পরশুরামে দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার বিদ্যালয় ও মাদ্রাসাগুলো এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বোর্ডের নির্ধারিত ফি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা হলেও বিদ্যালয় ও মাদ্রাসাগুলো প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে আদায় করছে। ক্ষুব্ধ অভিভাবকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোচিংয়ের নামে এই টাকা আদায় করছে। জানা গেছে, উপজেলার ১৯টি বিদ্যালয় ও ১১টি মাদ্রাসায় কোরবানির ঈদের পর এসএসসি ও দাখিলের ফরম পূরণের কার্যক্রম শুরু হয়।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রত্যেক শিক্ষার্থীকে ফরম পূরণ বাবদ প্রতি বিষয়ের জন্য পরীক্ষার ফি ৭০ টাকা, ব্যবহারিক বিষয়ের জন্য ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০ টাকা, সনদ ফি ১০০ টাকা, স্কাউট-গার্লস গাইড ফি ১৫ টাকা ও শিক্ষাসপ্তাহ ফি পাঁচ টাকা দিতে হবে। সে হিসাবে পরীক্ষার ফি পূরণ বাবদ লাগে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। অথচ পরশুরাম উপজেলার সব বিদ্যালয় ও মাদ্রাসা ফরম পূরণের জন্য তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা করে আদায় করছে। রঞ্জন দেবনাথ নামের একজন অভিভাবক অভিযোগ করেন, তাঁর ছেলে পরশুরাম পাইলট হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। নির্বাচনী পরীক্ষায় সব বিষয় পাস করার পরও ফরম পূরণের জন্য চার হাজার টাকা করে দিতে হচ্ছে। এই টাকা তাঁর পক্ষে দেওয়া কষ্টসাধ্য হচ্ছে বলে তিনি জানান। পরশুরাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুর মুহাম্মদ জানান, তাঁদের বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রীর কাছ থেকে ফরম পূরণ বাবদ তিন হাজার ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা কোচিংয়ের জন্য নেওয়া হচ্ছে।পরশুরাম উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ফরম পূরণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা করে নেওয়ার কথা। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আাারিফ আহাম্মদ খান জানান, বোর্ডের নির্ধারিত ফির বাইরে কোনো প্রতিষ্ঠান বেশি টাকা নিচ্ছে কি না, তা জানা নেই।