পরশুরামে ছাত্রদল ও ছাত্রলীগ চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। ছাত্রলীগের কমিটি চলছে সাত বছর আগে ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি থেকে। আর ছাত্রদলের কমিটি গঠিত হয় আট বছর আগে, ২০০৪ সালে।ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উভয় সংগঠনের কমিটির অধিকাংশ সদস্য বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন। অনেকের ছাত্রত্বও শেষ হয়েছে অনেক আগে। আবার কেউ কেউ কর্মসংস্থান উপলক্ষে চলে গেছেন দেশের বাইরে। দুই সংগঠনের অধিকাংশ নেতাই এখন বিবাহিত। বড় দুই দলের রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে এলাকার শীর্ষস্থানীয় নেতাদের ইশারায়। ছাত্রদল: পরশুরাম উপজেলা ছাত্রদলের কমিটি দীর্ঘদিন থেকে অনেকটা নিষ্ক্রিয় রয়েছে। ৭১ সদস্যের কমিটির মাত্র দু-তিনজন ছাড়া অন্যদের সাংগঠনিক কর্মকাণ্ডে তেমন দেখা যায় না। কমিটির অনেকে বিয়ে করে সংসারজীবনে এবং কেউ কেউ বিদেশে চলে গেলেও তাঁদের নাম কাগজপত্রে এখনো রয়ে গেছে।সূত্র জানায়, ২০০৪ সালে পৌরসভা প্রাঙ্গণে এক সভায় আবদুল আলিমকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের পরশুরাম উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের কয়েক দিনের মধ্যে মোস্তাফিজুর রহমান ভারতে চামড়া চোরাচালান করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং অস্ত্রসহ বিজিবির হাতে আটক হন। পরে জামিনে ছাড়া পেলেও রাজনীতি থেকে অনেকটা সরে যান তিনি। সহসভাপতি মহিউদ্দিন বিয়ে করে পরশুরাম বাজারে দোকান দিয়ে রাজনীতি থেকে অনেকটা দূরে সরে রয়েছেন। অপর সহসভাপতি মো. সামছু মিয়া ও মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মদ, সহসাংগঠনিক সম্পাদক নূর হোসেন এবং প্রচার সম্পাদক আহসান উল্লাহও রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয়। দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের বর্তমান কমিটির সবাই বিবাহিত এবং বেশির ভাগের একাধিক সন্তান রয়েছে। ছাত্রদলের সভাপতি আবদুল আলিম সংগঠনের দুরবস্থার কথা স্বীকার করে জানান, পরশুরাম উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির তিন-চারজন ছাড়া অন্যরা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় নেই। তিনি নিজেও বিয়ে করে আইন পেশায় নিয়োজিত হয়েছেন। ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির কমিটির বিশেষ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের পছন্দ-অপছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকে রাজনীতি থেকে দূরে সরে গেছেন। যোগাযোগ করা হলে আবু তালেব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নানা বাস্তবতার কারণে বিএনপি ছাড়া অন্য সংগঠনগুলোর নেতা-কর্মীদের সক্রিয় করা যাচ্ছে না। এতে আমার কোনো ভূমিকা নেই।’ ছাত্রলীগ: ছাত্রদলের মতো উপজেলা ছাত্রলীগের কার্যক্রমও চলছে আট বছরের পুরোনো কমিটি দিয়ে। তবে জ্যেষ্ঠ সংগঠন হিসেবে চিহ্নিত আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় থাকার কারণে ছাত্রলীগ কমিটির সদস্যরা অনেকটা সক্রিয় রয়েছেন বলে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি সলিয়া ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবদুর রসুল ওরফে স্বপনকে সভাপতি ও শফিকুল ইসলাম ওরফে মহিমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।দলীয় সূত্র জানায়, পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগ দলীয় কোন্দলের কারণে বিভক্ত হয়ে পড়লে এর প্র্রভাব পড়ে ছাত্রলীগের ওপরও। একটি উপদলের (গ্রুপ) নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম ওরফে বাদল ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার। অপর উপদলের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তাফা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। ছাত্রলীগ সভাপতি আবদুর রসুল আহাম্মদ ওরফে স্বপনও যোগ দেন ওই দলে। তবে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের দল দিন দিন চাঙা হয়ে উঠলে স্বপনকে দল থেকে বহিষ্কার করে সহসভাপতি মো. ইয়াছিন শরীফকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। তাঁর নেতৃত্বেই আট বছর ধরে চলছে উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। ছাত্রলীগের একাধিক নেতার অভিযোগ, বর্তমানে ভারপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতির চাচা কামাল উদ্দিন মজুমদার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁদের নিয়ন্ত্রণেই চলছে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি। তাঁরা না চাইলে নতুন কোনো কমিটিই হবে না।এ বিষয়ে কামাল উদ্দিন মজুমদার বলেন, ‘অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের উদ্যোগে কমিটি করবে। এতে আমার কোনো বাধা বা হস্তক্ষেপ নেই।’ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন শরীফ জানান, ‘ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতিসহ ১০ জনই বিবাহিত। বেশির ভাগ সদস্যের শিক্ষাজীবন শেষ। শিগগিরই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।’