পরশুরামে তিন নদী থেকে অবৈধ বালু উত্তোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের মুহুরী, কহুয়া, সিলোনিয়া এই তিনটি নদী থেকে চার বছর ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সরকারদলীয় স্থানীয় নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার কারণে বালুমহালগুলো ইজারা দেওয়া স্থগিত রয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ের হিসাব অনুযায়ী পরশুরামে সাতটি বালুমহাল থাকলেও বর্তমানে ৩০টি ঘাট তৈরি করে খনকযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। বালু বিক্রির জন্য নদীতে ট্রাক প্রবেশের সুবিধার্থে একাধিক স্থানে বেড়িবাঁধ কাটা হয়েছে।জানা যায়, ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি সাতটি বালুমহাল ইজারা দেওয়ার লক্ষ্যে স্থানীয় পত্রিকায় দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। কিন্তু ইজারা গ্রহণে আগ্রহী ব্যক্তিরা তার আগের বছরের চেয়ে কম দরে দরপত্র জমা দেওয়ায় জেলা প্রশাসক বালুমহালগুলি ইজারা দেননি। ওই সময় বালু উত্তোলনকারী নবারুণ বিল্ডার্সের স্বত্বাধিকারী অপু চৌধুরী উচ্চ আদালতে রিট করলে আদালত বালুমহালের ইজারা দেওয়ার ব্যাপারে স্থগিতাদেশ জারি করে। ফলে জেলা প্রশাসন পরবর্তী সময়েও বালুমহালগুলো ইজারা দিতে পারেনি। এর পর থেকে বালুমহালগুলো প্রশাসনের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। প্রতিবছর বালুমহালগুলো ইজারা দিয়ে জেলা প্রশাসনের প্রায় দুই কোটি টাকা রাজস্ব আয় হতো।জানা যায়, বালুঘাটের ইজারার ওপর স্থগিতাদেশ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ব্যবসার ভাগ নিয়ে সংশ্লিষ্ট অন্য নেতা-কর্মীদের বালু তোলার সুযোগ করে দিয়েছেন। ইজারাবিহীন মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে উপজেলা ভূমি কার্যালয়ের পক্ষ থেকে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি ও এপ্রিলের শুরুতে পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাঈন উদ্দিন সেলিমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। ২০১০ সালের ৯ জুলাই অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল ইসলাম মুহুরী নদীর বালুমহালে অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুহুরী নদীর বিলোনিয়া গ্রামে প্রধান ঘাট থেকে বালু তুলছেন পরশুরাম পৌরসভার সাবেক কাউন্সিলর মাঈন উদ্দিন ও তাঁর ভাই হাবিবুর রহমান, ইদ্রিস মজুমদার ও তাঁর ছেলে আবদুর রহিম। মুহুরী নদীর বাউরখুমা মাদ্রাসাসংলগ্ন ঘাটে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, মো. ফোরকান, মুহুরী নদীর ম্যানেজারবাড়ি-সংলগ্ন স্থানে আবদুল খালেক ও স্থানীয় ইউনিটি ক্লাবের সদস্যরা বালু তুলছেন। বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিরু চৌধুরী ও তাঁর ভাই রাসেল চৌধুরী এবং মুহুরী নদীর পশ্চিম পাশে কাউতলী গ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যান আলি আকবর ভূঁইয়া ও তাঁর ছেলে জাফর ভূঁইয়া, চিথলিয়া ইউনিয়নে কহুয়া নদীর অলকা নামক স্থানে ইয়াছিন শরীফ ও তাঁর ভগ্নিপতি আবু বক্কর ছিদ্দিক, জঙ্গলঘোনা কুণ্ডের পাড় নামক স্থানে চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সফিকুল ইসলাম প্রমুখ বালু তুলছেন। এঁরা সবাই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমদ খান বলেন, ‘যেহেতু ইজারা হয়নি, তাই উপজেলার বিভিন্ন বালুমহাল থেকে ২০০৮ সালের পর যে বালু উত্তোলন করা হয়েছে বা হচ্ছে তা অবৈধ।’ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার ইজারা ছাড়াই বালু তোলার কথা স্বীকার করে বলেন, ‘যেহেতু বালুমহালগুলো ইজারা দেওয়া হচ্ছে না তাই স্থানীয় নেতা-কর্মীরা মিলেমিশে বালু তুলছেন।’ পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরীও বালু তোলার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। মেয়র বালুমহালগুলো ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।