পরশুরামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফেনীর পরশুরামের মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ড্রেজার দিয়ে উত্তোলন করা বালুর সঙ্গে উঠে আসা পানিতে উপজেলার বাউরখুমা গ্রামের ১০টি পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে আছে।ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি চারটি ড্রেজার দিয়ে গত দুই বছর ধরে মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ২০০৯ সালের পর থেকে নতুন বালুমহল ইজারা দেয়নি জেলা প্রশাসন। এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞাও আছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী নারায়ণ চন্দ্র দাস ও শৈলান চন্দ্র দাস জানান, স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. ফোরকান উদ্দিন নদী থেকে বালু উত্তোলন করছেন। নদীর বলির সঙ্গে উঠে আসা পানি তাঁদের ঘরবাড়ি প্লাবিত করছে। এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে পড়েছেন তাঁরা। নারায়ণ চন্দ্র দাস জানান, পৌরসভা কার্যালয়ে অভিযোগ করার পর দুজন কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এরপরও বালু উত্তোলন বন্ধ হয়নি। ঘটনাস্থল ঘুরে আসা কাউন্সিলর মরিয়ম আক্তার ও ইকবাল রেজা জানান, বালু উত্তোলনের কারণে পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। ড্রেজারের পানি তাঁদের ঘরবাড়িতে ঢুকেছে। অনেকের রান্নঘরের চুলাও ডুবে গেছে।পরশুরাম পৌরসভার মেয়র সাজেল চৌধূরী জানান, বালু উত্তোলনকারী মো. ফোরকান উদ্দিনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে মো. ফোরকান উদ্দিন জানান, বালু উত্তোলনের বিষয়টি তিনি সরাসরি তদারকি করছেন না। তবে কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে তিনি শুনেছেন ।উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো দিলীপ কুমার চাকমা জানান, ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি পরশুরামের বালুমহল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিল জেলা প্রশাসন। জমা পড়া দরপত্রগুলোতে এর আগের বছরের চেয়ে বালুমহলের ইজারামূল্য কম উল্লেখ থাকায় জেলা প্রশাসন ইজারা দিতে পারেনি। এই সময় কয়েকজন বালু উত্তোলনকারী মামলা করলে হাইকোর্ট বালুমহল ইজারা দেওয়া ও বালু উত্তোলনের ক্ষেত্রে স্থাগিতাদেশ জারি করে। হাইকোর্টের স্থগিতাদেশ থাকলেও প্রভাব খাটিয়ে একাধিক স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে একটি মহল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমেদ খান জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় মুহুরী নদী থেকে বালু উত্তোলন অবৈধ। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।