পরস্পরবিরোধী অবস্থানে প্রশাসন ও ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা দূর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী ছাত্রলীগের নেতা-কর্মীরা পরস্পর বিরোধী অবস্থান নেওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন। দুই পক্ষকে ছাড় দিয়ে এক টেবিলে বসানো সম্ভব হলে অচলাবস্থা কেটে যেতে পারে বলে কেউ কেউ মনে করছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেললাইনের ওপর ১৫ এপ্রিল রাতে ফতেহপুর গ্রামের দুর্বৃত্তদের হাতে বিবিএ হিসাববিজ্ঞানের ছাত্র মো. আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরদিন ১৬ এপ্রিল বিকেলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই হত্যাকাণ্ডের জের ধরে ছাত্রলীগ ২০ এপ্রিল থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে। ফলে পুরো ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়েছে। আসাদ খুন হওয়ার আগে রাজনীতিবিজ্ঞানের এএএম মহিউদ্দীন ও বিবিএ মার্কেটিং বিভাগের হারুন-অর-রশিদ ওরফে কায়সার নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই ছাত্র একই কায়দায় খুন হন। অথচ আগের দুই হত্যাকাণ্ডের কোনো আসামি ধরা পড়েনি। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সচল করতে জেলা পুলিশ প্রশাসন ছাত্রলীগের কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেছে। গত রোববার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বৈঠকে ছাত্রলীগের সাত-আট কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাঁরা নেতৃস্থানীয় কেউ নয়। অবরোধ প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যও তাঁদের নেই। ফলে ওই বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বৈঠক সফল হয়েছে বলে মনে করেন। তিনি বলেন, বৈঠকে উপস্থিত ছাত্রলীগের প্রতিনিধিরা ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি ও শাটল ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। ছাত্রলীগের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকের কোনো প্রভাব পড়েনি ক্যাম্পাসে। ক্যাম্পাস আগের মতোই অচল রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা প্রসঙ্গে উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনকারীরা ছিনতাইকারী ও সন্ত্রাসী। তারা ছাত্র নয়। তাদের সঙ্গে আমি বৈঠকে বসব না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কেউ আন্দোলন করলে আমি তাদের সঙ্গে বসতে পারি।’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজী মাজহারুল ইসলাম উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের পক্ষে থাকলে মেধাবী, আর বিপক্ষে গেলে তিনি সবাইকে মাদকাসক্ত ও অছাত্র ভাবতে থাকেন। উনি নাকি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। এই মনমানসিকতা নিয়ে তিনি কীভাবে ক্যাম্পাস চালাবেন?’ উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘এই উপাচার্য ব্যর্থ। তাঁর পদত্যাগ ছাড়া ছাত্রলীগ অন্য কিছু মেনে নেবে না।’এরশাদ আরও বলেন, ‘উপাচার্য এখন আমাদের নেতা-কর্মীদের চরিত্র হনন করে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন। এতে লাখ লাখ টাকা খরচ হচ্ছে। অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে টাকার অপচয়ের দায়ভার তো তাঁকে নিতে হবে।’ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নানা অঘটনের সঙ্গে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা জড়িত। তাঁদের নিয়ন্ত্রণের জন্য যোগ্য নেতারও অভাব আছে। কেউ কারও কথা শোনেন না। ফলে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, যার জন্য ছাত্রলীগের কিছু নেতা-কর্মী দায়ী বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্যাম্পাস সচল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের এক টেবিলে আনতে হবে। উভয়পক্ষকে একগুঁয়েমি পরিহার করতে হবে। নইলে এই অচলাবস্থা নিরসনের কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, পুলিশ দিয়ে, ট্রেন ও বাস চালিয়ে ক্যাম্পাস সচল করা যায় না। বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা রাজনৈতিক। তা সমাধানও করতে হবে রাজনৈতিকভাবে। এ জন্য আন্দোলকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমঝোতা বৈঠক হতে হবে। ওই শিক্ষক আরও বলেন, ‘ছাত্রত্ব থাকুক আর নাই থাকুক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে উপাচার্যকে বসতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়েই তো তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁদের ছাত্রত্ব নিয়ে উপাচার্যের প্রশ্ন অবান্তর এবং তা ক্যাম্পাসের চলমান সমস্যা আরও দীর্ঘায়িত করবে বলে আমি আশঙ্কা করছি।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি নাম প্রকাশ না করে প্রথম আলোকে প্রশ্ন করেন, ‘ছাত্রলীগের সবাই কী চাঁদাবাজ ও সন্ত্রাসী? তাহলে উপাচার্য কেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডাকছেন না? ১৯ হাজার শিক্ষার্থীর মঙ্গলের কথা চিন্তা করে উপাচার্যের উচিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতার সঙ্গে সমঝোতা বৈঠকে বসা। অতীতেও নানা কারণে বিশ্ববিদ্যালয়ে অবরোধ পালিত হয়েছে। তত্কালীন উপাচার্যেরা ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তখন তো উপাচার্য প্রশ্ন তোলেননি যে, অমুকের ছাত্রত্ব না থাকলে আমি বসব না।’ সমাজতত্ত্ব বিভাগের ছাত্র রফিকুল আলম অচলাবস্থার জন্য উপাচার্য ও ছাত্রলীগকে সমানভাবে দায়ী করেন। তিনি বলেন, ‘প্রয়োজনে ছাত্রদের আন্দোলনে ব্যবহার করা হবে। প্রয়োজন শেষ হয়ে গেলে তাঁদের সন্ত্রাসী ও ছিনতাইকারী অভিহিত করা হবে। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন।’রফিক ছাত্রলীগের নেতা-কর্মীদের সমালোচনা করে বলেন, ‘শিক্ষকদের কথায় তাঁরা কেন আগে আন্দোলন করেছেন? এখন ছাত্রত্ব হারিয়ে এবং ফৌজদারি মামলায় জড়িয়ে মজাটা তাঁরা বুঝুক। যে শিক্ষক আন্দোলনে নামিয়েছেন ওই শিক্ষক তো ছাত্রলীগের নেতা-কর্মীদের এখন সন্ত্রাসী বলছেন।’অচলাবস্থা দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের তাগিদ দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রলীগের ব্যানার বা এর বাইরে যারা সন্ত্রাস করে যাচ্ছে তাদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে। ছাত্র নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে না বলে অনেকে মনে করেন। এজন্য পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করারও তাগিদ দেন সংশ্লিষ্ট লোকজন।