পরশুরাম আ. লীগে আট বছর ধরে একই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আট বছর ধরে দুভাগ হয়ে আছে পরশুরাম আওয়ামী লীগ। এ দুটো গ্রুপ পরশুরাম বাজারের প্রধান সড়কে পাশাপাশি পৃথক দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আট বছর আগে গঠিত একটি কমিটিকে কেন্দ্র করেই এ বিভক্তি শুরু হয়। ওই কমিটি এখনো বহাল আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুটি গ্রুপের মধ্যে বালুমহাল দখল, আধিপত্য বিস্তারসহ নানা ব্যাপারে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের দুই শীর্ষনেতা দুই গ্রুপের নেপথ্যে নেতৃত্ব দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। কেন্দ্রীয় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ কেন্দ্রীয় নেতারা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। পৌর এলাকার গুথুমা গ্রামে অনুষ্ঠিত সম্মেলনে এনামুল করিম মজুমদার ওরফে বাদলকে সভাপতি ও কামাল উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটি গঠন করে।দলের একাংশ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অনিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করার অভিযোগ তুলে বিদ্রোহ শুরু করেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ আহাম্মদ মজুমদারের নেতৃত্বে জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ একটি অংশ পৃথক রাজনীতিক কর্মকাণ্ড শুরু করেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান গ্রুপিং শুরুর বিষয়ে বলেন, তিনি সম্মেলনের আহ্বায়ক ছিলেন অথচ তাঁকে বাদ দিয়ে মনগড়া কমিটি (বাদল ও কামাল) গঠন করেছিলেন। তাই তাঁরা সম্মেলনের পর থেকে কমিটির বাইরে গিয়ে আলাদা কার্যক্রম শুরু করেন।গত উপজেলা পরিষদ নির্বাচনে একটি গ্রুপ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার অপর গ্রুপ থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ আহাম্মদ মজুমদার প্রার্থী হন। সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর থেকে কামাল ও বাদল গ্রুপ দিন দিন চাঙা হয়ে উঠলে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি তাঁদের নিয়ন্ত্রণে চলে যায়। এবারও দুটি গ্রুপ থেকে পৌরসভার মেয়র পদে একাধিক নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এ দুটি গ্রুপের বাইরে থেকে বর্তমান প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন চৌধুরীর চাচাত ভাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাজেল চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ায় দুটি গ্রুপে হঠাৎ করে ঐক্যের সুর দেখা দেয়। হঠাৎ দুটি গ্রুপ এক হয়ে সাজেলের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়। কিন্তু সেটা সাময়িক ঐক্য বলে উভয়পক্ষের নেতারা দাবি করেছেন।যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, ‘দলের স্বার্থ এবং দলের প্রার্থীকে বিজয়ী করতে আগের ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করেছিলাম। কিন্তু এখন তো দলের নেতাদের কাছে ঐক্যের কোনো আলামত দেখা যাচ্ছে না। ক্ষমতাধর নেতারা এখনো তাঁদের পছন্দমতো উপজেলাকে নিয়ন্ত্রণ করছেন। মাহাবুবুর রহমান এখনো দলে কোন্দল রয়েছে স্বীকার করে বলেন, ‘গ্রুপিংয়ের অবসান ঘটলে তো আর পৃথক দুটি অফিস থাকত না। তা ছাড়া যাঁরা এখন উপজেলা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে, তাঁদের ভেতর ঐক্যের ব্যাপারে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার জানান, আট বছর ধরে পুরোনো কমিটি দিয়ে চলছে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম। তিনি বলেন, নতুন সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন করা উচিত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে কোনো গ্রুপিং নেই। যোগ্যতার ভিত্তিতে যে কেউ নেতৃত্বে আসলে আমরা তাঁকে মেনে নেব এবং তাঁদের সঙ্গে রাজনীতি করে যাব।’