পরশুরামে তিন ইউনিয়নে প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার তিন ইউনিয়নে আগামী ২ জুন ভোট গ্রহণ হবে। গত বুধবার ওই তিন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলো হচ্ছে—মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ।চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন—মির্জানগর ইউনিয়নে মো. নুরুজ্জামান (তালা), মো. ফোরকান উদ্দিন (দেয়ালঘড়ি), আমিনুর রহমান সরদার (দোয়াত-কলম), মো. আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ), আবুল হাশেম চৌধুরী (আনারস) ও মাওলানা নূর মুহাম্মদ (চশমা)। চিথলিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন (দেয়ালঘড়ি), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম (কাপ-পিরিচ), মো. আশ্রাফ উল্লাহ মজুমদার (আনারস), মমিনুর রহমান (দোয়াত-কলম) ও মো. আবদুল হাই (তালা)। বক্সমাহমুদ ইউনিয়নে ছয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন—জাকির হোসেন (আনারস), ইব্রাহিম খলিল (গরুর গাড়ি), বাহার উদ্দিন মজুমদার (তালা), মো. সাইফুল ইসলাম (দেয়ালঘড়ি), মো. আলী মর্তুজা পারভেজ (দোয়াত-কলম) ও মো. জাকির হোসেন চৌধুরী (কাপ-পিরিচ)। মির্জানগর ইউনিয়নে ১৩ হাজার ৮০, চিথলিয়া ইউনিয়নে ১৪ হাজার ৫১৯ ও বক্সমাহমুদ ইউনিয়নে ১৩ হাজার ৬৫১ জন ভোটার রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলার মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নে সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি।