পরপারে পারাপার
মাহফুজ কোনোমতেই এই বাসে উঠবে না। ওর একটাই কথা, ‘দরকার পড়লে মুই হাঁটি হাঁটি অংপুর যাইম, তা-ও এই বাসোত উঠিম না।’ বেশি আবেগাক্রান্ত হয়ে পড়লে ওর মুখ দিয়ে খাস রংপুরি ভাষা বের হয়ে আসে, আমরা তা জানতাম। কিন্তু এই সময় ওর বাসে উঠতে না চাওয়ার কারণ তো বুঝছি না!আমি আর মাহফুজ ঢাকা থেকে যাচ্ছি রংপুরে। ঈদের ছুটি। অনেক চেষ্টাচরিত্র করেও রংপুরের বাসের টিকিট পাইনি। ঈদের সময় চেষ্টা করলে নাকি মন্ত্রিত্বও মেলে, বাসের টিকিট মেলে না। রংপুরের টিকিট না পেয়ে শেষে দ্বিগুণ দাম দিয়ে কিনেছি কুড়িগ্রামের মুড়ির টিন মার্কা এক বাসের টিকিট। সন্ধ্যা ছয়টার বাস এসেছে রাত সাড়ে এগারোটায়। বাড়ি ফেরার রোমাঞ্চে আমরা গাবতলীতে এসেছি সেই পাঁচটায়, পাছে বাস মিস হয়ে যায় এই শঙ্কায়।ছয় ঘণ্টা ধরে রাস্তার ধারে বসে ধুলো খেয়ে খেয়ে পেট ভরিয়ে অবশেষে যখন বাসের দেখা, সেই সময় কিনা মাহফুজ বেঁকে বসল! ঘটনা কী? অধিক শোকে মানুষ নাকি পাথর হয়, তবে কি দীর্ঘ অপেক্ষা শেষে বাস পাওয়ার অধিক আনন্দে মাহফুজ পাগল হয়ে গেল?খোঁজ নিতেই পরিষ্কার হলো বিষয়টা। সমস্যা বাসের নামে। সত্যি বলতে কি, বাসের নাম পড়ার পর আমিও দ্বিধায় পড়ে গেলাম—এই বাসে যাওয়া ঠিক হবে কি না! বাসের নাম যে ‘পরপার’!প্রথম দেখায় চমকে ওঠাই স্বাভাবিক। এমনিতেই ইদানীং দুর্ঘটনা ঘটছে বেশি। কিন্তু বাসের এমন নাম কেন? কৌতূহল মেটাতে গিয়েই পরিষ্কার হলো ঘটনাটা। বাসের নাম আসলে ছিল ‘পারাপার’। নামের প্রথম দুটো ‘আ-কার’ মুছে গেছে। বাসের নাম হয়ে গেছে ‘পরপার’। নিতান্তই কাকতালীয় ঘটনা। তার পরও এমন নাম পড়ার পর মনে কুচিন্তা ভর করাই স্বাভাবিক। পরপারে চলে যাই কি না—এমন একটা শঙ্কা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম পারাপারে।বাস চলতে শুরু করল। কিন্তু ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে...’ ভাবসম্প্রসারণটির মর্ম বোঝানোর সব আয়োজন যেন আজ প্রস্তুত করে রেখেছে এই যাত্রা। হেলেঞ্চা নামের একটা জায়গায় গিয়ে আমাদের হেলে পড়ার দশা। ভয়াবহ জ্যাম। যাত্রীদের মেজার তিরিক্ষি হয়ে আছে। কিছুই ভালো লাগছে না। একদল চিৎকার করে বলছে, ‘অ্যাই যে সুপারভাইজার সাহেব, গান-টান কিছু ছাড়েন।’ অন্য দল সঙ্গে সঙ্গে খেঁকিয়ে উঠল, ‘অ্যাই, খবরদার! গান ছাড়বা না। এখন ঘুমানোর টাইম, গান শোনার টাইম না।’ ‘ঘুমানোর টাইম তাইলে বাড়িতে যায়া ঘুমান, বাস তো ঘুমানোর জায়গা না।’ ‘মুখ সামলে কথা বলবেন, জানেন, আমি কে।’ ‘তুই কে, সেটা দিয়ে আমি...।’ ব্যস, লেগে গেল দুই পক্ষের মধ্যে। শেষমেশ গান ছাড়া না-ছাড়া একটা ইগোটিক ইস্যু হয়ে দাঁড়াল।তবে বাঙালি বরাবরই গণতন্ত্রপ্রিয় জাতি। এ ধরনের সমস্যার সমাধান হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। দেখা গেল গান শোনার পক্ষেই বেশির ভাগের রায়। নিরপেক্ষ অবস্থানে ছিলেন যাঁরা, ‘বসে থেকে আর কী করি’ ভেবে তাঁরাও গান শোনার পক্ষেই চলে গেলেন। ফলে কিছুক্ষণের মধ্যেই ঘ্যাড় ঘ্যাড় শব্দ তুলে ঘুম থেকে জেগে উঠল স্পিকার। এরপর তারস্বরে বেজে উঠল জঘন্য সব হিন্দি গান।বাঙালি গণতন্ত্রপ্রিয়, এটা যেমন সত্যি, তেমনি এও সত্যি, দীর্ঘক্ষণ বাঙালির ঐক্য টিকে থাকে না। ফাটল অনিবার্য। ফলে গান শোনার পক্ষে যারা ছিল, তাদের মধ্যেই এবার বিভেদ দেখা দিল। এক পক্ষ বলে, ‘ওই হিন্দি গান বন্ধ করো। ভাষার জন্য রক্ত দিছি হিন্দি গান শোনার জন্য?’ অন্য পক্ষের অটল অবস্থান, ‘ওই, তুমি হিন্দি গানই চালাও। বাংলা গান আবার কেউ শোনে নাকি!’ ব্যস, শুরু হয়ে গেল আরেক তর্কযুদ্ধ।এরই মধ্যে জ্যাম কেটে তরতর করে এগোতে শুরু করেছে বাস। শোনা যায়, স্থানীয় দোকানিরা নাকি দ্বিগুণ-তিন গুণ দামে খাবার আর পানি বিক্রি করতে ইচ্ছে করেই এই জ্যাম লাগায়। তা লাগাক। বাঙালির ব্যবসায়িক বুদ্ধি নেই, এই অপবাদ তারা ঘুচিয়ে দিক।শনশন করে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে বাস। সামনের আসনের এক যাত্রীর উশখুশ নজর কাড়ল। কানে পৌঁছাল পাশে বসা তাঁর বন্ধুর কথা, ‘তোর মাথা খারাপ হইছে, এই সময় বাস থামাইতে বললে সবাই চিবায়া খায়া ফেলবে। এতক্ষণ বাস জ্যামে আটকায় ছিল, তখন কামটা সাইরা নিতে পারলি না?’ বুঝলাম, ভদ্রলোক জীবনের সবচেয়ে বড় অনিবার্য এক ডাক পেয়েছেন। বিপ্লবের ডাক, প্রেমিকার ডাক, লোভনীয় সব প্রস্তাবের ডাকও মানুষ অস্বীকার করতে পারে। কিন্তু এই ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। এই যে দেয় খোদ প্রকৃতি!লোকটার জন্য মায়াই লাগল! ফুড ভিলেজে পৌঁছাতে এখনো দুই ঘণ্টার মামলা। এর আগে যাত্রাবিরতি নেই। এতক্ষণ চেপে রাখতে পারবেন তো তিনি? সে যাক গে। সারা দিনের ধকলে ঘুম পাচ্ছে। ভেতরে একটু গুমোট বাতাস ছিল, তা ছাড়া মুরগির গন্ধও নাকে আসছিল। এ কারণে জানলাটি হালকা খুলে দেওয়া। জানলার ধারে অবশ্য মাহফুজই বসেছে। ‘পরপারে’ যাবে যখন, বাতাস খেতে খেতেই যাবে। একটু ঘুমমতো এসে গিয়েছিল। ঘুম ভাঙল মাহফুজের গুঁতো খেয়ে। কী ব্যাপার? ঝিরঝিরে বাতাসের সঙ্গে হালকা বৃষ্টির ছাঁটও দেখি আসছে। এই সময় বৃষ্টি? সন্দেহটা যখন ক্রমেই গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, সেই সময় চোখ পড়ল সামনের আসনের লোকটার ওপর। যার মুখে খেলা করছে অনেকক্ষণ ধরে চেপে রাখার পর সদ্যই জলবিয়োগের অপার আনন্দ!