পরশুরামে ১৮০টি ইয়াবাসহ গ্রেপ্তার এক
ফেনীর পরশুরামে গত সোমবার গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসার সময় ১৮০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গ্রেপ্তার নাছির উদ্দিন (৩৫) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ডিএম সাহেবনগর গ্রামের আলী আহাম্মদের ছেলে। এ ব্যাপারে গত মঙ্গলবার সুবারবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবির হাবিলদার রেফায়েত উল্যাহ বাদী হয়ে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে আসার খবর পেয়ে রাত ১২টার দিকে সুবারবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা নাছির উদ্দিনকে (৩৫) আটক করেন। এ সময় আবদুল খালেক নামে নাছিরের এক সহযোগী পালিয়ে যান।ফাঁড়ির হাবিলদার রেফায়েত উল্যাহ জানান, একটি চক্র কিছুদিন ধরে ভারত থেকে ইয়াবা বড়ি এনে দেশে পাচার করে আসছে। মঙ্গলবার সকালে পরশুরাম থানাহাজতে নাছির উদ্দিন এ প্রতিবেদককে জানান, তিনি বড়িগুলো ঢাকার মালিবাগে নেওয়ার উদ্দেশ্যে ভারত থেকে এনেছিলেন। তাঁর সঙ্গে আবদুল খালেক নামের এক সহযোগী ছিলেন।