পরশুরামে প্রার্থীর মোটর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বক্সমাহমুদ ইউনিয়নের প্রার্থী জাকির চৌধুরীর (কাপ-পিরিচ) সমর্থনে দেড় শতাধিক মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, জিপসহ অর্ধশত গাড়ি নিয়ে ইউনিয়নের সব গ্রামে শোভাযাত্রা করা হয়েছে ২০ মে। এ মোটর শোভাযাত্রায় গাড়ির হর্ন ও মাইকের উচ্চমাত্রার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনের নিয়মের তোয়াক্কা না করে বহিরাগত ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন ব্যক্তিদের দিয়ে এ শোভাযাত্রা করা হয়েছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে অভিযোগ করা হয়েছে। বক্সমাহমুদ ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় কেন্দ্রের নির্দেশে তৃণমূল নেতা-কর্মীদের ভোটে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী পরশুরাম উপজেলা আওয়ামী লীগ ১৯ মে তৃণমূল নেতা-কর্মীদের ভোট অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল পর্যায়ের ভোটে সাইফুল ইসলাম প্রথম ও জাকির হোসেন দ্বিতীয় হন। তবে ২০ মে বক্সমাহমুদ ইউনিয়নে আওয়ামী লীগের সভায় সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে সমর্থন দিয়ে ইউপি নির্বাচন থেকে সরে যান। তারপর থেকে বক্সমাহমুদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তৃণমূল নেতা-কর্মীদের সেই ভোটে জাকির চৌধুরী অংশ না নিলেও নিজেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলে প্রচারণা চালান ও ২০ মে এলাকায় শোভাযাত্রা বের করেন। জাকির চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার তাঁর সরকারি গাড়ি নিয়ে এবং দলীয় ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে এলাকায় শোভাযাত্রা করেছেন।বক্সমাহমুদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল অভিযোগ করেন, এলাকায় মোটর শোভাযাত্রা করে ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এতে ভোটের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। বহিরাগত ব্যক্তিদের দিয়ে শক্তি প্রদর্শন (শোডাউন) বন্ধ না করলে ভোটের সুষ্ঠু পরিবেশ থাকবে না।রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর জানান, ‘নির্বাচনের আগে এলাকায় মোটর শোভাযাত্রার কোনো নিয়ম নেই। বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’