ফেনীর পরশুরামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি বাড়ি একটি খামার প্রকল্পে দরিদ্রদের বাদ দিয়ে দলীয় নেতা-কর্মীদের গরু দেওয়ার অভিযোগ উঠেছে। মাঠকর্মীদের তৈরি করা সম্ভাব্য সুবিধাভোগীর তালিকা অনুসরণ না করে উপজেলা আওয়ামী লীগের নেতাদের পছন্দের লোকজনকে গরু দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকে।উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের নিয়ম অনুযায়ী সম্পদ বিতরণে তালিকা তৈরির জন্য প্রতিটি গ্রামে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের ২০টি গ্রামে এক হাজার ২০০ জনকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে ৩০ জনকে গরু দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নিয়ম না মেনে নেতাদেরও গরু দেওয়া হয়েছে। ৩০ জনের মধ্যে প্রায় ২৫ জনই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা।জানা যায়, গত ২০ মার্চ সম্পদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। অনুষ্ঠানের সামনের সারিতে বসা এক নেতাও গরু পেয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।উপজেলার চিথলিয়া ইউনিয়নের দুটি গ্রামে পাঁচটি গরু বিতরণ করা হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা, উপজেলা যুবলীগ নেতা মো. শাহজাহান, ইউনিয়ন ছাত্রলীগ সদস্য মো. রহিম উল্যাহ গরু পেয়েছেন বলে জানা যায়।মির্জানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. গোরফান মজুমদার, সাধারণ সম্পাদক মো. ফিরোজ মজুমদার, ছাত্রলীগ নেতা আবুল হাশেমও সম্পদ পেয়েছেন। বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা একটি করে গরু পেয়েছেন।এ ছাড়া মোশারফ হোসেন, ফিরোজ আহাম্মদ, আকতার হোসেন, আলি আকবর, দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, নুরুল আমিন, লোকমান হোসেন, বজলের রহমান, মির কাশেম, মো. আজিম, বাসু দেব, মো. শাহ আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতা-কর্মী গরু পেয়েছেন বলে জানা যায়। তাঁদের কেউ কেউ আর্থিকভাবে বেশ সচ্ছল বলে জানা যায়। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাড়িতে লালন-পালন করার মতো কেউ না থাকায় গরু বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালউদ্দিন মজুমদার জানান, ‘যাঁরা গরু পেয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা থাকতেই পারেন। কারণ রাজনীতি করলেও তাঁরা আর্থিকভাবে দুর্বল। রাজনীতি করেন বলে কি তাঁরা সরকারি সুবিধা পাবেন না!’উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, উপজেলা সমন্বয় সভায় তৈরি করা তালিকা অনুযায়ী গরু বিতরণ করা হচ্ছে।দলীয় লোকদের দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান জানান, ‘নিয়ম অনুযায়ী গরু বিতরণ করা হচ্ছে, তবে কোন ব্যক্তি কোন দলের নেতা তা আমাদের জানা নেই।’