পরশুরামে এক মাসে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে এক মাসে পৃথক তিনটি খুনের ঘটনা ঘটেছে। গত ২৫ জুন তৃতীয় শ্রেণীর ছাত্রী পারভীন আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যা করা হয়। গত ২৩ জুন যৌতুকের জন্য স্বামী পিটিয়ে হত্যা করে গৃহবধূ কাজল আক্তারকে। ৬ জুন শ্বশুরবাড়ির লোকজনের হাতে খুন হন আহম্মদ উল্লাহ। তিনটি ঘটনায় মামলা হয়েছে।পারভীন হত্যা : গত ২৫ জুন বখাটেরা পারভিন আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার পরদিন পারভীনের মা নুর নাহার বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. মামুন নামের একজনকে আটক করে। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।কাজল হত্যা: যৌতুকের টাকা দিতে না পারায় গত ২৩ জুন পাষণ্ড স্বামী করিম উল্লাহ (৪৫) দুই সন্তানের জননী কাজল আক্তারকে পিটিয়ে হত্যা করেন। দুই দিন পর কাজলের মা বাদী হয়ে করিম উল্লাহকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এখনো করিম উল্লাহকে গ্রেপ্তার করতে পারেনি।মানিক হত্যা: গত ৬ জুন রাতে বিলোনিয়ায় আহাম্মদ উল্লাহ (২৫) মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ির লোকজন আহম্মদকে পিটিয়ে হত্যা করেন। পরদিন তাঁর বাবা হুদা মিয়া বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ স্ত্রী শাহেনা আক্তার (২৫) ও শাশুড়ি মায়েনা আক্তারকে (৫০) গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘জনবহুল এলাকায় দু-একটি ঘটনা ঘটতেই পারে। এটি আইনশৃঙ্খলার অবনতি নয়। আর দুটি ঘটনা পারিবারিক কলহকে কেন্দ্র করে। তারপর পুলিশ অপরাধীদের ধরতে তৎপর রয়েছে।’ পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘উপজেলায় এক মাসে তিনটি খুন ছাড়াও বিভিন্ন স্থানে চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক খারাপ হয়েছে। এ জন্য সমন্বয় সভায় পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’