পরস্পরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পেশিশক্তি প্রদর্শন, প্রতিপক্ষের ওপর হামলা, মোটরসাইকেলে শোভাযাত্রা ও কৌশলে জনসভাসহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইতিমধ্যে একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। ২৫ জুন বোয়ালখালীর সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা গঠন-প্রক্রিয়ার কারণে তিন ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।অভিযোগে জানা যায়, উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি এলাকায় সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয় দেখানো হয়েছে। ১৭ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনছুর আহমদ ও হামিদুল হকের সমর্থকদের মধ্যে এ রকম একটি ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরকে দায়ী করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। এদিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে বিএনপি ঘরনার চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল্লাহর মাইক ভেঙে প্রচারণায় বাধা দেওয়া ও কর্মীদের মারধর করার অভিযোগে ১৯ জুন আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এভাবে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে চলছে বিভিন্ন এলাকায়। করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল হক অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনছুর আহমদ সংখ্যালঘু এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয় দেখানোর উদ্দেশে গুলিবর্ষণ এবং গোয়ালঘর ও কাচারিঘর ভাঙচুর করেছেন। অন্যদিকে মনছুর আহমদ অভিযোগ করেন, ওই এলাকায় তিনি গণসংযোগ করার সময় হামিদুল হক সদলবলে তাঁকে প্রচারণায় বাধা দেন এবং সমর্থকদের ওপর গুলি ছোড়েন। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল্লাহ অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাঁকে প্রচারণায় বাধা দেওয়ার পাশাপাশি সমর্থকদের ভয় দেখাচ্ছেন। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজিজুল হকের অভিযোগ, তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাঁর সমর্থকদের বাড়িতে পুলিশ পাঠিয়ে বাড়িছাড়া করা হচ্ছে। রাতে কর্মী-সমর্থকেরা বাড়িতে থাকতে পারছেন না। বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গণসংযোগ আর প্রচারণায় চলছে শোডাউন আর মিছিল। পথসভার নামে কৌশলে করা হচ্ছে জনসভা। প্রার্থীর কর্মী-সমর্থকেরা গণসংযোগ করছেন কয়েক শ লোক নিয়ে। মিছিল শেষে হচ্ছে পথসভা। কর্মী-সমর্থকেরা আগে মিছিল করে লোক জড়ো করেন। পরে প্রার্থী গিয়ে হাজির হয়ে বক্তব্য দিয়ে তাড়াহুড়ো করে সভা শেষ করেন। এ অভিনব কৌশল বেশি হচ্ছে পাহাড়ি এলাকা আমুচিয়া, শ্রীপুর-খরণদ্বীপ, আহলা-করলডেঙ্গা ও চরণদ্বীপ ইউনিয়নে। অন্য ইউনিয়নগুলোতেও প্রচারণার নামে কয়েক শ লোক নিয়ে চলছে গণসংযোগ। চলছে আপ্যায়নের ব্যবস্থা। অথচ আচরণবিধিতে এসব নিষিদ্ধ রয়েছে। আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মান্নান অভিযোগ করেন, ‘আচরণবিধির তোয়াক্কা করছেন না ধনাঢ্য প্রার্থীরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মতবিনিময় সভায় আচরণবিধি মেনে চলার আহ্বান জানালেও অধিকাংশ প্রার্থী তা মানছেন না।’ জানা গেছে, নির্বাচনের প্রধান সমন্বয়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলসাদ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেয়াল ও যানবাহনে পোস্টার লাগানোর দায়ে কয়েকজন চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদপ্রার্থীদের কাছ থেকে ১৮ জুন পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। তিনি বলেন, ‘মিছিল-শোডাউন সামনে পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ কধুরখীল উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন বলেন, ‘প্রশাসনের অভিযানের কারণে যানবাহন ও দেয়ালে পোস্টার লাগানো বন্ধ হয়েছে। আইন প্রয়োগে আরও কঠোর হলে প্রার্থীরা ধীরে ধীরে আইন মানতে বাধ্য হবেন।’