প্রতিদিনের মতো সেদিনের সকালটাও ছিল ভারি সুন্দর। মিষ্টি রোদে রেজা সেলিমের বারান্দা তখন মাখামাখি। অলস সকালটা বারান্দায় কাটানোর সময় তখনো তাঁর জানার কথা নয়। এই দিনের মতো ভয়ংকর সকাল তাঁর কাছে আর ফিরে আসবে না।রেজা সেলিমের হূিপণ্ডে অনেক আগে থেকেই একটা রোগ বাসা বেঁধেছিল। এই রোগে হূিপণ্ডের স্পন্দন বেড়ে যায় স্বাভাবিক গতির চেয়ে অনেক বেশি। আস্তে-ধীরে ব্যথাটা ছড়িয়ে পড়ে সারা বুকে। ব্যথাটা একসময় অসহ্য হয়ে ওঠে। সেই ১৯৮৮ সাল থেকে মাঝেমধ্যেই ব্যথাটা বছরের বিভিন্ন সময়ে ঘুরেফিরে আসে। বাংলাদেশের নামী-দামি হূদরোগ বিশেষজ্ঞরাও একসময় হাল ছেড়ে দেন। ‘সেই দিনের সকালের ব্যথাটা আসে অন্য সব দিনের চেয়ে আলাদা হয়ে। হাতুড়ি দিয়ে পেটানোর মতো চাপ চাপ কষ্টে বুকটা ছিঁড়ে যেতে থাকে। সেদিন টলতে টলতে বিছানায় এসে পড়ি। কী ভয়ংকর সেই ব্যথা।’ বলছিলেন রেজা সেলিম। তারপর আবার হাসপাতাল। চিকিৎসকদের ব্যর্থতা। আবার আশায় বুক বেঁধে উড়ে গেলাম কলকাতায়। সেখান থেকে চেন্নাই। চেন্নাই থেকে দিল্লি। দিল্লির এসকর্ট হাসপাতাল জানাল—এখানে তোমার রোগের সফলতার হার খুব কম, তুমি বরং সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যাও। তিনি গেলেন মাউন্ট এলিজাবেথে। ওখানকার চিকিৎসকেরাও যে ভরসা দেন না। ফিরে এলেন দেশে। তত দিনে টাকা-পয়সা প্রায় শূন্যের কোঠায়। একদিন চিকিৎসক মোহসিন হোসেন একটা ই-মেইল ঠিকানা দিয়ে বললেন, ‘এখানে একটা মেইল করে দেখুন। চিকিৎসকের নাম রফিক আহমেদ, ইলেকট্রো ফিজিওলজিস্ট। উনি আমেরিকায় আছেন। শুনেছি, বাংলাদেশের প্রতি ওনার খুব টান। উনি আপনাকে হয়তো সাহায্য করতে পারবেন। তিনি তা করেও ছিলেন। আমেরিকার ব্যয়বহুল হাসপাতালে প্রায় বিনা খরচে চিকিৎসা দিয়েছিলেন।এই বেলা বলে রাখি, রফিক আহমেদ সেই চিকিৎসক, যাঁর প্রায় একক প্রচেষ্টায় একটা অভিজ্ঞ দল আমাদের দেশে দাঁড়িয়ে গেছে। রেজা সেলিম যে সমস্যায় ভুগছিলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে সুপ্রা ভেনট্রিকুলার ট্রাকিকার্ডিয়া। এ সমস্যায় আক্রান্ত রোগীকে এখন আর দেশের বাইরে যেতে হয় না। এ দেশেই ভালো চিকিৎসা হয়। আমাদের দেশে এই চিকিৎসাব্যবস্থা চালু করা রফিক আহমেদের জন্য এতটা সহজ ছিল না। তিনি ২০০০ সালে এ ধরনের চিকিৎসার জন্য নিজ খরচে অত্যন্ত ব্যয়বহুল কিছু যন্ত্রপাতি পাঠালেন আমেরিকা থেকে। কিন্তু এগুলো চালু করা গেল না প্রয়োজনীয় অভিজ্ঞ চিকিৎসকের অভাবে। ২০০৪ সাল। ওই বছরই রফিক আহমেদ কোটি টাকা মূল্যের আরও কিছু যন্ত্রপাতি নিয়ে হাজির হলেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে। ‘এবার ঠিক করলাম, নিজেই এখানকার চিকিৎসকদের ট্রেনিং দেব। একটা অভিজ্ঞ দল দাঁড় করানোর জন্য কাজ শুরু করে দিলাম। তখন সরকারও কিছু জিনিসপত্র কিনল। বাংলাদেশে শুরু হলো প্রায় নতুন ধরনের এক চিকিৎসা।’ বলছিলেন রফিক আহমেদ। এরপর প্রতিবছরই তিনি সুদূর আমেরিকা থেকে উড়ে আসেন দলটাকে আরও অভিজ্ঞ করতে। প্রথম দিকে তিনি বছরে দুবার করে আসতেন। এখন আসেন একবার করে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের অভিজ্ঞ দলটিকে আরও অভিজ্ঞ করতে আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন চিকিৎসক। তাঁদের দেশের বাইরেও নিয়ে গেছেন রফিক আহমেদ। এখন বাংলাদেশি এই দলটির পুরোভাগে আছেন মোহসিন হোসেন ও আতাহার আলী। ‘প্রতিবছর যখন দেশে আসি, তখন সঙ্গে করে এই চিকিৎসায় ব্যবহূত কিছু ব্যয়বহুল ক্যাথেটার ব্যাগে করে নিয়ে আসি। সত্যি কথা বলতে কি, এগুলো আসলে সরকারেরই কেনার কথা। তার পরও আমিই আনছি। আর মজার ব্যাপার হলো, প্রতিবারই এরাপোর্টে আমাকে আটকায়, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে—এগুলো কী? তাদের তখন বোঝানোর চেষ্টা করতে হয় এগুলো কী।’ বলছিলেন চিকিৎসক রফিক আহমেদ। কিন্তু তাঁর এই কথার মধ্যে কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ পায় না। হাসিমুখেই এই ঝামেলাটুকু তিনি সহ্য করেন প্রতিবার। শুধু এই ঝামেলাটুকুই নয়, দেশ থেকে কেউ আমেরিকায় গেলে তাঁর দায়দায়িত্বটুকুও তিনি নিজের কাঁধে নিয়ে নেন। এ ব্যাপারে রেজা সেলিমের অভিজ্ঞতা বেশ মজার। তিনি যখন এয়ারপোর্টে দিশেহারার মতো ট্যাক্সি খুঁজছিলেন। হঠাৎ দেখেন চিকিৎসক নিজেই হাজির। ‘হোটেলে তিনি আমাকে আর উঠতে দেননি। পরম আত্মীয়ের মতো বাসায় নিয়ে গেছেন। তাঁর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু যে যত্ন তিনি আমাকে করেছেন...।’ এটুকু বলে তিনি আর বলতে পারেন না। গলা ধরে আসে তাঁর। চিকিৎসক রফিক আহমেদ তখন নির্বিকার। একটি মাত্র কথায়ই এর জুতসই উত্তরটা দিয়ে দেন—‘কেন উনি তো বাংলাদেশি। বাংলাদেশিদের প্রতি আমার একটা দায়িত্ব তো থেকেই যায়।’ মনে-প্রাণে বাংলাদেশি এই চিকিৎসকের চিকিৎসাবিদ্যায় হাতেখড়ি রাজশাহী মেডিকেল কলেজে। এই কলেজেই প্রায় তিন বছর চাকরি করে কার্ডিওলজির ওপর বৃত্তি নিয়ে চলে যান জাপানের নাগাসাকি ইউনিভার্সিটিতে। এখানে কাটে তাঁর ছয় বছর। এখানে থাকতেই তিনি সহধর্মিণী হিসেবে পান চিকিৎসক শিল্পী আহমেদকে। তারপর তিনি যান লন্ডনের ওয়েস্ট মিনস্টার হাসপাতালে। এখানে কাটে তিন বছর।১৯৯১ সালে তিনি পাড়ি দেন আমেরিকায়। সেখানে তিনি মেডিসিন ও কার্ডিয়াক ইলেকট্রো ফিজিওলজিতে উচ্চতর শিক্ষা নেন। শুরু হয় তাঁর নতুন জীবন। এই দীর্ঘ সময়ে তিনি প্রতিবছর অনেকবার এ দেশে এসেছেন এবং এ দেশের মানুষের জন্য কাজ করেছেন। রফিক আহমেদ অনেক আনন্দ নিয়ে বলেন, ‘এখানে (জাতীয় হূদরোগ ইনস্টিটিউট) ইলেকট্রো ফিজিওলজির ওপর একটা শক্তিশালী দল দাঁড়িয়ে গেছে। অন্য মেডিকেল কলেজগুলোতেও দাঁড় করাব। আমি আমার স্বপ্নের বীজ বুনেছি, এবার সেই বীজ মহীরুহ হবে, সেদিকেই চেয়ে আছি।’