পরশুরামে একতরফা প্রচারণায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৭০ জনের নাম উল্লেখ এবং এক হাজার ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের দায়ের করা এসব মামলায় গ্রেপ্তার হওয়ার ভয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় দেড় হাজার নেতা-কর্মী বর্তমানে এলাকাছাড়া। এ সুযোগে নির্বাচনী মাঠে একতরফা প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবসহ পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুদলের অন্তত ৩৫ জন আহত হন। হামলা ও ভাঙচুর হয় দুদলেরই কার্যালয়। ঘটনায় পরদিন বিএনপি পরশুরামে হরতাল আহ্বান করে। ওই দিন ছাত্রলীগ ও যুবলীগকর্মীদের হামলায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আহত হন।
এদিকে ৩ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় পরশুরাম থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসাআই) কামাল হোসেন বাদী হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবকে প্রধান আসামি করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৪১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং তিন শ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা দায়ের করেন। আরেকটি মামলায় ৬১ জনের নাম উল্লেখসহ ২৫০ জনকে আসামি করে মামলা করেন জেলা যুবলীগের সদস্য ইয়াসিন শরীফ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ৯১ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীন ৭৭ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেন। সব মামলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবকে প্রধান আসামি করা হয়েছে। আবু তালেব মুঠোফোনে অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ বিএনপির কোনো মামলা নেয়নি। উল্টো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের দায়ের করা চার মামলায় তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করছে। এ ছাড়া, ফেনী ও ফুলগাজী থেকে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা মাইক্রোবাস নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হুমকিধমকি দিচ্ছেন।
আবু তালেব আরও বলেন, ‘অজ্ঞাতনামা আসামিদের জায়গায় গ্রেপ্তার হওয়ার ভয়ে আমাদের প্রায় প্রায় দেড় হাজার নেতা-কর্মী এলাকাছাড়া হয়েছেন। এ সুযোগে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা একতরফা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, ‘ওরাই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করেছে। এমনকি আমার বাসভবনেও হামলা করেছে। কাজেই মামলা হওয়াটা স্বাভাবিক।’
পরশুরাম মডেল থানার উপপরিদর্শক বদরুল কবির পুলিশের একটি মামলাসহ মোট চারটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা পলাতক থাকায় মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির কোনো নেতা-কর্মীর পক্ষ থেকে মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।