পরাজয়ের ইতিবাচক দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্রিকেটে পরাজয়ের পরও অনেক ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করেন অধিনায়ক। নিঃসন্দেহে সেটা বেশ কষ্টকর। তাই পরাজয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরে অধিনায়কের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রস+আলো।

আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বৃদ্ধি
অন্যান্য দল বাংলাদেশে এসে আমাদের পরাজিত করলে কেমন লাগে? এই কষ্ট আমাদের চেয়ে আর কে ভালো বোঝে! অন্য দেশে অতিথি হিসেবে খেলতে গিয়ে তাদের পরাজিত করে এলে তা আমাদের জাতীয় সুনামকে ক্ষুণ্ন করত। তাই বাংলাদেশ অত্যন্ত বিনয়ী অতিথি হিসেবে নিয়মিত পরাজিত হয়ে অন্য দেশে নিজেদের সুনাম বৃদ্ধি করছে। জাতীয় সুনামের চেয়ে তো আর খেলার জয়-পরাজয় বড় না, নাকি?

বিশ্ব ক্রিকেটে সফল খেলোয়াড় উপহার

বাংলাদেশের বিপক্ষে খেলার মাধ্যমে অন্য দেশের খেলোয়াড়েরা নতুন নতুন সব ব্যক্তিগত রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। এতে বিশ্ব ক্রিকেটের উন্নতি হচ্ছে। এই উদীয়মান খেলোয়াড়েরা বিখ্যাত হয়ে গেলে নিশ্চয়ই বাংলাদেশকে মনে রাখবেন। দলীয় স্বার্থের চেয়ে তাই ক্রিকেট খেলার সামগ্রিক উন্নতির দিকেই বাংলাদেশের খেলোয়াড়েরা অধিক মনোযোগী। এ জন্যই কবি বলেছিলেন, আমি চিরতরে হেরে যাব তবু আমারে দেব না ভুলিতে।

সমর্থকদের আশা জিইয়ে রাখা

কত দিন ধরে সমর্থকদের আশা—বাংলাদেশ একটা ম্যাচ হলেও জিতবে! জি বাংলার কতগুলো সিরিয়ালও শেষ হয়ে গেল, তবু জয়ের আশা মিটল না। এক ম্যাচ জিতলেই তো সেই আশা শেষ হয়ে যাবে। এত সহজে বাংলাদেশ দল সেই আশা মেটাতে চায় না। তাই একের পর এক পরাজয়ের মাধ্যমে সমর্থকদের সেই মহামূল্যবান আশা যত দিন সম্ভব জিইয়ে রাখছেন ক্রিকেটাররা, সঙ্গে বিসিবি।

ব্যর্থতার রেকর্ড গড়ার সুযোগ

ক্রিকেটে আনন্দ আছে, আছে রেকর্ডও। তবে এতে সাফল্যের অধিকাংশ রেকর্ডই অন্য দলগুলোর দখলে। ব্যর্থতার অনেক রেকর্ডই এখনো গড়া হয়নি। সুতরাং সামনে দিয়ে এগোনো না গেলেও পেছন দিক থেকে এগোনোর পদ্ধতিটাও খারাপ নয়। ব্যর্থতার রেকর্ডগুলো গড়ে যদি কোনোভাবে রেকর্ড বইয়ে স্থান পাওয়া যায়, সেটাই বা মন্দ কী!

হার–জিত হোক যথাতথা রেকর্ড গড়াই বড় কথা।

লোডশেডিংয়ের মাত্রা হ্রাস

বাংলাদেশ দল জিততে থাকলে দেশের প্রায় সব মানুষ খেলা দেখতে বসে যায় টিভির সামনে। এতে দেশে প্রচুর বিদ্যুৎ​ দরকার হয়। এ জন্য খেলা চলার সময় প্রচুর লোডশেডিংও হয়। এ ছাড়া এখন তো এমনিতেই লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ! তাই এমন অবস্থায় বাংলাদেশের একের পর এক পরাজয় জনজীবনের জন্য অবশ্যই ইতিবাচক!