
দুনিয়াজুড়ে শোরগোল এখন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক নিয়ে। এই নতুন প্রেসিডেন্টের অভিষেকের মাত্র আধা ঘণ্টা আগে ছোট এক কাণ্ড ঘটে যুক্তরাষ্ট্রে। সেটা হয়েছে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে। কারণ, তাঁর ছবি জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের এক ব্যতিক্রমধর্মী জাদুঘরে। এই জাদুঘরের নাম ‘দে অলসো র্যান’। এখানে মার্কিন নির্বাচনে পরাজিত প্রার্থীদের আলোকচিত্র ও জীবনবৃত্তান্ত সংরক্ষণ করা হয়! এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট স্টেট ব্যাংকের দ্বিতীয় তলায় অবস্থিত।
জাদুঘরের প্রতিষ্ঠাতা ফার্স্ট স্টেট ব্যাংকের স্বত্বাধিকারী উইলিয়াম ওয়াল্টার রুজ। তিনি ১৯৪৩ সালে আরভিন স্টোনের লেখা দে অলসো র্যান বইটি পড়ে এমন জাদুঘর প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেয়েছেন। বইটিতে ছিল হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে পরাজিত ১৯ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর জীবনবৃত্তান্ত।
১৯৬৩ সাল থেকে রুজ সংগ্রহ করেছেন কয়েক ডজন পরাজিত প্রার্থীর ছবি। এই ছবিগুলো সেই প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ তাঁর ব্যতিক্রমধর্মী জাদুঘরের গ্যালারিতে জায়গা করে নিয়েছে এবং এই সংগ্রহের ধারা তিনি অব্যাহত রেখেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এখন তাঁর অনুপস্থিতিতে ব্যাংকের কর্মকর্তারা গ্যালারিটি পরিচালনা করছেন।
গ্যালারির তত্ত্বাবধায়ক লি এন শিয়ারার বলেন, ‘আমরা কাউকে ব্যঙ্গ কিংবা তাচ্ছিল্য করছি না। এটি শুধু যাঁরা পরিশ্রম করেছেন ও দেশকে ভালোবেসেছেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করার একটি প্রচেষ্টা মাত্র।’
এখন পর্যন্ত জাদুঘরে স্থান পেয়েছে ৬০ জন পরাজিত প্রার্থীর ছবি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো যাঁরা স্থান পেয়েছেন, এখন পর্যন্ত তাঁদের কেউই জাদুঘর পরিদর্শনে আসেননি। তবে জাদুঘরের কর্তাব্যক্তিরা হাল ছাড়েননি। তাঁরা মনে করেন, একদিন নিশ্চয় তাঁদের কেউ না কেউ ঘুরতে আসবেন। সূত্র: ইয়াহু নিউজ