন একটা খোঁপার কাঁটায়। গলায় চিকন একটা চেইন পরতে পারেন। আর কানে ছোট দুল। হাতে রং মিলিয়ে দুটো কাঠের বালা পরলে খারাপ লাগবে না, বরং বেশ ভালোই দেখাবে। এর সঙ্গে চটের ব্যাগ আর চটি জুতা পরতে পারেন অনায়াসে।দরদামসাধারণ সুতি শাড়ি ২৫০-৫০০ টাকা, জ্যাকার্ড শাড়ি ৪৫০-৫৫০, বুটি ২০০০, টাঙ্গাইল জামদানি ২০০০-২২৫০, টাঙ্গাইল সিল্ক ২৫০০-৫০০০ টাকা।