ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া রেলওয়ের পরিত্যক্ত স্টেশনের একটি কক্ষ দখল করে ক্লাবঘর স্থাপন করা হয়েছে।বাউরখুমা ইউনিট ক্লাব নামে এই সংগঠনের সদস্যদের কাছে বিলোনিয়া ও আশপাশের এলাকার লোকজন অনেকটা জিম্মি হয়ে পড়েছেন। চোরাচালান ও মাদকব্যবসা নিয়ন্ত্রণই এই ক্লাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলে জানা গেছে।ক্লাবের সদস্য ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পৌর এলাকার বাউরখুমা গ্রামের কয়েকজন যুবক গত বছর জুন মাসে বাউরখুমা ইউনিট ক্লাব গঠন করেন। ক্লাবের মোট সদস্য ১৬ জন। তাঁদের অধিকাংশ স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে জড়িত। বিলোনিয়া রেলওয়ে স্টেশনের কক্ষে স্থাপিত ক্লাবটি ওই বছর ১৯ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্থলবন্দর এলাকার সব কাজ এখন চলছে এই ক্লাবের নিয়ন্ত্রণে। ক্লাবের সদস্যদের বাদ দিয়ে এলাকায় কোনো সালিস-বিচারের কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। মুহুরী নদীর অবৈধ বালু উত্তোলন, মাদকব্যবসা ও সীমান্তে চোরাচালানসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ক্লাবের সদস্যরা জড়িত। স্থানীয় সূত্র জানায়, মাদকব্যবসা ও চোরাচালানকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে একাধিকবার মারামারি ও মামলা-পাল্টামামলার ঘটনা ঘটেছে। পরশুরাম থানায় একাধিক মামলাসহ নানা অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে।জানা গেছে, চোরাচালানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে গত বছর অক্টোবরে সংগঠনের সাবেক সভাপতি শাহ আলমকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। এ নিয়ে শাহ আলম ক্লাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন গত বছর ৭ অক্টোবর। এতে উল্লেখ করা হয়, আসামিরা সবাই স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক চোরাচালানি ও সেবনকারী। কয়েকজন যুবক ক্লাবের নামে অবৈধ বালুমহাল থেকে আয়ের টাকা দিয়ে সীমান্তে চোরাচালানের কাজ করে যাচ্ছেন। আর এ খাতে লাভের দুই লাখ ৮০ হাজার টাকা দেওয়ার জন্য তাঁকে (শাহ আলমকে) ক্লাবে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।এদিকে হাসপাতালের চিকিৎ সা শেষ না হতে ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শিপন ক্লাবের আয়ের দুই লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে গত বছরের ২৪ অক্টোবর ফেনীর সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি মামলা করেন। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে রেলওয়ের তিনটি বড় গাছ কাটার অভিযোগেও ক্লাবের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে স্থানীয় রেলওয়ে কার্যালয়ের পক্ষ থেকে। উপজেলা ছাত্রলীগের সভাপতি এয়াছিন শরীফ ক্লাবের সদস্যদের স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘যাঁরা মাদক সেবন ও বিক্রিসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাঁরা নতুন কমিটি করার সময় বাদ যাবে।’ পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘আমরা মনে করেছিলাম তাঁরা (ক্লাবের সদস্যরা) রেলওয়ের ঘরটি লিজ নিয়েছে। তাই এটি উদ্বোধন করতে গিয়েছিলাম। পরে জানতে পারি ঘরটি অবৈধভাবে দখল করেছে।’ পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘উপজেলার মধ্যে বিলোনিয়া অত্যন্ত খারাপ জায়গা। এ এলাকায় প্রায় সময় কোনো না কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। তবে আমরা নজর রাখি।’ কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ক্লাবের নামে কেউ কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’