পরমাণু নিয়ে ওবামার আরেক দফা
প্রায় ৫০টি দেশের নেতারা আগামী চার বছরের মধ্যে বেহাত হওয়ার ঝুঁকির মধ্যে থাকা সব পারমাণবিক উপকরণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছেন। এ শীর্ষ সম্মেলনের সাফল্য নিয়ে যা-ই বলা হোক, সম্ভাব্য বিপদটি যে ঘাড়ের কাছেই ঘোরাঘুরি করছে, দ্রুতই কিছু করা দরকার—নেতারা এবারই প্রথম অন্তত তাঁর স্বীকৃতি দিলেন।১৯৪৫ সালের পর এটাই ছিল যুক্তরাষ্ট্রের নিজ দেশে আয়োজন করা সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। আর পরমাণুসংক্রান্ত বিষয় নিয়ে এ ধরনের শীর্ষ সম্মেলনের নজির আর নেই।আয়োজক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মূল্যায়ন এ সম্মেলনে স্বীকৃত যৌথ কর্মপরিকল্পনা বিশ্বকে আরও নিরাপদ করার ক্ষেত্রে একটি বড় অবদান রাখবে। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আল-কায়েদার মতো গোষ্ঠী পরমাণু অস্ত্র জোগাড়ের চেষ্টা করছে। আর তারা যদি একবার তা হাতে পায়, তবে তা ব্যবহারে দ্বিধা করবে না।এ পরিকল্পনায় পরমাণু শক্তির অধিকারী প্রতিটি দেশকে তাদের পারমাণবিক সম্ভার নিরাপদ এবং এ সংক্রান্ত উপকরণ সন্ত্রাসীদের নাগালের বাইরে রাখার আহ্বান জানানো হয়েছে। এর আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ৬৮ টন অস্ত্র নির্মাণ উপযোগী বাড়তি প্লুটোনিয়াম ধ্বংস করে ফেলতে একটি চুক্তি সই করে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে তার প্লুটোনিয়াম ধ্বংস করতে ৪০ কোটি ডলার দেবে। রাশিয়ার হিসাব, তার এ কাজে মোট লাগবে আড়াই শ কোটি ডলার।সবগুলো দেশের সম্মিলিত প্লুটোনিয়াম মজুদ (দেশপ্রতি ৩৪ টন করে) ১৭ হাজার যুদ্ধাস্ত্র তৈরির জন্য যথেষ্ট বলে মনে করা হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, এগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসামরিক পারমাণবিক চুল্লিতে ব্যবহূত হবে।পরমাণু অস্ত্র বিস্তার, অস্ত্র নিয়ন্ত্রণ ও পরমাণু উপকরণের নিরাপত্তা—এসব বিষয়ই একে অন্যের সঙ্গে যুক্ত। আগামী মে মাসে নিউইয়র্কে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনার জন্য যে বৈঠক হবে, তাতে আলোচিত হবে এগুলো। অনেক দিক থেকেই এ বিষয়ে ওবামার সাম্প্র্রতিক চেষ্টা (সংশোধিত মার্কিন পরমাণুনীতি, রাশিয়ার সঙ্গে নতুন স্টার্ট চুক্তি ও এ পরমাণু নিরাপত্তা সম্মেলন—এসবই এনপিটি বৈঠকের প্রস্তুতি। এনপিটি হচ্ছে পরমাণু অস্ত্র রোধ করার যাবতীয় প্রচেষ্টার কেন্দ্রবিন্দু। কিন্তু এত গুরুত্ব সত্ত্বেও চুক্তিটির অবস্থা বেহাল বলেই মনে করা হয়। অবিলম্বে সংস্কার করা দরকার এর। বারাক ওবামার পরমাণুবিষয়ক কর্মসূচির তালিকায় এটাই পরবর্তী কাজ।সম্মেলনজুড়েই ছিল ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির ছায়া। যুক্তরাষ্ট্র বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে ইরানের বিরুদ্ধে বাড়িতি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাটি পেড়েছে। চীনের নেতা হু জিনতাওকে যে ওবামা একটু চাপ দিয়েছেন, তা পরিষ্কার। তবে এতে খুব একটা কাজ হয়নি। এরপরও মার্কিনিদের আশা, শেষ পর্যন্ত চীন অতীতের মতোই বাড়তি নিষেধাজ্ঞা সমর্থন দেবে।এ সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভাষায় ‘বেয়াড়া দেশ’ হিসেবে পরিচিত ইরান বা উত্তর কোরিয়ার কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। ‘অনমনীয়’ ইরান ১৫টি দেশকে নিয়ে নিজেরাও এক পরমাণু সম্মেলন করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মেলনে যাননি। আরব দেশগুলোর তোপের মুখে পড়ার ভয়েই নাকি তিনি অনুপস্থিত ছিলেন।এ আলোচিত চুক্তির সাফল্য অনেকাংশে নির্ভর করবে অংশগ্রহণকারী দেশগুলোর সদিচ্ছার ওপর। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ায় একটি শীর্ষ সম্মেলন আয়োজন করে এর অগ্রগতি পর্যালোচনা করা হবে। অগ্রগতির ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। তবে ওবামা প্রশাসন যে বিষয়টিকে বৈশ্বিক কর্মসূচির মধ্যে শীর্ষে রাখতে চায়, তা স্পষ্ট। সদ্য প্রতিষ্ঠিত সমঝোতা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। এ জন্য যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, তা কি এখনকার মতো জোরদার থাকবে? এ জন্য তহবিলের অভাব হবে নাতো? পাকিস্তানের পরমাণু অবকাঠামো আগামী চার বছর পর কি এখনকার চেয়ে বেশি নিরাপদ থাকবে?অন্যতম ইতিবাচক ব্যাপার হচ্ছে, নেতারা জাতিসংঘের পরমাণু ওয়াচডগ আইইএকে আরও তহবিল দিতে রাজি হয়েছেন। সংস্থাটির আর্থিক অবস্থা মোটেই সুবিধার নয়। আর পরমাণু উপকরণ নিরাপদে রাখার সংগ্রাম বিশ্বব্যাপী বড় না হলেও ছোট ছোট সাফল্য এনে দেবে। ইতিমধ্যে এ সম্মেলনেই ইউক্রেন তার সমৃদ্ধ করা ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে। রাশিয়া তার সামরিক উদ্দেশ্যে ব্যবহার্য প্লুটোনিয়াম তৈরির চুল্লিটি বন্ধ করে দেবে। প্লুটোনিয়াম ধ্বংসে রুশ-মার্কিন চুক্তির কথা তো আগেই বলা হয়েছে। তবে সর্বশেষ এই রুশ-মার্কিন চুক্তিটি আবার এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাকেই তুলে ধরে। সদ্য সমাপ্ত সম্মেলনে স্বাক্ষরিত নতুন প্রটোকলটি আসলে ২০০০ সালের একটি পুরোনো চুক্তিরই হালনাগাদ রূপ। যেকোনো কারণেই হোক, এটি বাস্তবায়িত হয়নি। কাজেই ওবামা যখন বলেন, এ জন্য আন্তরিক ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তখন তা খুবই বিশ্বাসযোগ্য শোনায়।