পরশুরাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমে অনিয়মের অভিযোগ
ফেনীর পরশুরামে ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা কোনো নিয়ম না মেনেই পাঠদানের কাজ চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ শিক্ষক সময়মতো আসেন না। শিক্ষকদের অনিয়মের ব্যাপারে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, পর ৭পর তিন দিন বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হলে এক দিনের বেতন কাটার বিধান রয়েছে। কিন্তু পরশুরাম উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক নিয়মের তোয়াক্কা না করে দিনের পর দিন বিদ্যালয়ে দেরিতে আসছেন। এ অভিযোগের বিষয়ে শিক্ষকেরা জানান, বিদ্যালয় অনেক দূরে, পরিবহনসহ নানা সমস্যার কারণে পৌঁছাতে দেরি হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতটি রেজিস্টার্ড ও চারটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে শিক্ষক আছেন ২২১ জন। এর মধ্যে প্রধান শিক্ষকের চারটি এবং সহকারী শিক্ষকের সাতটি পদ শূন্য রয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের প্রতিদিন নয়টা ১৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত এবং নয়টা ৩০ মিনিটে পাঠদান শুরু করার নিয়ম রয়েছে। চারটা ১৫ মিনিটে বিদ্যালয় ছুটি হওয়ার নিয়ম থাকলেও উপজেলার প্রায় সব বিদ্যালয়ে সাড়ে ১০টার আগে কোনো শিক্ষক উপস্থিত হন না এবং তিনটা সাড়ে তিনটার পর উপজেলার কোনো বিদ্যালয় খোলা থাকে না। সম্প্রতি শিক্ষকদের দেরিতে উপস্থিতির ব্যাপারে ছাত্র, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাদের রাব্বানি নয়নসহ সব সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকেরা সাড়ে ১০টার আগে একদিনও উপস্থিত হন না। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, কিছু সমস্যার কারণে শিক্ষকদের দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হতে হয়। তিনি আরও জানান, এক গ্রামের শিক্ষককে দূরে অন্য গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। তাই পরিবহন সমস্যাসহ সাংসারিক কাজ সামাল দিতে দেরি হওয়ায় শিক্ষকদের দেরিতে উপস্থিত হতে হয়। তিনি জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হয় তাই শিক্ষকেরাও দেরিতে আসেন বলে তাঁর ধারণা।একই ভাবে পশ্চিম সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির লোকজন শিক্ষকেরা দেরিতে বিদ্যালয়ে আসেন বলে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দেরিতে উপস্থিত হন। এ ব্যাপারে চার-পাঁচটি বিদ্যালয় থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষা কার্যালয় কর্মকর্তা-কর্মচারী-শূন্য থাকায় শিক্ষকেরা সুযোগ নিচ্ছেন। সকালে বিদ্যালয় পরিদর্শন করতে গেলে শিক্ষা কার্যালয়ে তালা লাগিয়ে যেতে হয়। তার পরও দু-তিনটি বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর বিজ্ঞপ্তি (নোটিশ) দেওয়া হয়েছে।পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান জানান, শিক্ষকদের দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এখন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।