পরশুরামে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ফেনীর পরশুরামে গত বুধবার বিকেলে পরশুরাম মডেল হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজিলাতুনেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মাসে শুরু হওয়া এই টুর্নামেন্টে পরশুরাম উপজেলার মোট ৪৮টি প্রাথমিক বিদ্যালয় থেকে বালক ও বালিকার ৯৬টি দল অংশ নেয়। ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ দিন বালক দলের দুটি ও বালিকা দলের দুটি খেলায় অংশ নেয়। খেলায় বালক দলের চ্যাম্পিয়ন হয়েছে বাউর খুমা কমিউনিটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ হয়েছে বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দলের চ্যাম্পিয়ন হয়েছে বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল, রানার্স আপ হয়েছে বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহাম্মদ খান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহেদা আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা রাসেদা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল করিম মজুমদার। খেলা শেষে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।